,

সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী জোবায়ের হোসেনের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর শুভ। নুর উদ্দীন আহমেদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক, আবদুল্লাহ আল মুনতাসীর শুভ শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি। দুজনই ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে জানা গেছে।

মামলার এজাহারে জোবায়ের হোসেন উল্লেখ করেন, ‘ঘটনার দিন মোটরসাইকেল কেনার টাকা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আসেন তিনি। গাড়ি পছন্দ হলে বায়না করে যাবেন। পরিচিত রিফাত, রিমন এবং গাড়ির মালিক আসতে দেরি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের (স্বাধীনতা টাওয়ার) পশ্চিম পাশে গেলে বেশ কয়েকজন আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে এবং একপর্যায়ে কিল-ঘুসি মারা শুরু করে।’

জোবায়ের উল্লেখ করেন, ‘এ সময় আমার কাছে থাকা ১৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয় তারা। আসামি মুনতাসির তার মোবাইল দিয়ে আমার ছবি তুলে। চড়-থাপ্পড় মেরে চলে যাওয়ার সময় আমি তাদের পা ধরে টাকা ফেরত চাইলে তারা ৫০০০ টাকা দিয়ে চলে যায়।’

তিনি উল্লেখ করেন, ‘এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে আসামি নুর উদ্দিন এবং তানভীর আল মুনতাসিরকে জাদুঘরের ফটকের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা এ ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছিনতাইয়ের অভিযুক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করে আরও টাকা দেওয়ার লোভ দেখানো হয়। পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আসতে বলা হয়, তারা আসলে আটক করা হয়। পরে ভুক্তভোগীর করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এ বিষয়ে বলেন, ‘প্রচলিত আইনে তারা অপরাধী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রলীগ কোনো অপরাধীকে সাহায্য করবে না। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তারা আর কখনো ছাত্রলীগ করার সুযোগ পাবে না।’

এ বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘এটা বিশ্ববিদ্যালয় বাইরের এলাকার ঘটনা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না