ধর্ষণ মামলায় শ্রীলংকান ক্রিকেটারের ৩টি অভিযোগ প্রত্যাহার
স্পোর্টস ডেস্ক : গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রীলংকান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকার বিরুদ্ধে। তবে আজ বৃহস্পতিবার সিডনির আদালত ৪টি অভিযোগের ৩টি থেকেই মুক্তি দিয়েছেন। খবর এনডিটিভির।
এর আগে গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়াই যৌন সঙ্গমের চারটি অভিযোগ আনা হয়েছিল। যার জন্য ৩২ বছর বয়সী এই ব্যাটারকে সিডনি পুলিশ গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টিম হোটেল থেকে গ্রেপ্তার করেছিল।
এদিকে সিডনি আদালতের সরকারি কৌঁসুলি আজ গুনাথিলাকাকে ৩টি অভিযোগ থেকে মুক্তি দেন।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় অভিযুক্ত গুনাথিলাকাকে নিয়ে যা বললেন সেই নারী
এর আগে গত বছরের নভেম্বরেই জামিন পান তিনি। ঘটনার ১১ দিন পর কিছু শর্ত দিয়ে তার জামিন মঞ্জুর করেন সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্ট। লংকান এই ব্যাটার পারকেলা জেল থেকে অডিওভিজুয়াল লিঙ্কের মাধ্যমে আদালতের এই সিদ্ধান্ত জানতে পারেন।
তবে অস্ট্রেলিয়া ছেড়ে পালিয়ে যেতে পারেন ও অভিযুক্তকারী সেই নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামিনের বিরোধিতা করেন পুলিশ প্রসিকিউটর কেরি-অ্যান ম্যাককিনন।
এ বিষয়ে ওয়াহলকুইস্ট জানান, একজন অস্ট্রেলিয়ান নাগরিক এই ধরনের অভিযোগে যেভাবে জামিন পেতেন, সেটা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর গুনাথিলাকার পক্ষের আইনজীবী মুরুগান থানগারাজ জামিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই তিনি জামিন পেতে পারেন।’ তিনি আরও জানান, কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন গুনাথিলাকা। পাসপোর্টও জমা দিয়ে রেখেছেন, তাই অস্ট্রেলিয়া থেকে পালানোর কোনও সুযোগ নেই তার।
জামিন পেতে গুনাথিলাকাকে দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হয়েছে। এছাড়া যেসব শর্তে তিনি জামিন পেয়েছেন তার মধ্যে অন্যতম টিন্ডার কিংবা অন্য কোনও ডেটিং অ্যাপস ব্যবহার করতে পারবেন না,বিদ্যমান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকতে হলে তার লিগ্যাল টিমের সহায়তা নিতে হবে।
এর আগে এক অস্ট্রেলিয়ান তরুণীর সঙ্গে তার অসম্মতিতে শারীরিক সম্পর্ক করায় গত ৬ নভেম্বর সিডনিতে টিম হোটেল থেকে গ্রেপ্তার হন গুনাথিলাকা। পরে কারাগারে পাঠানো হয় লংকান ব্যাটারকে।











