,

ফরিদপুরে ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে দ্বন্দ্বে এলাকাবাসী ইউএনওর ওপর হামলা করে। এতে ইউএনওসহ সাতজন আহত হয়েছেন।

আহত ইউএনও আশিকুর রহমান চৌধুরীকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর বিকেল ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার জন্য একটি জায়গা দেখা হয়। জায়গাটি বর্তমানে বিএস রেকর্ডে সরকারি খাস জমি হলেও আরএস রেকর্ডে ব্যক্তি মালিকানাধীন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে স্থানীয় প্রশাসনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এলাকার কয়েকজন নারী ওই জমির মালিকানা দাবি করে আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন করেন। খবর পেয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরী আনসার সদস্যদের নিয়ে সেখানে যান।

আনসার সদস্যরা নারীদের কাছ থেকে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় নারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। আনসার সদস্যরা রাইফেলের বাট দিয়ে কয়েকজন নারীকে আঘাত করেন। একপর্যায়ে এক নারী আহত হন। পরে নারীরা ক্ষুব্ধ হয়ে গাছের ডাল ভেঙে আনসার সদস্যদের ওপর হামলা চালান। এ সময় স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়।

পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ইউএনও ও আনসার সদস্যদের ওপর হামলা করে। ওই সময় আনসার সদস্যরা শর্টগানের তিন-চারটি গুলি ছোড়েন। ক্ষুব্ধ এলাকাবাসী ইউএনওর গাড়ি ভাঙচুর করে। পরে মধুখালী থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান জানান, তিনি একটি সালিসে ছিলেন। তিনি জানতেন না ইউএনও ওই এলাকায় এসেছেন। পরে ইউএনওর ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ঘটনাস্থলে আসেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ইউএনওর বাম চোখে আঘাত লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেলাই দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পুলিশ সুপার মো. শাজাহান ঘটনাস্থলে গিয়েছেন।

ইউএনও আশিকুর রহমান চৌধুরী বলেন, আমার ওপর হামলা হয়েছে। আমি এখন হাসপাতালে আছি। পরে কথা বলছি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না