,

টাইগারদের ম্যাচ ফি বাড়ছে

news-image

ক্রীড়া প্রতিবেদক : টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। একের পর এক হেরেই চলেছে দল। এ বছর এখন পর্যন্ত আটটি টেস্ট ম্যাচ খেলে জয় একটি। ড্রও একটি। বাকি ছয় ম্যাচেই হেরেছে টাইগাররা। ১৩৪ ম্যাচ খেলে হারের ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এ সময়ে জয় মাত্র ১৬টি; ড্র ১৮টি। টেস্টে কীভাবে ভালো করা যায় বিসিবি এখন সে চেষ্টা করছে। এ জন্য খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। টেস্টে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ইঙ্গিত দিলেন জালাল ইউনুস। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান বলেন, ‘ম্যাচ ফি হয়তো বেড়ে যাবে। আরও কী কী করতে পারি, সেই চিন্তাভাবনা চলছে।’ প্রসঙ্গত, সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে টেস্টে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি।

সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে তখন করা হয়েছিল ৬ লাখ টাকা। এ ছাড়া ক্রিকেটাররা টি-টোয়েন্টির ম্যাচ ফি ২ লাখ টাকা আর ওয়ানডের ম্যাচ ফি পান ৩ লাখ টাকা।

জালাল ইউনুস জানালেন, ঈদুল আজহার পরপরই বিসিবি সভাপতি সবাইকে নিয়ে মিটিং করবেন। তিনি বলেন, ‘টেস্টে আমরা সেভাবে পারফর্ম করছি না। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে পারিনি। এটা নিয়ে আমরা অনেক চিন্তিত। সভাপতি সাহেব (নাজমুল হাসান) ওয়ার্কিং গ্রুপ করেছেন। সবাইকেই এটি নিয়ে ভাবতে হবে। ক্রিকেট অপারেশন্স, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স, এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান মিলে আমরা মিটিংয়ে বসব। হয়তো ঈদের পরপরই। দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা করতে হবে। টেস্টে কীভাবে আরও ভালো করা যায়, টেস্ট খেলোয়াড়দের জন্য কী কী সুবিধা বা ব্যবস্থা নেওয়া যায়, এদিকে আরও বেশি নজর দিতে চাই, যাতে টেস্টে আগ্রহ আরও বাড়ে। একটা টেস্ট দলে যারা খেলবে তাদের যেন পূর্ণ মনোযোগ এখানে থাকে। অনেকে সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি খেলতে চায়। যারা টেস্টে বেশি আগ্রহী, নিবেদিত, এদের জন্য কী করা যায় এগুলো নিয়ে বসতে চাচ্ছি। এটার জন্যই ওয়ার্কিং গ্রুপের কথা বলেছেন।’

এদিকে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে জানান জালাল ইউনুস। আর ভবিষ্যতে বাড়ানো হবে বেতন। বর্তমানে নারী ক্রিকেটাররা ওয়ানডেতে ম্যাচ ফি পান ২৮ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১৪ হাজার টাকা। জালাল ইউনুস বলেন, ‘সমান-সমান (পুরুষ-নারী ক্রিকেটার) না হলেও আমরা কাছাকাছি যাতে থাকে বা পার্থক্য কমে সেদিকে লক্ষ রাখব। বোর্ডেই এটা আলোচনা হবে। বোর্ডে ইতোমধ্যে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া আছে।’ ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানের আশা, নারী ক্রিকেট দল আরও উন্নতি করবে। জালাল ইউনুস বলেন, ‘তাদেরও কার্যক্রম বাড়ানো উচিত। যেহেতু এটা নিয়ে চিন্তাভাবনার আলাদা বিভাগ আছে, বোর্ডেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা চাইব তাদের পারিশ্রমিক বাড়ানোর। তাদের কাছাকাছি না গেলেও ব্যবধান কমানো উচিত।’ বলে রাখা ভালো, জাতীয় পুরুষ দলে তিন ফরম্যাটে খেলা ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে ১০ লাখ টাকার বেশি পান। ‘এ’ গ্রেডে থাকা একজন ক্রিকেটার শুধু টেস্ট আর ওয়ানডে খেলেই পান সাড়ে ৬ লাখ টাকা। সবচেয়ে নিচে ‘ডি’ গ্রেডে থাকা একজন ক্রিকেটার তিন সংস্করণ খেলে বেতন পান মাসে ৩ লাখ টাকা। অথচ সালমা, জাহানারাদের বেতন একদমই কম। সর্বোচ্চ ‘এ’ গ্রেডে বেতন ৮০ হাজার টাকা। ‘বি’ গ্রেডে ৬০ হাজার টাকা। ‘ডি’ গ্রেডে ৩০ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড