কেকের জন্য গান বাঁধলেন কবীর সুমন
বিনোদন ডেস্ক : সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই গান তৈরি করেন ভারতের পশ্চিমবঙ্গের কিংবদন্তি গায়ক কবীর সুমন। এবার তিনি গান তৈরি করলেন বলিউডের সদ্যপ্রয়াত নেপথ্য গায়ক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে) নিয়ে।
পশ্চিমবঙ্গের কলকাতা শহরে গান গাইতে এসে মারা যান কেকে। বয়সে ২০ বছরের ছোট এ শিল্পীর মৃত্যুতে কবীর সুমনের মনে অবসাদ ভিড় করেছে। তাই তাকে নিয়ে বাঁধলেন গান। যা তিনি তৈরি করেছেন তারই জনপ্রিয় গান ‘এ তুমি কেমন তুমি’র আদলে। এই গানটি ‘জাতিস্মর’ সিনেমায় গেয়েছিলেন রুপঙ্কর বাগচী।
দীর্ঘ এক স্ট্যাটাসে কেকে’র প্রতি জানালেন নিজের স্নেহ ও সম্মান। লেখেন, ‘‘‘এ তুমি কেমন তুমি’ গানটি কোনও ছবির জন্য বানাইনি। বানিয়েছিলাম একটি মেয়ের জন্য, একটি বিশেষ ছবির সাউন্ডট্র্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে। কোনও খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কিপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর। এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তার ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।
গানটি নাম করে গিয়েছে। ছায়াছবিতে গানটি যে সুকণ্ঠী বাঙালি গায়ক গেয়েছিলেন তিনিও। যার জন্য গানটি (হুবহু একই কথায় একই সুরে) নির্মাণ করেছিলাম এবং গানটি যাকে প্রথম শুনিয়েছিলাম সেই মেয়েটি নিশ্চয়ই চুপিচুপি হেসেছেন। হয়তো আজও হাসেন। নাকি এই শহরে আমার চেয়ে কুড়ি বছরের ছোট এক গায়কের মর্মান্তিক মৃত্যুর পর আমার মতো তিনিও লুকিয়ে কাঁদেন। আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না।
শান্তি খুঁজতে খুঁজতে আজ আমি গানটার কথা, লিরিক পাল্টাতে শুরু করলাম। ওই সুরে ছন্দে এই লিরিক সমান উপযুক্ত।
অনেক বছর আগে এক রাতে আমি যেমন ফোনের কিপ্যাড টিপেটিপে একটি গান মেসেজ করে করে পাঠিয়েছিলাম একটি মেয়েকে আজ তেমনি কিপ্যাড টিপেই ওই গানের সুরের ওপর নতুন কথা বসিয়ে দিলাম। এই গানটি আমি নিজে প্রথমে গাইব। আর কাউকে দেব না। আগে আমি গাইব, তারপর ‘কপিলেফট’- মোল্লা সুমনের গান যিনিই গাইতে চান গাইবেন- শুধু এই সুর ছন্দ লিরিক অবিকৃত রেখে।’’
সঙ্গে যোগ করেছেন গানের কথামালা-
‘এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে
জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে।
তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন
আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন
শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে –
এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী
কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী।
এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি
বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি
ফিরবে তাদের কাছেই কলকাতাতেই ফিরে এসে।’
প্রসঙ্গত, হিন্দি, তামিল ও বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে কোটি মানুষের হৃদয় জয় করেন কৃষ্ণকুমার কুন্নাথ। ভক্তরা যাকে কেকে নামেই সম্বোধন করেন।
গত ৩০ মে ও ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে। ৩১ মে মঞ্চে গান করার সময় অসুস্থবোধ করেন ৫৪ বছর বয়সী কেকে। হোটেলে ফিরে যাওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।











