সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে নতুন আয়কর আইনের আভাস

news-image

ড. মোহাম্মদ আবদুল মজিদ
মন্ত্রিপরিষদ সভায় নতুন আয়কর আইন-২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন হওয়ার পর এটি এখন জাতীয় সংসদে। নীতিগত অনুমোদনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়েছিল, ‘এই আইনের ফলে আয়কর নির্ধারণে কর্মকর্তার ক্ষমতা কিছুটা কমানো হয়েছে। সেই সঙ্গে অনলাইনে আয়কর রিটার্ন প্রদান আরও সহজ করা হবে। ব্যবসায়ীদের আয়কর নির্ধারণে আগে ২৯টি বিষয়ে মানদণ্ড ছিল। এখন তা কমিয়ে ১২টিতে নামিয়ে আনা হয়েছে। মানুষ যাতে ট্যাক্স দিতে উৎসাহিত হয় এবং ট্যাক্সের পরিধি যাতে বাড়ে সেজন্য এই আইনটি করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, করদাতার করের পরিমাণ আয়কর কর্মকর্তার নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা থাকছে না এই আইনে। করদাতার দেওয়া তথ্যের ভিত্তিতেই কর নির্ধারিত হবে। ফলে কর্মকর্তার চাপিয়ে দেওয়া করের পরিমাণ ঠিক করার ফলে আপিলের পরিমাণ কমবে, কমবে করদাতার হয়রানি।’ খসড়া আয়কর আইনে আরও অনেক অভিনবত্ব থাকলেও আইনটিকে আরও করদাতাবান্ধব করার বিষয়টি সামনে আনার মাধ্যমে আইন প্রণয়নকারীরা আইনটিকে রাজনৈতিক-অর্থনীতিতে জনপ্রিয়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপে মন দিয়েছেন এটা বোঝা যায়। নির্বাচনী বাজেটবর্ষে সংসদে কণ্ঠভোটে আয়কর আইন পাস এবং উপহার দেওয়ার উপায়-উপলক্ষ নির্মাণে যেন সময়সীমা সেভাবেই সাজানো হয়েছে বহু বছর ধরে ঝুলে থাকা বিষয়টি। রাজস্ব আহরণের অন্যতম আইন, প্রত্যক্ষ করের তাৎপর্য ও গুরুত্ব বহনকারী আয়কর আইনটির প্রয়োগ পদ্ধতিটাকে যতটা যুক্তিযুক্ত ও জটিলতামুক্তকরণ সম্ভব, সে দাবি ও প্রত্যাশা থেকে দৃষ্টি সরানোর সুযোগ না থাকা ভালো। লক্ষণীয় হলো আইনটির মুসাবিদা হয়েছে যারা আইনটি বাস্তবে প্রয়োগ করবেন তাদেরই হেঁসেলে। যাদের জন্য এ আইন, যারা এর দ্বারা রাষ্ট্রকে কর প্রদানে প্রণোদিত হবেন, দায়িত্বশীল হবেন তাদের উদ্বেগ-উৎকণ্ঠা কতটা এখানে প্রশমিত হবে সেটা দেখার জন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা, মতবিনিময়, সুপারিশ-পরামর্শ-পর্যালোচনার সুযোগকে সীমিত করে বা রেখেই আইনটি জাতীয় সংসদে তড়িঘড়ি করে পাস করানোর পথে যেন যেতে না হয় সেটি আইনটির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার স্বার্থেই দেখা উচিত।

বাজেট বক্তৃতার ২৪৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ‘বাংলা ভাষায় নতুন আয়কর প্রণয়ন করা হয়েছে’, আসলে আইনটি এখন কোন পর্যায়ে রয়েছে সেটি স্পষ্ট নয়। ২০১২ সালে মূসক ও সম্পূরক শুল্ক আইন পাসের প্রেক্ষাপট এবং এর প্রয়োগ প্রবর্তনে প্রায় দুই হালি বছরের টানাটানির অভিজ্ঞতা থেকেই এ প্রসঙ্গটি স্পষ্টকরণের অবকাশ তৈরি হয়েছে।

যদিও আইএমএফের ইসিএফ প্রাপ্তির ট্রিগার বা শর্ত পালনের প্রেক্ষাপটে বিদেশের বেস্ট প্রাকটিস আমদানি করে প্রণীত মূসক আইনের খসড়া স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা, মতবিনিময় করেই সংসদে পাস করা হয়েছিল, সংসদে তখনো প্রায় ৭০ শতাংশ সদস্য ব্যবসায়ী বা মূসকের স্টেকহোল্ডার ছিলেন, তারা এটি পাস করেছিলেন, সেই স্টেকহোল্ডাররাই এটি প্রবর্তনে দ্বিমত প্রকাশ করায় বারবার পিছিয়ে যায় এর প্রবর্তন। তাই ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ পরিস্থিতির উদ্ভব আয়কর আইনের ক্ষেত্রে যাতে না হয় সেটি যথা বিবেচনায় আনা বা রাখার দায়িত্ব আমজনতা করদাতাদের পক্ষে তাদের প্রতিনিধি জাতীয় সংসদে আইন প্রণেতাদের। নির্বাহী বিভাগের মুসাবিদাকৃত আয়কর আইনটি জাতীয় সংসদে পাস করা আইন হতে হলে ‘জনমত যাচাই’য়ের সুযোগ কাজে লাগানো এবং নির্বাহী-নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের অবশ্যই অবকাশ থেকে যাবে। এটা উপেক্ষা করে পাস করা আইন অতীতের বহু আইনের মতো অপপ্রয়োগযোগ্য কিংবা অপপ্রয়োগের সুযোগ সন্ধানে বারবার সংশোধনের জিকির, ফন্দি ও দাবি উঠতেই থাকবে। মূসক আইনটি জন্মিয়াও জন্মলাভ করতে পারে নাই, প্রবর্তনের আগেই আইনটি সংশোধনের দাবি উঠেিেছল। স্টেকহোল্ডাররা বলেছিলেন, আমাদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি, আমাদের সব অভিমত, অনুরোধ, পরামর্শ গ্রহণ করা হয়নি। এখনো বাজারে গুঞ্জন রয়েছে যে, আয়কর আইনের ওপর আলাপ-পরামর্শ সভা ছিল অতিনির্বাহী পরিবেষ্টিত পরিবেশে, সেখানে যেসব স্বাধীন অভিমত-সুপারিশ উঠে এসেছিল, সেগুলোর সবটা খসড়ায় প্রতিফলিত হয়েছে কিনা, জানার সুযোগ অবারিত ছিল না। মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া আইনটি সবার দৃষ্টিগোচর করা না হলে এটি সংসদে অনুমোদনের আগে গণঅবহিতির ক্ষেত্রে ‘গোপনীয়তা’র নীতি অবলম্বন করা হলে আইনটির গ্রহণ ও প্রয়োগযোগ্যতা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হতে পারে।

সবাই জানেন এবং মানেন যে, বাংলাদেশের বিদ্যমান আয়কর আইনটি জন্মগতভাবে ব্রিটিশ, দৃষ্টিভঙ্গির বিচারে ঔপনিবেশিক এবং প্রায়োগিক দিক থেকে এখনো নিবর্তন ও প্রতিরোধাত্মক প্রতীয়মান হয়। এ দেশে ভূমি কর বা রাজস্ব আদায়ের প্রথা প্রাগৈতিহাসিক আমল থেকে। রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান, বিভিন্ন সেবার বিনিময় কিংবা উৎপাদন বা সম্পদ ব্যবহার বাবদ নানান নামে নানান উপায়ে রাজস্ব বা টোল বা সেস আদায়ের প্রথা সেই আদি যুগ থেকে চলে এলেও আধুনিক আয়কর বলতে যে বিশেষ কর রাজস্বের সঙ্গে আমরা পরিচিত, এ দেশে তথা ভারতীয় উপমহাদেশে তার প্রবর্তন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, সাত সাগর তের নদীর পার থেকে আসা বিদেশি বেনিয়াদের দ্বারা। তাদের তৎকালীন সমাজে শিল্পবিপ্লবের পর পুঁজির প্রসার ঘটে এবং সেখানে সম্পদের ওপর, সম্পদ সৃষ্টি ও বিনিময় প্রক্রিয়ায় অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি হয়। রাষ্ট্র ওই অতিরিক্ত আয়ের ওপর একটা হিস্যা দাবি করে বসে, যুক্তি এইÑ তুমি রাষ্ট্রের তৈরি অবকাঠামো ব্যবহার করে আয় উপার্জন করছ, রাষ্ট্রের সেবা ও সুবিধা ভোগ করে লাভবান হচ্ছ তাই এসব অবকাঠামো নির্মাণ, এসব সুযোগ-সুবিধার সমাহার বাবদ রাষ্ট্রের বিনিয়োগে তোমার অংশগ্রহণ চাই।

করযোগ্য আয় নির্ধারণ থেকে শুরু করে সব পর্যায়ে পরিপালনীয় বিধিবিধানের ভাষায় এমন এক ধরনের মনোভাবের প্রকাশ পায় যা জটিল ও দ্ব্যর্থবোধক হয়ে ওঠে। এ ধরনের পরিবেশ-পরিস্থিতিতে তৎকালীন প্রশাসনিক সংস্কৃতিতে করদাতাদের শলা পরামর্শ দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই একটি ব্যবহারজীবী সহায়ক সমাজও গড়ে ওঠে। কিন্তু তাদেরও অগোচরে, কর আইনকে সহজ ও করদাতাবান্ধবকরণে তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পরামর্শ সত্ত্বেও এ দেশে প্রবর্তিত আয়করসংক্রান্ত সার্কুলারগুলোয় জটিলতা যুগলবন্দি হয়ে ওঠে সময়ের প্রেক্ষাপটে। ঔপনিবেশিক সরকারের তরফে করদাতাদের কল্যাণ নিশ্চিত করার বিষয়টি মুখ্য বিবেচনায় না এলেও কর আদায়ের ক্ষেত্রে জমিদার-পাইক-পেয়াদাসুলভ যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ পেতে থাকে। উদ্দেশ্য থেকে যায় ‘তোমার আয় হোক আর না হোক অর্থাৎ বাঁচো-মরো রাজস্ব আমার চাই।’ এ ধরনের আইনগত দৃষ্টিভঙ্গির বদৌলতে কর আদায়কারী বিভাগের সঙ্গে করদাতাদের সম্পর্ক যুক্তিসঙ্গতভাবে দরকষাকষি বা কিছুটা জবরদস্তিমূলক, পরস্পরকে এড়িয়ে চলার কৌশলাভিমুখী হয়ে পড়ে। অন্তরালে ব্রিটিশ প্রশাসনে বহুল কথিত একটা সাধারণ নির্দেশনা ছিল যেন এ রকম, ‘চোর তো চুরি করিবেই কিন্তু গৃহস্থকে সজাগ থাকিতে হইবেই।’ করদাতাদের এরূপ বিরূপ ধারণায় বিবেচনা এবং তাদের ধরার ইন্ধন কর আইনের ভাষ্যে যেন স্পষ্ট হয়ে ওঠে। এরূপ পরস্পর অবিশ্বাসের ও প্রতিদ্বন্দ্বী পরিবেশে কর নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে পরস্পরকে এড়িয়ে চলার এবং সে লক্ষ্যে অনৈতিক আঁতাতের মাধ্যমে রাজস্ব ফাঁকির সংস্কৃতিরও সূত্রপাত ঘটে। ঔপনিবেশিক শাসনব্যবস্থায় দুর্নীতিগ্রস্ততার এমন একটা পরিবেশ সৃষ্টিতে সেই সময়কার আয়কর আইনের ভাষায় যেন ছিল পরোক্ষ প্রেরণা বা সুযোগ। এমন অনেক আইন আছে যা বেআইনি আচরণকে উসকে দেয়। এ রকমই পরিবেশে আঁতাতের মাধ্যমে কর ফাঁকি কার্যক্রমে একটা অনভিপ্রেত সংস্কৃতির উদ্ভব ঘটে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুদয়ের পরও এক যুগেরও বেশি সময় সেই ১৯২২ সালের আয়কর আইন ভারতস্থলে পাকিস্তান, পাকিস্তানস্থলে বাংলাদেশ প্রতিস্থাপিত ও নামাঙ্কিত হওয়া ছাড়া প্রায় একই মেজাজে বলবৎ ও প্রযোজ্য থাকে। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ (১৯৮৪ সালের ৩৬নং অধ্যাদেশ) জারির মাধ্যমে বাংলাদেশে নিজস্ব আয়কর আইন প্রবর্তিত হয় ১৯৮৪ সালে। তবে তখন দেশে আইন পরিষদ বিদ্যমান না থাকায় রাষ্ট্র ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট ও গণগুরুত্বপূর্ণ আয়কর আইনটি অধ্যাদেশ হিসেবে জারি হওয়ায় এটির প্রণয়ন ও প্রয়োগযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বাংলাদেশে বিদ্যমান আয়কর অধ্যাদেশের ভাষা ও গতিপ্রকৃতি বিশ্লেষণে গেলে এটা প্রতীয়মান হয় যে, বছর বছর অর্থ আইনে যেসব ছিটেফোঁটা শব্দগত সংযোজন-বিয়োজন অনুমোদিত হয়েছে তা ধারণ করা ছাড়া ১৯২২-এর মূল আইনের ভাব-ভাষা-দৃষ্টিভঙ্গিগত তেমন কোনো পরিবর্তন বা সংস্কার দৃশ্যগোচর হয় না। বরং প্রতিবছর কর নির্ধারণ, শুনানি, বিচার-আচার এ কর কর্মকর্তাদের ক্ষমতা বা এখতিয়ার, কর অবকাশ, নিষ্কৃতি তথা ছাড় কিংবা বিশেষ সুবিধাবলির ধারা-উপধারা সংযোজন-বিয়োজন করতে করতে অনেক ক্ষেত্রেই করারোপ, আদায় ও করদাতার অধিকার, কর অবকাশ নিষ্কৃৃতি ও সুবিধাসংক্রান্ত মৌল দর্শন হয়েছে কখনো বা বিভ্রান্ত, কখনো বিকৃত ও ক্ষেত্রবিশেষে বিস্মৃত। পক্ষান্তরে যুগধর্মের সঙ্গে সঙ্গতি রেখে কর নির্ধারণ ও আদায়সংক্রান্ত বিধানাবলি সহজীকরণ, সরলীকরণ তথা করদাতাবান্ধবকরণের পরিবর্তে ক্ষেত্রবিশেষে আরও জটিল হয়েছে। বাংলাদেশ অর্থনীতির সমকালীন পরিবেশ-পরিস্থিতির আলোকে আয়কর ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর উদ্যোগ সংবলিত সংশোধন-সংযোজন-বিয়োজন প্রয়াস বারবার যেন উপেক্ষিতই থেকে গেছে।

বাংলাদেশে কর সংস্কৃতি বিকাশ ব্যপদেশে করদাতাদের কাছে সেবাধর্মী মনোভাব নিয়ে না গেলে, তাদের আস্থায় যেমন আনা হবে না এবং তাদের স্থায়ী করদাতা হিসেবেও পাওয়া যাবে না। আস্থা সৃষ্টির জন্য কর বিভাগে আপিল শোনার জন্য ট্রাইব্যুনালে বিচার বিভাগীয় সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে পুরোপুরি সফল হওয়া যায়নি। করদাতাদের আস্থা সৃষ্টিতে এবং হয়রানি কমাতে কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা হ্রাস একটি কার্যকর পদক্ষেপ। তবে এজন্য আইনের মধ্যে প্রতিবিধানের ধারণাগত নিশ্চয়তাকল্পে কর ন্যায়পাল প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার প্রসঙ্গ উঠে আসবে। উঠে আসবে করের টাকা ব্যয় বণ্টনে স্বচ্ছতার বিষয়টিও।

ড. মোহাম্মদ আবদুল মজিদ : উন্নয়ন অর্থনীতির বিশ্লেষক

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী