সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পর্যায়ে আজ বিএনপির পদযাত্রা

news-image

নিউজ ডেস্ক : যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করছে বিএনপি। একই কর্মসূচিতে মাঠে থাকবে সমমনা বিভিন্ন দল ও জোট। বিএনপি মনে করে, হামলা-মামলার কারণে তাদের তৃণমূল নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। আবার বিএনপি কোনো কর্মসূচি দিলে ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে পাল্টা কর্মসূচি দিচ্ছে। এ অবস্থায় চলমান কর্মসূচি শান্তিপূর্ণ রাখাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি নেতারা। তারা আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে অস্বস্তিবোধও করছেন।

এর আগে যুগপৎ আন্দোলনের চার কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মাঠে দেখা যায়নি। কিন্তু আজ শনিবার তারাও বিক্ষোভ-মিছিল কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

পদযাত্রার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বিভাগীয় শহরগুলোয় ইতোমধ্যে নীরব পদযাত্রা করেছি। শনিবার (আজ) তৃণমূল তথা ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রা করব। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য একটাইÑ ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ রূপরেখাকে গ্রাম-ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়া। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা নেতাদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। তাতে অনুরোধ জানানো হয়েছে, ইউনিয়নের পদযাত্রায় যেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এর সঙ্গে নতুন করে যোগ করা হয়েছে নেতাকর্মীদের গ্রেপ্তার। আওয়ামী লীগের উদ্দেশ্যÑ বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির দিকে ঠেলে দেওয়া। আমরা তাদের ফাঁদে পা দেব না। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করে আমরা ১০ দফা বাস্তবায়নে সরকারকে বাধ্য করব।’

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও সংসদ বাতিলসহ ১০ দাবিতে পদযাত্রা কর্মসূচি ডাকা হয়েছে। এটি যুগপৎ আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি।

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি মহাসচিবসহ কয়েক কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া বেশিরভাগই জামিনে আছেন। এ অবস্থায় পদযাত্রা কর্মসূচি ঘিরে আবারও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, গত তিন দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি ও সমমনা রাজনৈতিক দল এবং জোট গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এই কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আন্দোলন নস্যাৎ করতে ঢাকাসহ সারাদেশে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই মধ্যে দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে পদযাত্রা সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন দলের নেতারা। লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে একযোগে একই সময়ে পদযাত্রা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব শান্তিপূর্ণভাবে ব্যাপক সমাগমের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হবে।’

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামীকাল রবিবার পদযাত্রা করবে। এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের আজকের কর্মসূচি অনেকটাই ঢাকামুখী। কারণ হিসেবে নেতারা জানান, বিএনপির মতো তাদের ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি করার সাংগঠনিক অবস্থা নেই। তাই তারা রাজধানীতে কর্মসূচি পালন করবে।

আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে সাত দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’। বিকাল সাড়ে ৩টায় রাজধানীর নতুনবাজারের (বাঁশতলা) প্রধান সড়ক থেকে পদযাত্রা বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পদযাত্রাটি বাড্ডা লিংক রোড মোড়ে গিয়ে শেষ হবে।

১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, তারা সিলেট, নড়াইল ও নোয়াখালীসহ জোটের শীর্ষনেতাদের নিজ এলাকার ইউনিয়নে পদযাত্রা করবেন।

গণফোরাম ও পিপলস পার্টি, চার দলের বাম গণতান্ত্রিক ঐক্য ও ১৫ সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে। এদিকে আজ না করে আগামীকাল রবিবার বিকাল ৩টায় বিজয়নগর থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে ১২ দলীয় জোট।

যুগপৎ আন্দোলনে জামায়াত

ঢাকায় ৩০ ডিসেম্বর এবং ঢাকার বাইরে গত ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গণমিছিল করে জামায়াতে ইসলামীও। পরে দলটির আমিরের গ্রেপ্তার ও গণমিছিলে হামলার প্রতিবাদ না জানানোয় বিএনপির সঙ্গে ‘মনোমালিন্য’ হয় জামায়াতের। পরের ১১ জানুয়ারি, ১৬ জানুয়ারি, ২৫ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারির কর্মসূচিতে জামায়াতকে মাঠে দেখা যায়নি। এ অবস্থায় আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। ‘শিক্ষা কারিকুলাম থেকে ইসলামবিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে’ এ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আরও একটি স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে দলটির। একই দিন এ কর্মসূচি পালন যুগপৎ আন্দোলনেরই অংশ বলে জানা গেছে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী