রাজস্ব আয় বাড়াতে হবে ৬৫ হাজার কোটি টাকা
আবু আলী
আগামী ২০২৩-২৪ অর্থবছরে কর-জিডিপির অনুপাত ৭ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৩ শতাংশে উন্নীত করার শর্ত দিয়েছে ?আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ফলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আগামী অর্থবছরের প্রায় ৬৫ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। এ জন্য করের আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধে রাজস্ব কার্যক্রমকে অটোমেশন করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে এনবিআর। এ ছাড়া কর অব্যাহতি কমিয়ে আনারও কৌশল নিয়েছে সংস্থাটি। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশ্বের যেসব দেশে কর-জিডিপির অনুপাত কম, বাংলাদেশ তার অন্যতম। ফলে এ দেশে প্রয়োজনীয় খাতগুলোতে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করা যাচ্ছে না। ঋণের শর্ত হিসেবে কর আদায়ের কৌশল ঠিক করতে বলেছে আইএমএফ। এ ব্যাপারে সংস্থাটি কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম পর্যালোচনার আগেই করতে হবে কাজটি। প্রথম কিস্তি পাওয়ার পর এ বিষয়ে এনবিআর কী করল, তা সংস্থাটির কাছে জানতে চাইবে মিশন।
জানা গেছে, আইএমএফ গত ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ প্রস্তাব অনুমোদন করে। এর তিন দিন পরই প্রথম কিস্তিতে ছাড় করে ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে ৩ বছরে মোট ৭ কিস্তিতে দেবে ঋণের পুরো অর্থ। সেই হিসাবে বাকি আছে আরও ৬ কিস্তি।
আইএমএফ সাধারণত প্রতি কিস্তি দেওয়ার আগে শর্ত পালনের নানা দিক নিয়ে পর্যালোচনা করে থাকে। সে অনুযায়ী দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে ঋণের শর্ত পূরণের বিষয়টি পর্যালোচনা করতে আইএমএফের একটি দল বাংলাদেশে আসবে। বাজেট-সহায়তা হিসেবে দেওয়া অর্থের ব্যবহারের শর্ত পূরণের বিষয়ে আলোচনা করবে এ মিশন। সেই সঙ্গে ঋণ কর্মসূচিও থাকবে আলোচনায়।
আগের বারের মতো এ বৈঠকেও আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্ব দেওয়ার কথা। আগামী ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। সংস্থাগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী অর্থবছরে এনবিআরকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের অর্থনীতির আকার বিবেচনায় বাংলাদেশে কর আদায়ের হার তথা কর-জিডিপির অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। এর কারণ শুধু করের আওতা কম কিংবা কর ফাঁকি নয়, বিপুল অঙ্কের কর অব্যাহতি বা কর ছাড় দেওয়ার বিষয়ও রয়েছে। কর অব্যাহতির এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে আইএমএফ। বাংলাদেশ তাতে সম্মতি দিয়ে ব্যতিক্রমধর্মী জনস্বার্থমূলক কার্যক্রম ছাড়া শুল্ক-কর অব্যাহতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।
এরই মধ্যে শুল্ক খাতে বিশেষ অব্যাহতি তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভ্যাটের কিছু কিছু খাতে দেওয়া অব্যাহতি আগামী বাজেটে উঠিয়ে দেওয়া হতে পারে। এ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে রেয়াতি সুবিধাও প্রত্যাহার করে নেওয়া হবে। এতে বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ আমাদের সময়কে বলেন, এই লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে। আসলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এনবিআরের সক্ষমতা অনুসারে হওয়া উচিত। অস্বাভাবিক লক্ষ্যমাত্রার ফলে সরকারের ঋণ বাড়ছে, এনবিআরের ওপর চাপ বাড়বে। যেহেতু নতুন করে করের আওতা বাড়ছে, ফলে পুরনো করদাতাদের ওপর চাপ বাড়বে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘বর্তমান কর প্রশাসন দিয়ে আগামী অর্থবছরে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায় করা অসম্ভব হবে। সংস্কার যদি আরও তিন-চার বছর আগে শুরু হতো, তাহলে সম্ভব হবে। সাধারণত প্রতিটি বাজেট ঘোষণার আগে বাজেট-সহায়তা নিয়ে আলোচনা করতে আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। এখন যেহেতু তাদের সঙ্গে ঋণ কর্মসূচি চলছে, সেহেতু বাজেট-সহায়তার পাশাপাশি ঋণের শর্ত পূরণের বিষয়গুলোও আলোচনায় আসবে। তারা এবার দেখবে, আগামী বাজেটটি ঋণ কর্মসূচির শর্তগুলোর সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হচ্ছে।
এনবিআর সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন সনদধারীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। কিন্তু আয়কর রিটার্ন জমা হয় মাত্র ২৮ লাখ। যেসব টিআইএনধারী রিটার্ন জমা দেন না, তাদের বাধ্য করতে সঞ্চয়পত্র, জমি নিবন্ধন থেকে শুরু করে ইউটিলিটি সংযোগ, ক্রেডিট কার্ডসহ ৩৮টি সেবায় আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এটি বাস্তবায়নে নির্বাচন কমিশন, ডিপিডিসি, বিআরটিএ, সঞ্চয় অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদারকি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
করের পরিমাণ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য সুনির্দিষ্ট ছয়টি কর্মকৌশল নিয়েছে। এর আওতায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে প্রত্যেক কর্মচারীর দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্ট করা হবে। কর্মজীবন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নিয়োগ, পদোন্নতি, পদায়ন, প্রশিক্ষণ ও প্রণোদনা নির্দিষ্ট করা হবে। কর্মচারীদের জন্য প্রয়োজনীয় আইটিসহ অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সর্বোপরি যথাযথ মূল্যায়নের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে।
এনবিআর সূত্রমতে, বর্তমানে বছরে এনবিআর গড়ে আড়াই লাখ কোটি টাকার মতো কর অব্যাহতি দেয়। পর্যায়ক্রমে এই কর অব্যাহতি কমিয়ে সরকারের বিভিন্ন খাতে খরচ করার সামর্থ্য বৃদ্ধির পক্ষে আইএমএফ।











