,

অনন্তই কি শাকিবের প্রতিদ্বন্দ্বী

news-image

ফয়সাল আহমেদ
শাকিব খান এক সময়ের ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। আর অনন্ত জলিল আলোচিত চিত্রনায়ক। রোজার ঈদে মুক্তি পেয়েছে তাদের একটি করে সিনেমা। অনন্ত জলিল-বর্ষার ‘কিল হিম’ আর শাকিব খান-বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’। স্বাভাবিক কারণে এই দুই সিনেমা ঘিরেই দেখা গেছে দর্শক-আগ্রহ; কিন্তু আগ্রহটা বেশি দেখা যাচ্ছে সিনেমা হলের বাইরে। হলের বাইরে ঘঠছে নানান রকম ঘটনা। চলছে এই দুই তারকার ভক্তদের মধ্যে কথা কাটাকাটি। তবে এর মধ্যে কথা উঠেছে- সিনেমার শো হাউসফুল দেখাতে লোক ভাড়া করেছেন অনন্ত জলিল। আর এটা নিয়ে বিশৃঙ্খলা করছেন শাকিব খানের ভক্তরা! আর এটা প্রমাণ করতে সেই বিশৃঙ্খলাকারীকে খুঁজে বের করেছেন ‘কিল হিম’-এর প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তার দাবি- ওইদিনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনাটি পুরো পরিকল্পিত। আর তা ঘটিয়েছে শাকিব খানের ভক্তরা! তার কথার সঙ্গে একমত পোষণ করেছেন অনন্ত জলিলও। মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা খুঁজে পেয়েছি, কারা ওইদিন অনুষ্ঠানে ঝামেলা করেছে আর এর পেছনে কারা কারা জড়িত। ওইদিনের সুন্দর একটি আয়োজন নষ্ট করেছে শাকিবের এক ভক্ত। আর এটি করা হয়েছে, অনন্ত জলিল ও আমাদের সুনাম নষ্ট করার জন্য। সিনেমাটি ভালো যাচ্ছে- এটা তারা চায় না। যে ছেলেটি পুরো ঘটনা ঘটিয়েছে, সে নারায়ণগঞ্জ থাকে।’ ক্যারিয়ারের শুরুতেও শাকিবের সঙ্গে জলিলের দ্বন্দ্বের কথা শোনা যেত। এ নিয়ে জলিল বলেন, জনপ্রিয়তা থাকলে অনেকেই পেছনে কথা বলে। এসব তথ্য সঠিক নয়। ব্যক্তিগতভাবে আমি শাকিবকে পছন্দ করি। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যে শাকিব এতদিন ধরে আগলে রেখেছে, এজন্য তাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই।

সিনেমা হলের দিক থেকে এগিয়ে আছে শাকিব খানের সিনেমা। ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্ত হল দখলের দিক থেকে শাকিব এগিয়ে থাকলেও স্টার সিনেপ্লেক্সে শোয়ের দিক থেকে এগিয়ে আছেন অনন্ত জলিল। স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী ঈদের দিন বসুন্ধরা সিটি শাখায় ‘কিল হিম’-এর শো রয়েছে তিনটি। পরের দিন থেকে দেওয়া হয়েছে চারটি করে শো। আর ‘লিডার আমি বাংলাদেশ’-এর প্রতিদিন দুটি করে শো আছে এই শাখায়। রাজধানীর সীমান্ত সম্ভার শাখায় ঈদের দিন ‘কিল হিম’-এর একটি এবং পরদিন থেকে দুটি করে শো রাখা হয়। এই শাখায় শাকিব খানের সিনেমার কোনো শো রাখা হয়নি। একই অবস্থা মহাখালীর এসকেএস টাওয়ারেও। প্রতিদিন ‘কিল হিম’-এর দুটি করে শো থাকলেও এই হলে ঠাঁই হয়নি ‘লিডার আমি বাংলাদেশ’-এর। স্টার সিনেপ্লেক্সের মিরপুরের সনি স্কয়ার শাখায় আছে শাকিবের সিনেমা। ঈদের দিন একটি ছাড়া প্রতিদিন দুটি করে শো আছে। অন্যদিকে এই শাখায় ‘কিল হিম’-এর ঈদের দিন তিনটি এবং পরদিন চারটি করে শো আছে। বিষয়টি নিয়ে কথা হয় স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, আমরা দর্শকদের চাহিদার ওপর ভিত্তি করে শো নির্ধারণ করি। তবে এই টাইম বা সংখ্যা কোনোটাই চূড়ান্ত নয়। এটা যে কোনো সময় পরিবর্তনশীল।’

এদিকে লোক ভাড়া করার বিষয়ে জলিল বলেন, ‘এটি হাস্যকর কথা। করোনার সময় আপনারা দেখেছেন, মানুষকে কাজে (অফিসে) রাখা যায়নি। প্রাণ ভয়ে তারা অফিস করাই বন্ধ করে দিয়েছে। আর আমাদের গার্মেন্টস খুলবে ২৮ তারিখ। শুধু আমাদের নয়, ঢাকার বেশির ভাগ গার্মেন্টসই খুলবে ২৬-২৭ তারিখে। আর মানুষের তো খেয়েদেয়ে কাজ নেই যে, বললেই চলে আসবে। লোক ভাড়ার বিষয়টি নিয়ে আমার কোনো কথা নেই, এটি হাস্যকর। আমার কথা- ওইদিন এমন বিশৃঙ্খলা তারা কেন করল? এটি করা কি তাদের ঠিক হয়েছে?’ সিনেমাটির প্রযোজকের কথায়- ‘ছেলেটি আমাদের সামনে এসে বলে, ভাই আমি এক সময় শাকিব খানের ভক্ত ছিলাম; কিন্তু এখন আর নেই। আপনাদের ছবি দেখে ভালো লাগছে। ওর মুখে এসব শুনে আমি বলি- তুমি কি বাংলা সিনেমার ভক্ত। তখন ও উত্তর দেয়, হ্যাঁ। বললাম, বাংলা ছবির সঙ্গেই থাকবে। সবার ছবি দেখবে। এর পর সে আমাদের সামনে থেকে চলে যায়। কিছুক্ষণ পরই শুনি হট্টগোল লেগে গেছে। তার পর যা হয়েছে তা তো সবাই জানেন।’

এখন এসব নোংরামি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এটা কেমন কথা? এসব তো আশা করা যায় না। একসঙ্গে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। যারটা ভালো হবে তারটা দর্শক দেখবে। আর যারটা ভালো হবে না তারটা দেখবে না। হলে লোক আছে কি নেই তার কোনো খোঁজ নেই। অথচ হলের বাইরে চলছে নাটক।’ এ বিষয়ে শাকিব খানের ফোনে কল দেওয়া হলেও তিনি কোনো রেসপন্স করেননি। তবে অনন্ত জলিল বলেন, ‘দেশের চলচ্চিত্রকে বাঁচাতে হলে এসব নোংরা চিন্তা-ভাবনা বদলাতে হবে। আমি তো সবাইকে বলি- বাংলা সিনেমা দেখুন। শাকিব খান, আরিফিন শুভ, সিয়ামসহ সব নায়কের সিনেমা দেখতে আমি আমার ভক্তদের বলে থাকি। দেশের চলচ্চিত্রের কথা ভাবলে, সবাইকে এসব নোংরা মন-মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তবেই বাংলা সিনেমার জয় হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না