‘মিয়া ভাই’ অধ্যায়ের সমাপ্তি…
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার মত জীবন ছিল তার। সিনেমার প্রতিবাদী নায়কের মত বাস্তবেও ছিলেন প্রতিবাদী মানুষ। কথা বলতেন, যেনো আকাশ ভেঙে পড়ত। কেউ তাকে ডাকতেন পাঠান, কেউ মিয়া ভাই, কেউ নেতা, কেউ বা ফারুক ভাই।
ফারুক অভিনীত সিনেমায় অধিকাংশ চরিত্রই ছিল এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি তথা গ্রামীণ যুবকের চরিত্র। ফলে সদ্য স্বাধীন দেশে গড়ে ওঠা নতুন মধ্যবিত্ত শ্রেণি, যারা মূলত গ্রাম থেকে এসেছিল, তারা ফারুক অভিনীত চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পেয়েছেন। এসেবের কারণেই সবার কাছে ‘মিয়া ভাই’ হয়ে উঠেন এই নায়ক।
তার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। হ্যাঁ, কাগজে কলমে এটিই নায়ক ফারুকের নাম। পাঠান বংশীয়। কর্মকাণ্ডেও বংশীয় আভিজাত্য বিদ্যমান। এফডিসিতে এসে, হাসি ঠাট্টা আর সহকর্মীদের মিষ্টি মধুর হুমকি ধামকিতে দিক বিধিক করে রাখতেন তিনি। মঙ্গলবার সেই ফারুক এফডিসিতে এলেন নিথর হয়ে। চারদিক তখন শোকে কাতর। নির্জিব ফারুক…।

যেখান থেকে তিনি আকবর হোসেন পাঠান থেকে হয়ে উঠেছিলেন আপামর মানুষের মিয়া ভাই। সেই এফডিসিতে শেষবারের মত এলেন এ দিন। আর কখনোই চলচ্চিত্রের এই পীঠকেন্দ্রে আসবেন না তিনি।
তাকে একনজর দেখতে শ্রদ্ধা জানাতে ভালোবাসার জন্য এসেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অসংখ্য মানুষ। ছিলেন নায়ক ফারুকের পরিবারের সদস্যরা। ছিলেন অভিনেত্রী সুজাতা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, নাঈম, সুচন্দা, রোজিনা, অঞ্জনা, মিশা সওদাগর, নিপুণ, ফেরদৌস, ওমর সানী, বাপ্পী, পরিচালক কাজী হায়াৎ, শাহীন সুমন, এস এ হক অলিক, অনিমেষ আইচ, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকেই।
এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় পরচালক কাজী হায়াৎ বলেন, একে একে আমরা সবাই চলে যাব। আজ ফারুক সাহেব চলে গেলেন । কাল হয়তো আমিও চলে যাবো। সবাই তার জন্য দোয়া করবেন। চলচ্চিত্রের ও চলচ্চিত্রের মানুষদের জন্য ফারুক সাহেব এক আর্শিবাদের নাম। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
শেষ শ্রদ্ধা জানানোর মিছিল হাজির হয়ে অভিনেত্রী রোজিনা বলেন, ‘ফারুক ভাই ছিলেন আমাদের এক সাহসের নাম। সেই ফারুক ভাই আজ নিথর হয়ে পড়ে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
এফডিসিতে নায়ক ফারুকের জানাজা সম্পন্ন হয় দুপুর ১টা ৫০ মিনিটে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় চ্যানেল আই ভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে আসেন শাকিব খান, ফেরদৌস, আফসানা মিমি, মিশা সওদাগরসহ অনেকেই। এখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ৩টা ৩০ মিনিটে।
সেখান থেকে ‘মিয়া ভাইকে’ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে বিকেলে আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় তাকে গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে নেওয়া হবে। সেখানে দখিন সোম টিওরী জামে মসজিদে জানাজা শেষে পাঠান বাড়ি পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে চিত্রনায়ক ফারুককে।
আজ সকাল ১১টায় নায়ক ফারুকের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। শহীদ মিনার প্রাঙ্গণে তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বড় পর্দায় নায়ক ফারুকের অভিষেক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
ফারুক অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখী তুমি কার’, ‘কথা দিলাম’ ও ‘সূর্য গ্রহণ’ ইত্যাদি।











