বাড়ছে বাজেট ঘাটতি
আবু আলী
প্রতিবছরই বিপুল অংকের ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে সরকার। চলতি ২০২২-২৩ অর্থবছরেও ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘাটতি দেখানো হয়েছে, যা মোট বাজেটের ৩৬ শতাংশ। আগামী ২০২৩-২৪ অর্থবছরে ঘাটতির পরিমাণ আরও বড় হচ্ছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘাটতির প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৬০ হাজার কোটি টাকা। রেকর্ড এ বাজেট ঘাটতি পূরণ করতেই দেশি-বিদেশি উৎস থেকে ঋণ বাড়াচ্ছে সরকার। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার ঘাটতি ব্যাংকিং খাত থেকে পূরণের লক্ষ্য রয়েছে। আর চলতি অর্থবছরে সরকার দেশের ব্যাংক খাত থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু এক এপ্রিল মাসেই সরকার নিয়েছে ২৯ হাজার ৬৯৬ কোটি টাকা, যা মাস হিসেবে চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছর বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং ব্যবস্থা থেকে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি ঋণ নেবে সরকার। রাজস্ব আদায় কম হওয়ায় এবং প্রকল্প বাস্তবায়ন ও পাবলিক প্রকিউরমেন্টের জন্য তহবিলের চাহিদা বৃদ্ধির কারণে সরকারকে ব্যাংকঋণ বাড়াতে হচ্ছে।
জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট ঘাটতি কমাতে ব্যাংকিং খাতের ওপর আরও বেশি নির্ভর করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকদের ধারণা, এর ফলে বেসরকারি খাতে ঋণের পরিমাণ কমে যাবে; পরিণামে বিনিয়োগের বৃদ্ধি ধীরগতির হয়ে যেতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, জিডিপির অনুপাতে গত এক দশকে রাজস্ব আয় বাড়েনি। যদিও এ সময় জিডিপির অনুপাতে সরকারের ঋণে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে দেশে সরকারের ঋণ-জিডিপির অনুপাত ছিল ২৮ দশমিক ৭ শতাংশ। এক দশক পর তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। আবার এ সময় কমেছে রাজস্ব আয়-জিডিপির অনুপাত। ২০১৪ সালে সরকারের রাজস্ব (কর ও অনুদান) জিডিপি অনুপাত ছিল ৯ দশমিক ১ শতাংশ। এক দশক পর তা নেমেছে ৮ দশমিক ৭ শতাংশে। আর শুধু কর-জিডিপির অনুপাত নেমেছে ৭ দশমিক ৮ শতাংশে।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, ‘রাজস্ব আয়ে সরকারের ব্যর্থতার কারণে প্রতিবছর ঘাটতি বাজেটের পরিমাণ বাড়ছে। বিশ্বের কোনো দেশই এত কম রাজস্ব আয় দিয়ে চলে না। বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত ৮ শতাংশে নেমে এসেছে। এটি বাড়ানো সম্ভব না হলে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে সরকারের ঋণ বাড়বেই। রাজস্ব-জিডিপি অনুপাত অন্তত ২০-২২ শতাংশে উন্নীত করতে না পারলে সংকটের সমাধান হবে না।’
অর্থ বিভাগের অনুমান, সঞ্চয়পত্রে সরকারের সুদের ব্যয় এক-তৃতীয়াংশ কমতে পারে। এতে ক্ষুদ্র সঞ্চয়কারীরা নিরুৎসাহিত হতে পারেন। আগামী অর্থবছর সঞ্চয়পত্র থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে, যা চলতি অর্থবছরের তুলনায় ৩১ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থবছরের আনুমানিক বাজেট ঘাটতি মোট জিডিপির ৫ দশমকি ২ শতাংশ।
অন্যদিকে নানা সংকটের মধ্যেও অর্থমন্ত্রী বিনিয়োগের বড় লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। আগামী ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা জিডিপির ৩৩ দশমিক ৮ শতাংশ অর্জন করতে চান। এর মধ্যে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ২৭ দশমিক ৪ শতাংশ এবং সরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৪ শতাংশ। আর চলতি ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ৩১ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ ২৪ দশমিক ৯ এবং সরকারি ৬ দশমিক ৬ শতাংশ।











