,

তবু মোস্তাফিজেই ভরসা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বেশ কিছুদিন হলো আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। উইকেট শিকারের জন্য কঠিন লড়াই করতে হচ্ছে কাটার মাস্টারকে। বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম সেরা ‘অস্ত্র’ হলেও উইকেটের দেখা পাচ্ছেন না বাঁহাতি পেসার। চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজ। প্রথম ম্যাচে ৪২ ও দ্বিতীয় ম্যাচে ৬৩ রান দিলেও কোনো উইকেট পাননি। তার দলে জায়গা পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। তবে নিজেকে ফিরে পেতে চেষ্টার কমতি নেই মোস্তাফিজের। ইংল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে। গতকাল দলের ঐচ্ছিক অনুশীলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাড়তি কাজ করেছেন বাঁহাতি এই পেসার। তার স্পট বোলিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ডোনাল্ড। পরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে বসে দুজনে দীর্ঘ সময় ধরে কথা বলেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন রঙ্গনা হেরাথ। মোস্তাফিজের বোলিং কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ঢাল হয়েই দাঁড়িয়েছেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ জানিয়েছেন, সে মূলত বোলার হিসেবে দলের কঠিনতম কাজটি করছে। রঙ্গনা হেরাথ বলেন, ‘অবশ্যই আমাদের এ দিকটি ভাবতে হবে যে, মোস্তাফিজ শুরুর দিকে বোলিং করছে, মাঝে করছে এবং শেষের দিকেও করছে। সে একই সঙ্গে রান আটকাবে আবার অনেক উইকেটও নেবে এমনটা আশা করাটা কঠিন। মূলত একজন বোলার হিসেবে সে দলের কঠিনতম কাজটি করছে। এসবও বিবেচনায় আনতে হবে।’

দেশের মাটিতে বিশেষ করে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ শক্তিশালী দল। নিজেদের মাঠে সর্বশেষ ৭ ওয়ানডে সিরিজের সবকটিতে জিতেছিল তারা। সর্বশেষ সিরিজ হেরেছিল ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। প্রায় ৭ বছর পর আবার সেই ইংল্যান্ডের কাছেই সিরিজ হারের তেতো স্বাদ পেয়েছে তামিমরা। মিরপুরে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও পরের ম্যাচটি জিতে সিরিজ বাঁচাতে মরিয়া ছিল বাংলাদেশ। তবে পারেনি। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং এবং ব্যাটিং বিভাগের ব্যর্থতায় ১৩২ রানে হারলে সিরিজ হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের। বোলিং বিভাগে মোস্তাফিজের কাছে প্রত্যাশা বেশি থাকলেও তিনি তা পূরণ করতে পারেননি। তবে অধিনায়ককে পাশে পেয়েছেন বাঁহাতি পেসার। সংবাদ সম্মেলনে মোস্তাফিজ প্রসঙ্গে তামিম বলেছিলেন, ‘আমি অবশ্যই চাই, সে আরও ভালো করুক। সে যদি উইকেট এনে দিতে পারে, তাহলে তা অবশ্যই সহায়তা করে (দলকে), বিশেষ করে যখন দুজন পেসার নিয়ে খেলছি। তার ডিফেন্সিভ স্কিল দুর্দান্ত। আমি নিশ্চিত, সেও এটা জানে। সে কাজ করে যাবে এবং পরের ম্যাচে আশা করি, নিজেকে মেলে ধরবে।’

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর পেস আক্রমণে অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন মোস্তাফিজ। তবে গত কিছুদিন ধরেই অফফর্মে আছেন বাঁহাতি পেসার। গত বছর ১৪ ওয়ানডে ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। সর্বশেষ ভারত সিরিজের তিন ম্যাচে তার শিকার ২ উইকেট। আর এ বছর ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি কাটার মাস্টার। তারপরও মোস্তাফিজের পারফরম্যান্সে খুশি বলেই জানিয়েছেন হেরাথ।

ইংলিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। একাদশে তিন স্পিনার ও দুই পেসারকে রাখা হয়েছিল। সাকিব, মিরাজ, তাইজুল, মোস্তাফিজ ও তাসকিন সামলেছেন বোলিং বিভাগ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিং বিভাগে বিশেষ করে মোস্তাফিজের জায়গায় অন্য কাউকে খেলানো হবে কি না এমন প্রশ্নের জবাবে কূটনৈতিক কৌশলে উত্তর দিয়েছেন হেরাথ। তিনি বলেন, ‘যখনই সম্ভব, স্কোয়াডে থাকা বাকি তরুণদের সুযোগ দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট