কর্মীদের উজ্জীবিত করতে মাঠে থাকবেন সব নেতা
নজরুল ইসলাম
চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে নেতাকর্মীদের উদ্দীপনা বাড়াতে চাইছে বিএনপি। বাড়াতে চায় চলমান আন্দোলনের প্রতি জনসমর্থনও। এ জন্য নতুন কৌশলও গ্রহণ করেছে বিএনপি। এই কৌশলের অংশ হিসেবে দলের সক্রিয় অথবা নিষ্ক্রিয় সব পর্যায়ের নেতাদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার ঢাকাসহ দেশের সব মহানগরের থানা এবং উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি সফলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা-মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সাবেক এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আমাদের সময়কে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলনের মধ্যেই আছি। তবে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে নেতাকর্মীদের আরও উজ্জীবিত করতে চাই। দেশের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে চাই। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় গেছেন।
১০ দফা বাস্তবায়নের দাবিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ৫০টি থানায় এ অবস্থান কর্মসূচি হবে বলে বিএনপি মহানগর থেকে জানানো হয়েছে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ঢাকাসহ দেশের সাড়ে ৬শ স্থানে এই অবস্থান কর্মসূচি হবে।
গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সহসম্পাদক, জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতা এবং দলের সাবেক এমপিদের অবস্থান কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন- এমন নেতাদের ওপরও এবার দায়িত্ব পড়েছে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের সময়কে বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপির ১০ দফার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
দলের শীর্ষপর্যায়ের এক নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেষবারের মতো সবাইকে সুযোগ দিচ্ছেন। চলমান আন্দোলনে ভূমিকা রেখে যদি কেউ সক্রিয় হন, নেতাকর্মীরা যদি মেনে নেয়, তা হলে আগামীতে দলের গুরুত্বপূর্ণ পদ-পদবির বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
দলের একাধিক নেতা আমাদের সময়কে বলেন, আজ শনিবারের অবস্থান কর্মসূচি ঘিরে তাদের মধে দুই ধরনের শঙ্কা কাজ করছে। একটি শঙ্কা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য বাধা। এ ছাড়া বিএনপি নেতাদের কোন্দল মাথাচড়া দেয় কিনা, তা নিয়েও শঙ্কা আছে। বিএনপি নেতাদের ভাষ্য, ক্ষমতাসীনদের বাধা মোকাবিলা যতটা সহজ, তার চেয়ে দলের কোন্দাল মোকাবিলা করা কঠিন। অনেক সময় ক্ষমতাসীনদের দিক থেকে দলের বিদ্রোহীদের শক্তির জোগান দেওয়া হয়।
জ্যেষ্ঠ নেতারা বলছেন, ক্ষমতাসীনদের বাধা মোকাবিলা করে ৯ বিভাগীয় গণসমাবেশ সফল করে আন্দোলনের তীব্রতা উঁচুতে নিয়েছিলেন নেতাকর্মীরা। শুধু ঢাকার নেতাদের কারণে তা নিচের দিকে নেমে যায়। দলীয় সূত্রে জানা যায়, এ অবস্থায় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে আন্দোলনের পারদ উঁচুতে তুলতে চায় দলটি। গত ১০ ডিসেম্বরের আগে সরকারবিরোধী আন্দোলনে যে গতি এসেছিল, তা ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের চলমান ক্রান্তিকালে বিএনপি জনগণের অধিকার, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনে জনগণ নেমে এসেছে। তাদের সমর্থন নিয়ে আগামীতে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়া হবে।
বিএনপি নেতারা জানান, শুধু দলের সাংগঠনিক সক্ষমতা নয়, অন্যান্য দলের মতামত, তাদের চাওয়া-পাওয়াকে সমন্বয় করা হচ্ছে। সুশীল-বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী, কূটনৈতিক মহল, প্রশাসনসহ সব জায়গায় তারা কাজ করছেন। এসব জায়গা ‘ঠিকঠাক’ করতে পারলেই এক দফার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে তাদের। এ জন্য রোজার মধ্যেও তাদের ধারাবাহিক আন্দোলন চলমান রয়েছে।
দলের স্থায়ী কমিটির এক নেতা জানান, চলমান আন্দোলনে যেসব স্থানে দুর্বলতা পাওয়া যাবে, তা চিহ্নিত করে সংগঠনকে আরও আন্দোলনমুখী করার উদ্যোগ নেওয়া হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে আরও বেশি সক্রিয় করা। এ জন্য এই দুই ইউনিটের একেবারে তৃণমূল থেকে সব নেতাকর্মীকে আন্দোলনে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, দেশকে স্বৈরশাসন মুক্ত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তির জন্য ওই আন্দোলনে তারা জীবনবাজি রাখতে চান।
এক দফায় যেতে চায় ১২ দল
গতকাল ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে গুরুত্ব দেন জোটের নেতারা। এ জন্য নিজেদের প্রস্তুতিও তুলে ধরেন তারা। আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে তুলে ধরেন নিজেদের মতামত।
সম্প্রতি যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের ১৪ দফা ও ৭ দফা রূপরেখার ধারা ও উপধারা নিয়ে ১২ দলীয় জোট নেতারা আপত্তি তোলেন। তাদের মতে, ক্ষমতাসীন সরকারের পদত্যাগকে প্রাধান্য দিয়ে এক দফার ভিত্তিতে আন্দোলনের রূপরেখা হতে হবে। এটা পরে দুই কিংবা তিন দফা হতে পারে। এর মধ্যে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয় রয়েছে। এর বাইরে যেসব রূপরেখা দেওয়া হচ্ছে তা এ মুহূর্তে অবান্তর। বরং তা রাষ্ট্র মেরামতের রূপরেখা হতে পারে বলেও মতামত তুলে ধরেছেন নেতারা।
এই বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশগ্রহণ করেন। অন্যদিকে ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম উপস্থিত ছিলেন।
নামছে অন্যান্য দলও
বিএনপি ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি আজ শনিবার বিকাল ৩টায় রাজধানীর পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে। এতে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য, ১৫ সংগঠনের সমন্বয়ে গঠিত সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট অবস্থান কর্মসূচি পালন করবে।











