সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যাচ্ছে ঢাকার পানির উৎস

news-image

শাহজাহান মোল্লা
রাজধানীতে বড় কোনো অগ্নিকা- ঘটলেই আলোচনায় আসে ‘পানির উৎস’। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ের পরও পানির পর্যাপ্ত উৎস না থাকার বিষয়টি সামনে আসে। ওই দিন পানির খোঁজে রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীদের। শেষমেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলসংলগ্ন পুকুর থেকে পানি সংগ্রহ করেন তারা। পানি ভর্তি গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটতে দেখা যায় ঢাকা ওয়াসার কর্মীরাদেরও। সে দিন পানির অভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের সময় লাগে প্রায় ছয় ঘণ্টা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, পানির স্বল্পতা, বাতাস এবং উৎসুক জনতার ভিড়- এ তিন কারণে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের।

শুধু বঙ্গবাজার নয়, রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকা-ের সময়ও দেখা দেয় পানির অভাব। ঢাকায় বড় কোনো অগ্নিকা- ঘটলে নির্ভর করতে হয় হাতিরঝিল কিংবা ধানমন্ডি লেকের ওপর।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার অধিকাংশ জলাশয় ও পুকুর দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। কল্যাণপুরের ১০০ একর জলাশয় তিন একরে নেমে এসেছে। এমনকি ঢাকার পান্থপথে পানি ভবন নির্মাণ করা হয়েছে পুকুর ভরাট করে। পুরান ঢাকায় অনেক পুকুর

দখলের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইতিহাসের পাতায় পুরান ঢাকার অসংখ্য পুকুর-জলাশয় ছবি হয়ে আছে। সরেজমিনে কোনো অস্তিত্ব মিলবে না।

শুধু আগুন নিয়ন্ত্রণই নয়, জলাধারগুলো ভরাট হওয়ায় বৃষ্টির সময় ভয়াবহ জলাবদ্ধতায় ভুগতে হয় ঢাকাবাসীকে। এ নিয়ে কথা হয়; পরিকল্পনা গ্রহণ করা হয়; কিন্তু জলাধার রক্ষায় কোনো সংস্থাই কার্যকর ভূমিকা গ্রহণ করে না। জলাধার রক্ষায় আইন থাকলেও প্রয়োগ নেই। বেসরকারি নানা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি সংস্থার বিরুদ্ধেও জলাধার ভরাটের অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, দখল ও আবাসন চাহিদা মেটাতে গিয়ে রাজধানী ঢাকার খাল-পুকুর হারিয়ে গেছে। উন্নয়নের নামে জলাধার ভরাট করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে নগরবাসী। বলা হয় এক সময় জলযান দিয়েই এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করত ঢাকাবাসী। ভারী বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতা দেখা দিত না।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তথ্য বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫০০টি পুকুর ছিল। এসব পুকুর বেশির ভাগই ব্যক্তি মালিকানাধীন। এসব পুকুরের ৬০ থেকে ৭০ শতাংশ ভরাট হয়ে গেছে।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২০১৭ সালের জরিপ বলছে, ঢাকার দুই সিটিতে মোট পুকুরের সংখ্যা ৭১টি। এর মধ্যে সরকারি ৪৮টি, ব্যক্তি মালিকানার ২৩টি। এ ছাড়া ঢাকায় লেক আছে ১৪টি। সরকারি পুকুরগুলোর মধ্যে বঙ্গভবনে চারটি, বর্ডার গার্ড ঝিগাতলায় পাঁচটি, পুলিশ লাইনস মিরপুরে দুটি, রাজারবাগ পুলিশ লাইনসে দুটি, ঢাকা বিশ^বিদ্যালয়ে তিনটি ও আজিমপুর সরকারি কলোনিতে দুটি পুকুর রয়েছে।

জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী, সরকারি কিংবা ব্যক্তিগত কোনো জলাধার বা পুকুরের শ্রেণি পরিবর্তন করা যাবে না। রাজধানীর পুকুরগুলো সংরক্ষণ করার কথা ড্যাপের প্রস্তাবেও আছে।

ড্যাপ প্রণয়ন কমিটির অন্যতম সদস্য রাজউকের নগরপরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম আমাদের সময়কে বলেন, সরকারি পুকুরগুলো সরকারিভাবে সংরক্ষণ করব। অন্য পুকুরগুলোও সংরক্ষণ করা হবে। তাছাড়া ড্যাপে ৪৯টি জলাধারকেন্দ্রিক পার্ক করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর আয়তন হাতিরঝিলের মতোই হবে।

পুুকুর উদ্ধার প্রসঙ্গে রাজউকের এই কর্মকর্তা বলেন, মতিঝিলের ঝিল উদ্ধারসহ ঢাকা মেট্রোপলিটন এলাকার যেসব এলাকায় কোনো জলাশয় নেই অথচ দুর্যোগপ্রবণ এলাকা, সেসব এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পুকুর সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউক প্রথম পর্যায়ে ৮-১০টি পুকুর খনন ও সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে হলেও পুকুরগুলো সংরক্ষণ করবে রাজউক।

ঢাকার পুকুর নিয়ে কাজ করা পরিবেশবিদ সৈয়দ সাইফুল আলম আমাদের সময়কে বলেন, পুরো ঢাকা শহরে এখনও ১৫০টি পুকুর রয়েছে। ১৩৫টি পুকুর নিজেই দেখেছি। অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সংস্থায় চিঠি দিয়ে পুকুর উদ্ধারের আবেদন করেছি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ২০১৯ সালে ঢাকা ও এর চারপাশের জলাশয় ভরাটের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, মহানগর এলাকায় ১০ থেকে ১৫ শতাংশ এলাকা জলাশয় থাকা উচিত। বিভিন্ন গবেষণার তথ্য উল্লেখ করে এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৫ হাজার ৭৫৭ একর জলাভূমি ঢাকা থেকে হারিয়ে গেছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সাবেক সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান আমাদের সময়কে বলেন, নব্বইয়ের দশকেও ঢাকায় এক হাজারের ওপরে পুকুর ছিল। কারণে-অকারণে সেগুলো ভরাট হয়ে এখন ১০০ এর নিচে নেমে এসেছে। জলাধার সংরক্ষণ আইন কোনো সংস্থা বা ব্যক্তিই মানছে না। ঢাকায় পানি ভবনও করা হয়েছে পুকুর ভরাট করে। এখন বিএডিসি নতুন করে জলাশয় ভরাটের পাঁয়তারা করছে। পুকুরগুলো সংরক্ষণের উদ্যোগ না নিলে সামনে আরও ভয়াবহ সংকট হবে।

ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) এক সমীক্ষা বলছে, গত সাড়ে তিন দশকে হারিয়ে গেছে ঢাকার ১০ হাজার হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সাল নাগাদ ঢাকায় জলাশয় ও নিম্নভূমির পরিমাণ মোট আয়তনের ১০ শতাংশের নিচে নেমে যাবে।

এতে বলা হয়েছে, ১৯৭৮ সালে ঢাকা ও আশপাশের এলাকায় জলাভূমির পরিমাণ ছিল দুই হাজার ৯৫২ হেক্টর এবং নিম্নভূমি ১৩ হাজার ৫২৮ হেক্টর। একই সময়ে খাল ও নদী ছিল দুই হাজার ৯০০ হেক্টর। রাজধানীর বৃষ্টির পানি এসব খাল দিয়েই পড়েছে নদীতে। ২০১৪ সালে ঢাকা ও আশপাশে জলাভূমি কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৫ হেক্টরে, নিম্নভূমি ছয় হাজার ১৯ হেক্টর এবং নদী-খাল এক হাজার দুই হেক্টর। অর্থাৎ ৩৫ বছরে জলাশয় কমেছে ৩৪ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে নিম্নভূমি কমেছে ৫৪ দশমিক ১৮ এবং নদী-খাল ৬৫ দশমিক ৪৫ শতাংশ।

আরেক সংস্থা ‘রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের’ তথ্যমতে, ১৯২৪ সালের ব্রিটিশ টপোগ্রাফি ম্যাপে আদি ঢাকায় ১২০টি পুকুরের অস্তিত্ব ছিল। পুরান ঢাকায় বর্তমানে ২৪টি পুকুর রয়েছে। গত ৫০ বছরে ৯৬টি পুকুর হারিয়ে গেছে। তবে ঢাকার আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে পুকুর ও জলাশয় বেড়েছে। বর্তমানে ঢাকায় ২৪১টি পুকুরের অস্তিত্ব রয়েছে বলে এই জরিপে উল্লেখ করা হয়েছে। বিল ও লেক রয়েছে ৮৬টি এবং ধর্মীয় উপাসনালয়ের সঙ্গে পুকুর রয়েছে ৮৬টি।

এ বিষয়ে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ আমাদের সময়কে বলেন, আমাদের সংস্থার পক্ষ থেকে পুরো ঢাকার পুকুরের ওপর একটি জরিপ করা হয়েছে। উত্তরে শাহবাগ, দক্ষিণে চর ইউসুফ ও চর কামরাঙ্গী, পশ্চিমে ধানমন্ডি এবং পূর্বে মতিঝিল ও ইংলিশ রোডের মধ্যবর্তী এলাকার মধ্যে ১২০টি পুকুর ছিল।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী