মুদ্রানীতিও বদলে যাচ্ছে আইএমএফের পরামর্শে
নিউজ ডেস্ক : এবার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির পরিচালনগত কাঠামোতেও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে (আইএমএফ) আগামী অর্থবছর হতেই মুদ্রানীতি কাঠামোতেও সুদহারের করিডর প্রথা চালু করা হবে। অর্থাৎ মুদ্রানীতির অপারেটিং টার্গেট বা টুলস হিসেবে সুদের হারকে বিবেচনায় নেওয়া হবে। এর মাধ্যমে বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। প্রচলিত কাঠামোয় রিজার্ভ মানিকে মুদ্রানীতির অপারেটিং টার্গেট হিসেবে বিবেচনায় নিয়ে বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ করা হয়। মুদ্রানীতি কাঠামোতে সুদহারের করিডর প্রথা চালুর বিষয়ে আজ বুধবার দেশের প্রাইমারি ডিলার ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের শর্তগুলোর অন্যতম হলো ব্যাংকের সুদহার নির্দিষ্ট করে না রেখে করিডর প্রথা চালু করে তা বাজারের ওপর ছেড়ে দেওয়া। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কাঠামোয় সুদহারের করিডোর প্রথা চালুর সুপারিশ করেছে দাতা সংস্থাটি। সে অনুযায়ী আগামী অর্থবছরের প্রথম
ষান্মাসিক হতে মুদ্রানীতিতেও সুদহারের করিডর প্রথা চালু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মুদ্রানীতিতে আরও কার্যকর করতে এর কাঠামোতে সুদহারের করিডর প্রথা চালু করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, মুদ্রানীতির অন্যতম লক্ষ্য হলো মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখা। এতদিন রিজার্ভ মানিকে অপারেটিং টার্গেট বিবেচনার নিয়ে বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মুদ্রানীতির কার্যক্রম পরিচালিত হতো। তবে আগামী অর্থবছর হতে এ ব্যবস্থা পরিবর্তন করে মুদ্রানীতির অপারেটিং টার্গেট হিসেবে সুদহারকে বিবেচনায় নেওয়া হবে। এর মাধ্যমে বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইএমএফের পরামর্শেই মুদ্রানীতি আধুনিকায়ন করা হচ্ছে।
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাজারে এমনভাবে অর্থের জোগান নিয়ন্ত্রণ করা হয়, যাতে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় থাকে এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা যায়। এরই মধ্যে আগামী অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি প্রণয়নের কাজ শুরুও করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন মাসের প্রথম ভাগে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করবে গভর্নর আবদুর রউফ তালুকদার।
জানা যায়, আইএমএফের পরামর্শে সুদহার বাজারভিত্তিক করতে দুই রকম করিডর ব্যবস্থা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে একটা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর গ্রাহকদের বিতরণ করা ঋণের সুদহার। এটাকে রেফারেন্স রেটসহ করিডর বলা হবে। অপরটি হবে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ধার দেওয়া-নেওয়ার সুদহার। এটাকে বলা হবে পলিসি রেটসহ করিডর, যা মুদ্রানীতি পরিচালনার টুলস হিসেবে ব্যবহার হবে।
মুদ্রানীতি কাঠামোয় সুদহারের করিডর: পার্শ্ববর্তী দেশ ভারতের মুদ্রানীতির আদলে মুদ্রানীতি কাঠামোয় করিডর প্রথা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যবস্থায় পলিসি রেটকে একটা পর্যায়ে রেখে সুদহারের একটা করিডর দেওয়া হবে। এ ক্ষেত্রে কলমানি বা পলিসি রেটের মতো শর্টটার্ম সুদহারকে টার্গেট করা হবে। এই রেটেই বাজারে অর্থের সরবরাহ বাড়নো-কমানো হবে, যাতে বাজারে অতিরিক্ত টাকা না থাকে, আবার ঘাটতিও না হয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে ওই করিডরের আওতায় পৃথক রেট থাকবে। এর একটা হলো লেন্ডিং রেট, অপরটি হলো ডিপোজিট রেট। বাজারে যখন অতিরিক্ত তারল্য থাকবে সেটা তুলে নেওয়ার জন্য ডিপোজিট রেট প্রয়োগ করা হবে। আর যখন ব্যাংকগুলোতে অর্থের সংকট থাকবে তখন তাদের অর্থ ধার দেওয়ার জন্য লেন্ডিং রেট প্রয়োগ করা হবে।
ব্যাংকঋণের সুদহারের করিডর: আগামী জুলাই থেকে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দিয়ে একটি সুদহার করিডর ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় ব্যাংকঋণের সুদহার নির্ধারণ হবে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের সঙ্গে সম্পর্ক রেখে। ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ পর্যন্ত যোগ করা যাবে। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘শর্টটার্ম মান্থলি এভারেজ রেট’ বা স্মার্ট। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রতি মাসে ট্রেজারি বিলের একাধিকবার নিলাম হয়। ফলে এর সুদের হারের ওপর ভিত্তি করে একটা গড় হার নির্ধারণ করা হবে। যদি ট্রেজারি বিলের সুদহার কমে যায়, তবে অতিরিক্ত হার বাড়িয়ে সুদের হার বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। অর্থাৎ প্রতি মাসে গড় সুদহার কত হবে, তা নির্ধারণ করে জানাবে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ছয় মাস মেয়াদি গড় সুদহারও জানানো হবে।











