চলছে সকাল-বিকেল : যানজটের শহরে মেট্রোরেলই একমাত্র স্বস্তির বাহন
নিউজ ডেস্ক : বিকেল ৫টার পর রাজধানী ঢাকার অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসের কর্মঘণ্টা শেষ হয়। অফিস টাইম শেষে সবাই ঘরে ফেরার এক প্রতিযোগিতায় নামেন ঢাকার রাস্তায়। সেই সময়ে সড়কে তৈরি হয় ভয়াবহ যানজট। যার জের টানতে হয় রাত প্রায় ৯-১০টা পর্যন্ত। তবে ঢাকাবাসীর আধুনিক পরিবহন ব্যবস্থায় যোগ হওয়া মেট্রোরেল যানজট থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে। মেট্রোরেল চলাচলে সময় বেড়ে যাওয়ায় এ গণপরিবহনে যাত্রীর চাপই তার প্রমাণ দিচ্ছে।
রোববার (৪ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে ঘুরে দেখা যায়, শত শত মানুষ স্বস্তির এই বাহনে চড়ছেন নিজ গন্তব্যে ফিরতে। মেট্রোরেলের নিচতলার সিঁড়ি থেকে শুরু করে কনকোর্স লেভেল পর্যন্ত যেন মানুষের ‘হাট বসেছে’। কেউ বাস থেকে নেমে সোজা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন স্টেশনের দিকে। আবার কেউ দলগতভাবে সহকর্মীদের সঙ্গে এই স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে চড়ছেন।
তবে যাত্রীদের মধ্যে যাদের কাছে এমআরটি পাস (পারমানেন্ট জার্নি) আছে তারা সহসাই কনকোর্স লেভেলের চেক পয়েন্ট পার হয়ে মেট্রোরেলের প্ল্যাটফর্মে উঠছেন। এরপর অপেক্ষা করছেন ট্রেনের জন্য। আর যাদের কাছে এমআরটি পাস নেই তারা লাইনে দাঁড়িয়ে টিকিট অফিস মেশিন (টম) অথবা টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) ব্যবহার করে সিঙ্গেল জার্নির টিকিট সংগ্রহ করে কনকোর্স লেভেল থেকে প্লাটফর্মে উঠছেন। আর যাত্রীদের কাছে মনে হচ্ছে রাজধানীর সড়কের যানজট এড়াতে একমাত্র স্বস্তির বাহন হয়ে দাঁড়িয়েছে এই মেট্রোরেল।
অফিসগামী যাত্রীদের সুবিধার্থে গত ৩১ মে থেকে মেট্রোরেল চলছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি পরিবর্তন হয়ে মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের কনকোর্স লেভেলে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মী আজাদ বেগ বলেন, আমার বাসা মিরপুর-১২ নম্বরে। প্রতিদিন বিকেল ৫টায় অফিস শেষ করে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের যানজট এড়াতে এই মেট্রোরেল ব্যবহার করে থাকি। আমি মেট্রোরেলের নিয়মিত যাত্রী হিসেবে এমআরটি পাস ব্যবহার করি, যেন কনকোর্স লেভেলে এসে আমাকে টিকিট সংগ্রহ করার জন্য অপেক্ষা করতে না হয়।
তিনি আরও বলেন, যখন মেট্রোরেল ছিল না তখন কারওয়ানবাজার থেকে মিরপুর-১২ নম্বরে পৌঁছানোর জন্য আমি বাস ব্যবহার করতাম। কিন্তু মিরপুর-১০ নম্বর গোল চত্বরের যানজট একটা ভোগান্তি। সব মিলিয়ে বাসায় যেতে আমার অন্তত দুই ঘণ্টা সময় লাগতো। মেট্রোরেলের সুবাদে এখন সর্বোচ্চ ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে আমি বাসায় পৌঁছাতে পারি।
সরকারি কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, আমার অফিস আগারগাঁওয়ে। অফিস শেষে উত্তরায় নিজের বাসায় ফিরছি। অফিস টাইমে মেট্রোরেল চালু হওয়ায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটি আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করে দিয়েছে। যখন পুরো ঢাকা শহর মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে তখন মনে হয় মেট্রোরেলে যাত্রী চাপ সবচেয়ে বেশি থাকবে।
তিনি আরও বলেন, প্রচণ্ড যাত্রী চাপ থাকলেও মাঝেমধ্যে টিকিট ইনভ্যালিড দেখানোসহ দুই একটি জটিলতায় পড়তে হয়। এটা যত দ্রুত সলভ করা সম্ভব হবে তত মেট্রোরেল যাত্রীদের সময় বাঁচবে। কারণ একটি টিকিট ইনভেলিড দেখালে সেটি কাউন্টার থেকে ঠিক করে নিয়ে আসতে অন্তত আরো দশ মিনিট সময় ব্যয় হয়। বিষয়টি দেখার জন্য কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাব।
আগারগাঁও স্টেশন থেকে যারা মেট্রোরেলে উঠছেন তাদের গন্তব্য বেশিরভাগই মিরপুরের ভেতরের বিভিন্ন স্টেশনে। তারা শুধুমাত্র মিরপুর-১০ নম্বর গোল চত্বরের যানজট এড়াতে এই বাহনটির ব্যবহার করছেন। অন্যদিকে যারা আগারগাঁও স্টেশনে এসে নামছেন তাদের বেশিরভাগেরই প্রারম্ভিক স্টেশন ছিল উত্তরা উত্তর।
আগারগাঁও স্টেশনে নামা নুবায়েত প্রত্যয় বলেন, উত্তরায় আমার অফিস। অফিস থেকে মেট্রো স্টেশনে আসছে ৩০ টাকা খরচ হয়। এরপর আগারগাঁও স্টেশনে নেমে তালতলার বাসায় যাই। এই পথ পাড়ি দিতে যানজট পেরিয়ে অন্তত দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতো। এখন সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ মিনিট সময়ের মধ্যে নিজের বাসায় পৌঁছাতে পারি অফিস থেকে। ঢাকা শহরের মতো যানজটের শহরে মেট্রোরেল স্বস্তি ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না এখন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক জানিয়েছেন, আমরা আগেই বলেছি মেট্রোরেলের চলাচলে ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলছে।
এদিকে রোববার (৪ জুন) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেল ৪টা ৫৩ মিনিটে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে সোমবার (৫ জুন) থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত বিকেল ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারের’ হেডওয়ে ১৫ মিনিটের পরিবর্তে ১২ মিনিট হবে।
অর্থাৎ ৫ জুন থেকে ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচলের মধ্যে ১০ ঘণ্টার হেডওয়ে থাকবে আগের মতো থাকবে এবং ২ ঘণ্টার হেডওয়ে থাকবে ১২ মিনিট।











