দক্ষিণ আমেরিকার লিথিয়াম নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের টানাটানি
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার তিনটি দেশ আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলিতে বিশ্বের মোট লিথিয়ামের অর্ধেকেরও বেশি পাওয়া যায়। এসব দেশের লিথিয়ামের বাজারের ওপর শুধু ব্যবসায়ীদেরই নয় অনেক দিন ধরেই অনেক দেশের সরকারেরও কড়া নজর। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, নানা ধরণের ব্যাটারি, এমনকি গাড়ির ব্যাটারি তৈরিতেও লিথিয়াম প্রধান উপকরণ। তাই চীন বা যুক্তরাষ্ট্রের মতো দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাতুর সরবরাহ নিশ্চিত করতে তৎপর।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের লাতিন আমেরিকা বিভাগের পরিচালক বেনজামিন জেদান বলেন, জ্বালানির বাজার রূপান্তরিত হচ্ছে এবং সেইসঙ্গে প্রধান শক্তিধর দেশগুলো বিকল্প জ্বালানির জন্য প্রয়োজনীয় উপাদানের জন্য উঠে-পড়ে লেগেছে। আর সেই প্রতিযোগিতার যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে লাতিন আমেরিকা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই দৌড়ে পিছিয়ে পড়েছে এবং চীনের তৎপরতা নিয়ে তারা খুবই চিন্তিত।
অনেক বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চীনা কোম্পানিগুলো হোয়াইট গোল্ড (শ্বেত সোনা) নামে খ্যাত লিথিয়ামের মজুদ নিশ্চিত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশটি বিশেষভাবে নজর দিয়েছে দক্ষিণ আমেরিকায়। কেননা এই ধাতুর সবচেয়ে বড় মজুদ সেখানেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরীপ বিভাগের হিসাব অনুযায়ী, বলিভিয়ায় বিভিন্ন খনিতে লিথিয়ামের মজুদ ২১ মিলিয়ন টনের মতো। আর্জেন্টিনার রয়েছে ১৯ দশমিক ৩ মিলিয়ন টন এবং চিলির মজুদ ৯ দশমিক ৬ মিলিয়ন টন। মেক্সিকোর মজুদ যদিও মাত্র ১.৭ মিলিয়ন টন, কিন্তু লিথিয়াম ইস্যুতে দেশটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি যুক্তরাষ্ট্রের পাশে এবং বৈদ্যুতিক গাড়ি তৈরির বেশ বড় একটি কেন্দ্র হয়ে উঠছে মেক্সিকো। টেসলা এবং বিএমডব্লিউ সম্প্রতি ঘোষণা করেছে তারা মেক্সিকোতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে।
মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কম্যান্ডের প্রধান জেনারেল ল্যরা রিচার্ডসন সম্প্রতি সতর্ক করেছেন, চীন লাতিন আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলে তাদের অর্থনৈতিক, কূটনৈতিক, প্রযুক্তিগত, তথ্যপ্রবাহ এবং সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মার্চে মার্কিন কংগ্রেসের সেনাবাহিনী বিষয়ক কমিটির সামনে এক শুনানিতে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি নির্ভরতার জন্য উঠেপড়ে লেগেছে। চীনও সেই দৌড়ে এগিয়ে এবং গত কয়েকবছর ধরে তারা সেই লক্ষ্যে লিথিয়ামসহ প্রয়োজনীয় খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করতে বিশেষ তৎপর।
জানুয়ারি মাসে চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার সাথে এক সাক্ষাৎকারে চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ওয়াং গুয়াংহুয়া বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের জন্য চীন অন্য দেশের ওপর অনেকটাই নির্ভরশীল।
ফলে বিশ্ব পরিস্থিতিতে কোন রদবদল হলে অর্থনৈতিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। চীনা সরকার ২০১৬ সালে প্রকাশিত তাদের জাতীয় প্রাকৃতিক সম্পদ পরিকল্পনায় ২৪টি খনিজ সম্পদকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করে।
দক্ষিণ আমেরিকার খনিতে চীন বিশাল অংকের টাকা বিনিয়োগ করেছে। আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলির মত দেশগুলোও চীনের প্রযুক্তি এবং পূঁজির সুবিধা নিতে খুবই উৎসাহী। তারা মনে করছে এতে তাদের স্থানীয় শিল্পেরও উন্নয়ন হবে।
গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ আমেরিকা বিষয়ক গবেষক পেপ ঝাং বলছেন, যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং গ্রিন প্রযুক্তির সাপ্লাই চেনে তাদের অবস্থান শক্ত করতে উদগ্রীব।
বিবিসিকে মি ঝাং বলেন, প্রযুক্তি এবং ভূ-রাজনীতি নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে রেষারেষিতে লিথিয়াম এখন খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য হয়ে উঠেছে এবং চীন এই প্রতিযোগিতায় একেবারেই পিছিয়ে নেই।
এদিকে যুক্তরাষ্ট্রও বলেছে, কৌশলগত কারণে খনিজ দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা তাদের কাছে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর এক বিবৃতিতে বলেন, অনেক আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য প্রয়োজন এবং আমাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এগুলো দরকার।
বাইডেন আরও বলেছিলেন,এসব খনিজ দ্রব্যের চাহিদা আগামী কয়েক দশকে ৪০০ থেকে ৬০০ শতাংশ বৃদ্ধি পাবে, লিথিয়াম এবং গ্রাফাইটের চাহিদা বাড়বে চার হাজার গুণ।
গবেষক বেনজামিন জেদান বলেছেন, চীন লাতিন আমেরিকায় ব্যাটারি তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে, ফলে তারা (আমেরিকার চেয়ে) সুবিধাজনক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র মূলত চেষ্টা করছে গ্রিন প্রযুক্তি তৈরিতে মার্কিন কোম্পানিগুলোকে সাহায্য করতে দক্ষিণ আমেরিকা থেকে কাঁচামাল নিয়ে আসতে।
তিনি আরও বলেন, আমেরিকা এখন সেটি বুঝে তারাও চীনের পথ নিতে চাচ্ছে। ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের দড়ি টানাটানির মধ্যে পড়ে গেছে দক্ষিণ আমেরিকা।











