,

হাসপাতালে ফারুকের ৭৮০ দিন

news-image

বিনোদন প্রতিবেদক : নিয়মিত চেকআপের জন্য ২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুর যান বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। চেকআপের পর ডাক্তাররা তার শারীরে নানা জটিলতা খুঁজে পান। আর সেই থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ‘মিয়া ভাই’খ্যাত এই অভিনেতা। উচ্চ রক্তচাপ, মস্তিস্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

মৃত্যুর সঙ্গে লড়াই করে হাসপাতালে ৭৮০ দিন বেঁচে ছিলেন ফারুক। এই ভালো, এই খারাপ- এমনই ছিল তার শারীরিক অবস্থা। প্রথম দিকে হাসপাতালে টানা চার মাস ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। যদিও উন্নত চিকিৎসার জন্য ২০২০ সালের সেপ্টেম্বর থেকেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের শরণাপন্ন হন তিনি।

কিন্তু সে সময় বাংলাদেশ টু সিঙ্গাপুরের আসা-যাওয়ার মধ্যেই ছিলেন এই অভিনেতা। আর ২০২১ সালে মার্চ থেকে মৃত্যুর আগ পর্যন্ত (আজ রোববার, ১৫ মে) সিঙ্গাপুরেই কেটেছে তার দিন।

হাসপাতালে সর্বক্ষণ তার পাশে ছিলেন তার স্ত্রী ফারহানা পাঠান। বিভিন্ন সময় দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, এই নায়কের সবশেষ শারীরিক অবস্থার কথা। টানা চার মাস আইসিইউতে থাকার পর ফারুককে যখন সাধারণ কেবিনে তখন তিনি অনেকটাই সুস্থ। হাসপাতালের বিছানায় বসেই কথা বলেছেন দেশের আত্মীয়-স্বজন, সহকর্মী ও গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন, দেশে ফেরার কথাও।

দৈনিক আমাদের সময় অনলাইনকে গেল বছর শেষদিকে ফারুক বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় মনে হয়, এ যাত্রায় বেঁচে গেছি। এখন আগের থেকে অনেকটা সুস্থ। দেশে ফেরার অপেক্ষায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সঙ্গে ফারুক এও জানান, দেশের ফিরে সবার (সহকর্মীদের) সঙ্গে দেখা করবেন। যাবেন প্রিয় এফডিসিতে। আর তার মৃত্যুটা যেন এ দেশের মাটিতেই হয়। সবশেষ চলতি বছর ৮ জানুয়ারিও দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথা বলেন তিনি।

সে সময় এই নায়কের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘এখন অবশ্য পুরোপুরি সুস্থ আপনাদের মিয়া ভাই। শারীরিক কোনো জটিলতাও নেই। এখন ডাক্তারের পক্ষ থেকে ছাড়পত্র মিললেই দেশে ফিরছি। বর্তমানে তার চিকিৎসক দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে (সিঙ্গাপুর) ফিরলেই ফারুককে আবার দেখবে। এরপর আশা করি, ছাড়পত্র দিয়ে দিবেন।’

তিনি আরও বলেন, ‘শুনলাম, দেশে অনেকেই কথা তুলেছেন, আর্থিক জটিলতার কারণে নাকি আমরা ফিরতে পারছি না। বিষয়টি ভুল তথ্য। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেহেতু ফারুকের দীর্ঘদিন চিকিৎসা হয়েছে। এর মধ্যে আইসিইউতেও থাকতে হয়েছে চার মাস। এটা স্বাভাবিক এখানে অনেক টাকা বিল হয়েছে। এর মধ্যে বেশির ভাগ টাকাই দেওয়া হয়েছে। এখন অল্প কিছু টাকা বাকি আছে। সেটা কোনই ঘটনা না! সব টাকা পরিশোধ করলাম আর অল্প কিছু টাকার জন্য দেশে ফেরা হবে না! এটা আসলে ভুল তথ্য। আমরা অপেক্ষায় আছি তার চিকিৎসকের। সে দেশে ফিরে ছাড়পত্র দিলেই আমরা দেশে আসছি।’

এ যাত্রায় দেখতে দেখতে ৭৮০ দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিনেমার বরেণ্য এই অভিনেতা। সুস্থ হয়ে দেশে ফিরে, যাওয়ার কথা ছিল প্রিয় কর্মস্থল এফডিসিতে। অথচ আজ রোববার সকালে মৃত্যুর কাছে পরাজিত হলেন ফারুক। আগামীকাল মঙ্গলবার সকালে তিনি ঠিকই দেশে ফিরছেন। তবে সেই দেহে থাকছে না প্রাণ। আর প্রিয় কর্মস্থলে যাবে ফারুকের নিথর দেহ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না