পীরগঞ্জে ওসি’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ষড়যন্ত্রমূলক মামলা দায়ের পূর্বক হয়রানির অভিযোগ\ অপসারণ চেয়ে এলাকাবাসীর মানববন্ধন
রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে থানার ওসি জাকির হোসেনের ঘুষ বাণিজ্য, ষড়যন্ত্রমূলক মামলা দায়ের পূর্বক হয়রানিসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ মানুষজন দ্রæত অপসারণের দাবি জানিয়েছে।
শনিবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে হয়রানির শিকার অসহায় মানুষের পক্ষে ‘পীরগঞ্জের জনগণ’ লেখা ব্যানারে এক মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণ করাসহ তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, সুলতান মাহমুদ, ওয়ালিউর রহমান রুপম, আলতাব হোসেন, রিপন মেম্বর, উজ্জল, দেলওয়ার হোসেন, পুলিন চন্দ্র, আল-আমিন প্রমুখ। এসময় ব্যানার ও ফেস্টুন হাতে শতাধিকের নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা বিভিন্ন অভিযোগ ও দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
মানববন্ধনে ওসির বিভিন্ন অভিযোগ তুলে ধরে ভুক্তভোগীরা বলেন, পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী এলাকা। গুরুত্বপূর্ণ এই এলাকার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় পাঁচ লাখ মানুষের আইনি সেবা ও নিরাপত্বা প্রাপ্তির অন্যতম আস্থার জায়গা পীরগঞ্জ থানা। অথচ সেখানে পুলিশের যোগসাজোসে দালালদের কারণে এখন সাধারণ মানুষজন নিরাপদ নয়। বক্তারা আরও বলেন, ওসি জাকির হোসেন যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্য শুরু করে। মোটা অংকের অর্থের বিনিময়ে মামলা রেকর্ড, বাদী-বিবাদী উভয়পক্ষের কাছ থেকে টাকা নিয়ে সামাজিক দ্ব›দ্ব জিইয়ে রেখে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে অর্থ আত্মসাৎ করাসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন ওসি।
সম্প্রতি ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করা (ক্লোজড) হলেও এখনও তিনি বহাল তবিয়তে আছেন। ওই প্রত্যাহার আদেশ পাওয়ার পরেও রহস্যজনকভাবে ওসি জাকির হোসেন স্বপদে বহাল থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা দায়েরসহ নানাভাবে অসহায় মানুষকে হয়রানি করছেন বলে ভুক্তভোগীরা মানববন্ধনে অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ পীরগঞ্জ থানাকে দালালমুক্ত করার জোর দাবি জানিয়েছে।
এদিকে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে এক বালু ব্যবসায়ীর কাছে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওটি প্রাথমিক তদন্ত শেষে গত ২৪ এপ্রিল জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি জাকির হোসেনকে পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটিও করা হয়। কিন্তু এখনও তিনি বহাল তবিয়তে আছেন।











