বিএনপি নেতাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উসকানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ আগুনের ঘটনা সারা দেশের মানুষকে মর্মাহত করেছে। আগুনের লেলিহান শিখা ব্যবসায়ী ও কর্মচারীদের স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যার যার সাধ্য মতো তাদের সহযোগিতা করার চেষ্টা করছে। অথচ এমন ভয়াবহ ঘটনাও বিএনপির অনুভূতিকে নাড়া দিতে পারেনি। ক্ষমতার মোহে বিএনপি নেতাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে। তাই ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেতারা চিরাচরিত ভঙ্গিতে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাজনীতি করছে।’
তিনি বলেন, ‘আগুনের কারণ উদঘাটনে কোনো কালক্ষেপণ না করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনতিবিলম্বে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বা আওয়ামী লীগের প্রভাবশালী কেউ জড়িত থাকলে তদন্ত করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সময়ক্ষেপণ করা হতো। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার পেছনে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘অতীত ইতিহাস থেকে দেখা যায় গেছে, বিএনপি তাদের তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় সন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে। অভিনব কায়দায় অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যা করেছে। অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির এক ধরনের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা থেকে বিএনপি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এ সব অগ্নিকাণ্ড ঘটিয়েছে কী-না তাও খতিয়ে দেখা হচ্ছে।’











