শিক্ষা গ্রহণ না করায় বাড়ছে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিস্ফোরণ ও অগ্নিকা- বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনক হারে। এমন ঘটনা থেকে শিক্ষাগ্রহণ না করা, সতর্ক না হওয়া এবং তদন্তের সুপারিশ পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এমনটি হচ্ছে। প্রতিটি অগ্নিকা-ের পরপরই একাধিক সংস্থা তদন্ত কমিটি গঠন করে। শুরু হয় নানারকম আলোচনা। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির হিসাব ও বেশকিছু সুপারিশ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায়। কিন্তু মাস ঘুরে বছর যায়, সেই সুপারিশ আর বাস্তবায়ন হয় না। গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘অগ্নিকা- ও বিস্ফোরণজনিত দুর্ঘটনা : নাগরিকের মানবাধিকার প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, রাজধানীসহ সারাদেশে ভবন-ইমারত পরিদর্শন কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ১৫৯৫টি পরিদর্শন করা ভবনের মধ্যে সন্তোষজনক ভবনের সংখ্যা মাত্র ২৪টি। বাকিগুলোর মধ্যে ৬৭৪টি অতি ঝুঁকিপূর্ণ ও ৮৯৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৪টি বাদে সব ভবন মালিককে নোটিশ করা হয়েছে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান, ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নারায়ণচন্দ্র সরকার, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে কমিশনের চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় একের পর এক অগ্নিকা-ের ঘটনা ঘটলেও বেশির ভাগ ক্ষেত্রেই মামলা হয়নি। আবার দু-একটি ক্ষেত্রে মামলা হলেও সাজার কোনো নজির নেই! অধিকাংশ ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞদের মতে, বড় অগ্নিকা-ের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন ফাইলবন্দি থেকে যায় বছরের পর বছর। কমিটির সুপারিশগুলো বেশিরভাগ ক্ষেত্রে আলোর মুখ দেখে না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং সুপারিশমালা বাস্তবায়িত না হওয়ায় নাশকতাকারীরা উৎসাহিত হয়। আমাদের দেশে নাশকতা নতুন কিছু নয়। কমিশন মনে করে, অগ্নিনির্বাপণে শুধু দমকল বিভাগই নয়, পানি-গ্যাস-বিদ্যুৎ পরিসেবা দানকারী প্রতিষ্ঠান, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তরসমূহের সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এসব বিভাগ সমন্বিতভাবে অগ্নিকা- ও বিস্ফোরণ মোকাবিলায় একটি রূপরেখা তৈরি করে সে অনুসারে অগ্নিনির্বাপণ কর্মকা- সমন্বয় করতে কেন ব্যর্থ হচ্ছে সেটি বিশ্লেষণ প্রয়োজন। প্রতিষ্ঠান ও দপ্তরসমূহের সমন্বয়হীনতার বলি হচ্ছে কতগুলো তাজা প্রাণ, এ থেকে উত্তরণ আবশ্যক।
অতীতের নানা অগ্নিদুর্যোগ, হতাহত, সমন্বয়হীনতা এবং নানা অসঙ্গতি তুলে ধরে প্রবন্ধে বলা হয়, চলতি বছরের ৪ এপ্রিল বঙ্গবাজারের শপিং কমপ্লেক্সে প্রায় ৫ হাজার দোকান পুড়ে গিয়েছে। ১১ এপ্রিল চকবাজারের বিসমিল্লা টাওয়ারের পাশে বহুতল ভবনের চতুর্থ তলায় সিরামিক ওয়ার হাউস ভস্মীভূত হয়েছে। ১৩ এপ্রিল নবাবপুরের মোহাম্মাদিয়া মার্কেটে ২০টি দোকান ও ওয়ার হাউস পুড়ে গিয়েছে। ১৫ এপ্রিল ঢাকা নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে প্রায় ৩শ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি ঈদের পূর্বে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ২২টি স্থানে আগুন লেগেছে। আমাদের বসবাসের এলাকাগুলো এখন হয়ে দাঁড়িয়েছে মৃত্যুঝুঁকিপূর্ণ। সড়ক-ফুটপাত, মসজিদ-উপাসনালয়, আবাসিক ভবন, শিল্প কারখানার, বাণিজ্যিক ভবন বিপণি-বিতান কিংবা খাবারের রেস্টুরেন্টÑ কোনো স্থানই আর আমাদের জন্য অগ্নি ও বিস্ফোরণের ঝুঁকি হতে নিরাপদ নয়। সর্বত্র আহাজারি, হাহাকার আর বিপন্ন মানুষের উন্মাদনা। অগ্নিকা- ও বিস্ফোরণের ঘটনাগুলো এখন আর দৈবদুর্বিপাক হিসেবে থাকছে না। নাগরিক সুবিধা নিশ্চিতকরণের জন্য সরকার কর্তৃক বিশেষায়িত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেসব প্রতিষ্ঠানের গাফিলতিতে, অদক্ষতা আর খামখেয়ালিপনায় হারিয়ে যাচ্ছে অনেক প্রাণ।
বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের নগর এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনের নিয়ন্ত্রণহীন মিশ্র ব্যবহারের কারণে একই ভবনের বিভিন্ন তলায় খাবারের রেস্টুরেন্ট, রাসায়নিক বা বিভিন্ন দাহ্য বস্তুর গুদাম, শিল্পকারখানা ও আবাসিক বসবাস। সব মিলিয়ে যে কোনো মুহূর্তেই অগ্নিকা-ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির ভয়ানক আশঙ্কা রয়েছে। বিগত বছরগুলোতে জলাশয়-জলাভূমি ভরাট করে ভবন নির্মাণ হয়েছে। নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে না। কিছু ঘটনায় দেখা গেছে, মূল নকশা পরিবর্তন করে বিপণি-বিতান সম্প্রসারণ করা হয়েছে। অধিকাংশ বিপণি-বিতানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বলে কিছু নেই। ভবনের ভেতরেও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ওয়ারিং, যত্রতত্র মালামাল রয়েছে এবং ভবনের চারদিকে ফুটপাতে বসেছে অসংখ্য দোকান, সেখানে উন্মুক্ত অবস্থায় বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। বৈদ্যুতিক তার ঝুলে আছে যেখানে-সেখানে। এ কারণে আগুন লাগলে দ্রুততম সময়ে পুরো ভবনে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকছে। ঢাকা ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ অংশের দুটি মালিক সমিতিকেই এসব বিষয় অবগত করে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ ও নির্দেশনা বাস্তবায়নে তাদের কোনো উদ্যোগ নেই। মালিকরাও এসব ক্ষেত্রে উদাসীন।
অপরদিকে ভবনে নিরাপদ বসবাস নিশ্চিত করতে গ্যাস, পানি, বিদ্যুৎ, এসি, ড্রেনেজ, সুয়ারেজ প্রভৃতি পরিসেবার সংযোগ ও নেটওয়ার্ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা অত্যাবশ্যক। ভবন মালিক ও বসবাসকারীদের নিয়মিত রক্ষণাবেক্ষণের এবং সেবা সংস্থাগুলোর নিয়মিত তদারকির অভাবের ফলে ভবনে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্যোগ-অগ্নিকা- ও বিস্ফোরণের আশঙ্কা তৈরি হচ্ছে। এসব বিষয় নাগরিক জীবনে স্বস্তির বদলে যোগ করেছে শঙ্কা, ভীতি আর উদ্বেগ। ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরির চার বছর পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর ৫৮টি বিপণি-বিতানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব মার্কেটে অগ্নিনিরাপত্তা আইন মানার ক্ষেত্রে চরম অবহেলা দেখা গেছে। ২০১৮ সালে রাজধানীর ১৫১৭টি মার্কেট ও শপিং মল, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে জরিপ চালানো হয়। এর মধ্যে ১৪৬৩টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস মনে করে, তাদের কাজ সচেতনতা বৃদ্ধি করা, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা, এর পর সচেতন করতে তারা ব্যানার টানিয়ে দেয়। ভবন মালিক ব্যবস্থা না নিলে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও রাজউককে জানায়। যে প্রতিষ্ঠান ভবন নির্মাণের অনুমতি দেয়, তাদেরই আইন প্রয়োগ করার কথা। আইন অমান্য করা হলেও ফায়ার সার্ভিস কারও ওপর জোর করতে পারে না। তাই ফায়ার সার্ভিস আইনেরও সংশোধন প্রয়োজন বলে মানবাধিকার কমিশন মনে করে।
মূল প্রবন্ধে ড. কামাল উদ্দিন আহমেদ আরও জানান, সায়েন্স ল্যাব এবং গুলশানের বিস্ফোরণজনিত দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন, ১৫০ জন আহত হয়েছেন। মগবাজার বিস্ফোরণের ঘটনায় পুলিশ উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে। বিস্ফোরণের বিষয়ে তদন্ত কর্মকর্তারা বলেন, পরিত্যক্ত লাইনের বের হওয়া গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে। বিশেষজ্ঞের মতে, যদি লিকেজ থেকে বের হওয়া গ্যাস কোনা একটি বদ্ধ স্থানে বা পকেটে সঞ্চিত হয় এবং এর ঘনত্ব যদি শতকরা পাঁচ ভাগের ঊর্ধ্বে হয়Ñ তা হলে একটি বিস্ফোরণ ঘটতে পারে। ঢাকা শহরের সাম্প্রতিক বিস্ফোরণগুলো এভাবেই হয়েছে। কমিশন মনে করে, দেশে বিদ্যমান প্রায় ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অগ্নিকা- ও বিস্ফোরণ নিয়ে পাঠ্যসূচি থাকা আবশ্যক। ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট’ বা ‘ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং’ শিরোনামে পৃথক কোর্স চালু করা গেলে অগ্নিকা-, বিস্ফোরণ ও সমজাতীয় ঘটনার কারণ অনুসন্ধান সহজে সম্ভব হবে। অগ্নিকা- ও বিস্ফোরণের মতো দুর্বিপাকে দেশের উচ্চ শিক্ষায়তন ও প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গবেষণা ও বৈজ্ঞানিক অনুশীলনের প্রয়োজন রয়েছে।
সবই আছে কিন্তু জাস্টিস নাই
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টারের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, পুড়ে যাওয়ার পর আমরা দৌড়ঝাঁপ করছি। অথচ নোটিশ করা হয়েছিল। আমরা খুব সাংঘাতিক রকম সাকসেস হতে চাই। তবে সেটা ফিন্যান্সিয়ালি। এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের নিয়ম মানতে রাজি নই। ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, বন্ধ করতে বলেছে; এর পরও শুধু লাভের আশায় আমরা বন্ধ না রেখে ব্যবসা করে যাচ্ছি। যে কারণে রিস্ক সোসাইটি তৈরি হয়েছে। আমাদের উন্নয়নের সমস্যা হলো, সবই আছে কিন্তু জাস্টিস নাই। আমাদের প্ল্যান আছে কিন্তু সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই।
আইনের ফাঁক আছে; সচেতনতায় দুর্ঘটনা কমানো সম্ভব
ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বিএম কনটেইনার ডিপো দুর্ঘটনায় ১৩ ফায়ার ফাইটার মৃত্যুবরণ করেছিলেন। ফায়ার সার্ভিসের মূল কাজ অগ্নিনির্বাপণ করা। এর বাইরেও আমরা কাজ করি। সারা বছর আমরা ১০০০ মহড়া করি। আমরা প্রতিনিয়ত ইন্সপেকশন করছি। সর্বশেষ শ্যামলীর যেখানে আগুনের ঘটনা ঘটছে, সেখানে গিয়ে জানতে পারি, আমরা সৌন্দর্যের জন্য যেসব জিনিস ব্যবহার করছি, আগুনের সূত্রপাত ঘটছে সেখানে। আমরা যদি দেশবাসীকে সচেতন করতে পারি, তবে অনেক অগ্নিকা- কমানো সম্ভব। ফায়ার সার্ভিসের বিধির বাইরে যাওয়ার আমার সুযোগ নেই। আমরা যেসব কাজ করি তাতে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে, যদি সেটা কেউ না মানে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার দুই বছর। আমাদের আবার নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই। অন্যদের সহযোগিতা নিতে হয়। আইনের ফাঁক আছে।
ফায়ার ডিজি দাবি করেন, ১০০ টাকার ২ টাকা যদি আমরা ফায়ার সেফটির জন্য রাখি, তবে অনেক আগুন বন্ধ করতে পারব আমরা। একটা প্রতিষ্ঠানে যদি ১০০ জনে ১৮ জনের ফায়ার সেফটি প্রশিক্ষণ থাকে, তবে তাকে আমরা আদর্শ প্রতিষ্ঠান বলছি। কিন্তু দায়িত্বটা কেউ পালন করছি না। ফায়ার সার্ভিসের কাজটা সব দেশেই কমিউনিটি বেইজ। সরকার শুধু প্রশিক্ষণের ব্যবস্থা রাখে। বাকিটা করে কমিউনিটি। আমাদের এখানেও সেটা চালু করতে হবে। অগ্নিঝুঁকি কমাতে না পারলে উন্নত দেশে পদার্পণ করতে পারব না। সারাদেশে আমাদের মাত্র ২৬৮ জন ইন্সপেকশন কর্মকর্তা আছেন। ১৮ জন নানা কাজে ব্যস্ত থাকেন। বাকি আড়াই শ, এদের দিয়ে আমরা ইন্সপেকশন করছি, রিইন্সপেকশন করছি। আমার ক্যাপাসিটি যদি না বাড়ে, তবে ২৪ ঘণ্টা কাজ করেও সম্ভব নয়।
আধুনিক করা হচ্ছে ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব আবদুল্লাহ আল মাসুদ বলেন, পৃথিবীর সব জায়গায় আগুন নিয়ন্ত্রণ খুবই কষ্টকর কাজ। কানাডায় আগুন জ্বলছে। একটা বনে আগুন লেগেছে, যা গত চার দিনেও নিয়ন্ত্রণে আনতে পারেনি কানাডিয়ান ফায়ার সার্ভিস। আমরা আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়িয়ে বিশ্বমানে উত্তীর্ণ করতে আধুনিকীকরণ প্রকল্প গ্রহণ করেছি। আমরা প্রশিক্ষণ, শিক্ষার ব্যবস্থা করতে চাই। জনগণকে সচেতন করার সব ধরনের কৌশল আমরা প্রয়োগ করতে চাই। যে করণীয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে সচেতনতা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ভূমিকম্পের ব্যাপারে আমাদের উদাসীনতা আছে। ভূমিকম্পের পর বড় দুর্ঘটনার সূত্রপাত ঘটে অগ্নিকা-ের। কারণ ঢাকায় যদি ভূমিকম্প হয়, তবে ভাবুন কী হতে পারে? বিদ্যুৎ শর্টসার্কিটে, গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটবে।











