গ্রিনের সেঞ্চুরিতে জয় তুলে মুম্বাইয়ের চোখ ব্যাঙ্গালোরের ম্যাচে
স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া ২০১ রানের জবাবে ১৭ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ২ উইকেট হারিয়ে ১৯৩। জয়ের জন্য মুম্বাইয়ের দরকার ৮ রান আর সেঞ্চুরির জন্য ক্যামেরন গ্রিনের ৬ রান। ১৮তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে মুম্বাইয়ের জয়ের সঙ্গে নিজের শতরানও নিশ্চিত করেন গ্রিন।
আগেই প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট লায়ন্স, চেন্নাই সুপার কিংস এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হতো মুম্বাইকে। হায়দ্রাবাদের বিপক্ষে ৮ উইকেটের এই জয়ে গ্রুপপর্ব শেষে মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়াল ১৬। পৌঁছে গেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। তবে প্লে-অফ নিশ্চিত করতে তাদের তাকিয়ে থাকতে হবে রাত আটটায় শুরু হতে যাওয়া রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাটের মধ্যকার ম্যাচের দিকে। কারণ সেই ম্যাচে জয় পেলে প্লে-অফ খেলার সম্ভাবনা বেশি উজ্জ্বল থাকবে রান রেটে এগিয়ে থাকা ব্যাঙ্গালোরের। তবে ম্যাচ পরিত্যক্ত কিংবা ব্যাঙ্গালোর হারলে প্লে-অফে খেলবে মুম্বাই।
মুম্বাইয়ের জয়ে প্লে-অফের দৌড়ে ছিঁটকে পড়ল রাজস্থান রয়্যালস। গ্রুপপর্ব শেষে ১৪ পয়েন্ট পাওয়া রাজস্থান প্লে-অফে খেলতে পারত যদি মুম্বাই ও ব্যাঙ্গালোর দুই দলই বড় ব্যবধানে হার দেখতো। তাহলে সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে রাজস্থানের প্লে-অফের সম্ভাবনা থেকে যেত।
আজ রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ১৪তম ওভারেই ওপেনিং জুটিতে ১৪০ রান তুলে রোহিতদের ব্যাকফুটে ফেলে দেন বিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। এই রানে বিভ্রান্তের (৬৯) পতনের পর ১৭৪ রানে ফেরেন আগারওয়াল (৮৩)। শেষদিকে হেনরিখ ক্লাসেন, গ্লেন ফিলিপস, এইডেন মার্করামরা ঝোড়ো ইনিংস খেলতে ব্যর্থ হলে ২০০ রানের বেশি তুলতে পারেনি হায়দ্রাবাদ।
২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানের মাথায় ইশান কিশানের উইকেট হারায় মুম্বাই। দ্বিতীয় উইকেটে ঝোড়ো গতিতে ১২৮ রানের জুটি গড়েন রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন। ১৪৮ রানের মাথায় ফেরেন রোহিত (৩৭ বলে ৫৬)। তবে মারকাটারি ভঙ্গিতে রান তোলা থামাননি গ্রিন। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই অজি ব্যাটসম্যান। ৪৭ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন তিনি। বিধ্বংসী এই ইনিংসে ছিল সমান ৮টি করে চার ও ছক্কার মার। আরেক পাশে ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার।











