রোহিঙ্গা প্রত্যাবাসনের পালে হাওয়া
আরিফুজ্জামান মামুন
মিয়ানমারে ২০১৭ সালের ২৫ আগস্ট হত্যা-নির্যাতন শুরু হওয়ার পর মাত্র কয়েক মাসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরিস্থিতি স্থিতিশীল হলে সঙ্গত কারণেই আশ্রিত এসব রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শিবিরে সারি সারি ঝুপড়িঘরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রা ছয় বছর পেরিয়ে গেলেও এ সময়ে তাদের একজনকেও মিয়ানমারে তাদের জন্মভূমিতে ফেরত পাঠানো যায়নি। বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে কয়েক দফা প্রত্যাবাসন নিয়ে বৈঠক হলেও কাজের কাজ কিছু হয়নি। মিয়ানমারের অনাগ্রহ ও রোহিঙ্গাদের ফিরে যেতে নানা শর্ত বেঁধে দেওয়া তথা অনীহার কারণে তাদের প্রত্যাবাসন চেষ্টা একাধিকবার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গারা মনে করেন, এখনো মিয়ানমারে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।
তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমারের সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে চীন কয়েক মাস ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে গত বছরের ডিসেম্বরে চীনের বিশেষ দূত দেং সি জুন মিয়ানমার সফর করেন। গত মাসের শুরুতে তিনি ঢাকা সফর করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দেখা করেন। তবে চীনের বিশেষ দূতের সফরের পর শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন- প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত বলা যায় না। কারণ এর আগে দুবার তারিখ দেওয়ার পরও তা ভেস্তে গেছে। তবে আমরা আশা করি, তারা দ্রুত ফিরে যাবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে রোহিঙ্গা প্রতিনিধিদের রাখাইনে ঘুরিয়ে দেখানোর বিষয়টি আলোচনায় এলেও মিয়ানমার তাতে রাজি হয়নি। ফলে প্রত্যাশার বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল প্রত্যাবাসন। তবে সম্প্রতি মিয়ানমারের একটি সিদ্ধান্তে রোহিঙ্গা প্রত্যাবাসনের পালে হাওয়া লেগেছে। রোহিঙ্গা প্রতিনিধিদের একটি দলকে রাখাইনে ঘুরিয়ে দেখানোর বিষয়ে রাজি হয়েছে মিয়ানমার।
গত ১৮ এপ্রিল কুনমিংয়ে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়, মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পরিবেশ কতটা অনুকূল তা দেখতে তাদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা মিয়ানমারের রাখাইনে যাবেন। এর অংশ হিসেবে কাল শুক্রবার রোহিঙ্গাদের প্রতিনিধি দল রাখাইনে যাবে। শুক্রবার সকালে নৌকাযোগে রাখাইন পৌঁছে সারা দিন সেখানে অবস্থান করে বিকালে আবার ফিরবে রোহিঙ্গাদের প্রতিনিধি দলটি। এর পর তারা মতামত দেবেন। তাদের মতামত ইতিবাচক হলেই কেবল প্রত্যাবাসন শুরুর তোড়জোড় শুরু হবে।
এই সফরের এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের একটি প্রতিনিধি দল কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে। সব ঠিক থাকলে চলতি মাসে এক হাজার ১৭৬ রোহিঙ্গার প্রথম দলটি নিয়ে প্রত্যাবাসন শুরু করতে চায় চীন ও মিয়ানমার।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, কুনমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিকল্পনা জানতে চাওয়া হয়। পরে সিদ্ধান্ত হয়েছে, এ বছর ৫ ধাপে প্রতিবারে এক হাজার ২০০ জন করে ৬ হাজার রোহিঙ্গাকে ডিসেম্বরের মধ্যে রাখাইনে ফিরিয়ে নেওয়া হবে। ওই বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পর্যালোচনার জন্য আগামী ডিসেম্বরে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মৌলিক কিছু বিষয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের মতপার্থক্য দূর হয়নি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী প্রতিদিন ৩০০ জন করে সপ্তাহের পাঁচ দিনে এক হাজার ৫০০ রোহিঙ্গাকে পাঠানোর কথা। কিন্তু মিয়ানমার এখন বলছে, তাদের প্রস্তুতিতে ঘাটতি থাকায় প্রতিদিন ৩০ জন করে সপ্তাহের ৫ দিনে ১৫০ রোহিঙ্গাকে রাখাইনে ফিরিয়ে নেওয়া যাবে। আর বাংলাদেশ বলছে, চুক্তির শর্ত অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।











