সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘একঘরে’ ইমরান খান, পাকিস্তানের মিডিয়ায় উধাও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই একমাত্র প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারান। তবে এজন্য তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, বর্তমান ক্ষমতাসীন সরকার ও বিদেশি শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। যদিও পরবর্তীতে দায়ীয় তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেন।

ক্ষমতা হারিয়ে পাকিস্তানের প্রধান প্রধান শহরে একের পর এক বিশাল বিশাল র‍্যালি করেন। সেখানে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ বিভিন্ন সামরিক কর্মকর্তাকে একহাত নেন। গত বছরের শেষ নাগাদ তার ওপর যে হত্যাচেষ্টার হামলা হয়-এজন্য তিনি দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা, বর্তমান প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতাদের দায়ী করেন।

এরপর চলতি বছরের গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আকস্মিকভাবে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুইদিনের মাথায় জামিনে তিনি মুক্তি পান তার গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। পিটিআই সমর্থকরা দেশজুড়ে-বিশেষ করে সামরিক স্থাপনায় তাণ্ডব চালান। যদিও ইমরান খান দাবি করেছেন, তার সমর্থকরা এ কাজ করেননি। এরপর ইমরান খানের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু হয়। পিটিআই থেকে প্রায় একশ নেতা পদত্যাগ করেছেন।

পিটিআই প্রধান অভিযোগ করেছেন, সেনাবাহিনীর অস্ত্রের মুখে নেতারা তার দল থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এদিকে সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম থেকে গায়েব হয়েছেন ইমরান খান। গত সপ্তাহে ইমরান খানের নাম বা ছবি দেশটির মিডিয়ায় নেই বললেই চলে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ মে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা পাকিস্তানের সংবাদ চ্যানেলগুলোর জন্য একটি নির্দেশিকা পাঠায়। যেখানে ৯ই মে এর ঘটনার কথা উল্লেখ করে সংবাদ চ্যানেলগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় ঘৃণা ছড়ায় এমন বক্তব্য যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ দিয়ে থাকেন তাদের বিষয়ক যেকোন সম্প্রচার থেকে যাতে চ্যানেলগুলো বিরত থাকে।

খবরে বলা হয়েছে, ওই নির্দেশিকার কোথাও ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু বিবিসি বেশ কয়েকটি টিভি স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, চ্যানেলে খুব পরিষ্কার ভাষায় বার্তা পাঠানো হয়েছে যেন ইমরান খানের নাম উল্লেখ করা যাবে না, তার ছবি প্রচার করা যাবে না, তার কণ্ঠস্বর শোনানো যাবে না এমনকি চ্যানেলের টিকারেও এরকম কিছু উল্লেখ করা যাবে না।

ইমরানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা হয়
কর্মকর্তারা আরও জানান, যদি তাকে উল্লেখ করাটা একান্তই দরকার হয় তাহলে ইমরানকে শুধু তার পদবী দিয়ে উল্লেখ করা যাবে, আর সেটি হচ্ছে তার দল পিটিআই এর চেয়ারম্যান।

দুইটি সূত্র বিবিসিকে বলেছে, তারা তাদের টিভি স্টেশনের মালিকের সাথে সরাসরি কথা বলেছেন। তারা জানিয়েছেন, চ্যানেলের মালিকদেরকে সামিরক এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কী চায়।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান টিভিতে কাজ করেন এমন একজন জানান, তাদেরকে বলা হয়েছে, তার নাম রয়েছে এমন কোন খবর প্রকাশ বা প্রচার করা যাবে না এবং এরপরেও যদি আপনি সেটি করেন তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।

এনিয়ে বিবিসি পাকিস্তানের সামরিক বাহিনীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো উত্তর মেলেনি। তবে পেমরার মহাপরিচালক নির্দেশিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইমরান খানের নাম উল্লেখ না করার মতো কোন নির্দেশনা চ্যানেলগুলোকে দেওয়া হয়নি।

এদিকে এরই মধ্যে খবর চাউর হয়েছে ইমরানের দলত্যাগী নেতারা নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। সেনাবাহিনীর মদতে ২০১৮ সালে ক্ষমতায় আসা ইমরান খান দেশটির শক্তিশালী বাহিনীর সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা হারিয়ে যে মাথা চাড়া দিয়ে আর উঠতে পারবেন না বলে ধারণা বিশেষজ্ঞদের। ইতোমধ্যে তিনি যে একঘরে হয়ে পড়েছেন তা বলতে দ্বিধা নেই।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী