নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি কম আয়ের মানুষসহ মধ্যবিত্তদেরও চরম কষ্টকর অবস্থায় ফেলেছে। এ অবস্থায় নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণ এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তাৎক্ষণিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী অর্থবছরের বাজেটে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আয়ের পুনর্বণ্টন, করোনা মহামারীতে সৃষ্ট সম্পদের অসামঞ্জস্যতা নিরসন ও মানুষের হাতে অর্থ এবং খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখাই এবারের বাজেটের মূল দর্শন হওয়া উচিত বলে মনে করছে সংস্থাটি। একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে জনতুষ্টির প্রকল্প না নিতে পরামর্শের পাশাপাশি বর্তমান কঠিন সময়কে বিবেচনায় নিয়ে স্বল্পআয়ের মানুষের স্বস্তির জন্য কল্যাণমুখী বাজেট করার আহ্বান জানানো হয়েছে।
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নিজেদের প্রস্তাবনা তুলে ধরতে গতকাল রাজধানীর ধানমন্ডির সিপিডি সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিমত তুলে ধরে বেসরকারি সংস্থাটি। সিপিডি বলছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্য চলতি অর্থবছরের বাকি সময়ে এবং জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের প্রথম দিকেও থাকতে পারে। তাই অত্যাবশকীয় পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্কসহ অন্যান্য কর কমানোর পরামর্শ দিয়েছে তারা। সংস্থাটি মনে করে, নিত্যপণ্যের শুল্ক-কর কমানো হলে দাম কিছুটা কমতে পারে। আবার ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির জন্য ওএমএস কার্যক্রম বিস্তৃত করা এবং গরিব মানুষের জন্য সরাসরি নগদ সহায়তা কর্মসূচির আওতাও বাড়তে হবে।
ব্রিফিংয়ে সিপিডি বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বল্পআয়ের মানুষকে স্বস্তি দিতে আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার পরামর্শ দেয়। অপরদিকে আগামী বাজেটে ধনীদের করহার বাড়িয়ে দরিদ্রদের নানা ধরনের ভাতা কমপক্ষে এক হাজার টাকা করার প্রস্তাব দেয়। সমাজে যারা পিছিয়ে আছে, তাদের মধ্যে কীভাবে আয় বণ্টন নিশ্চিত করা যায় সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংস্থাটি মনে করে, বণ্টনব্যবস্থা নিশ্চিত করা গেলে বৈষম্য কমে আসবে। এবার বাজেটে বয়স্ক, বিধবাসহ সব ধরনের ভাতার পরিমাণ ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্নআয়ের মানুষদের সুরক্ষা দিতে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়ার পরামর্শও দিয়েছে তারা। সংস্থাটি মনে করে, যাদের জন্য ভর্তুকি দেওয়া হয়, এর সুফল পায় না তারা। এ জন্য যেখানে যেখানে ভর্তুকি প্রয়োজন, সেখানে দিতে হবে এবং তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বর্তমানে দ্রব্যমূল্য অত্যন্ত বেশি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকার পাশাপাশি মানুষ যেন কম মূল্যে পণ্য কিনতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। যাদের প্রয়োজন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা করতে হবে খাদ্যে প্রণোদনার। বাজার নিয়ন্ত্রণে প্রতিযোগিতা কমিশনের ভূমিকা শক্তিশালী করতে হবে। একটা ডাটাবেজ তৈরি করা প্রয়োজন, যেখান থেকে সঠিক তথ্যটা পাওয়া যাবে। মনিটরিং আরও জোরদার করতে হবে। এ ছাড়া সামাজিক নিরাপত্তায় যেসব ভাতা দেওয়া হচ্ছে, তা মূল্যস্ফীতির তুলনায় অত্যন্ত কম। এ জন্য ভাতার পরিমাণ অন্তত এক হাজার টাকা করা এবং ২০ লাখ লোককে এর আওতায় আনার পরামর্শ দেন তিনি।
সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সময়টি অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে দেশের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে, নিম্নআয়ের মানুষকে কীভাবে স্বস্তি দেওয়া যায়, সেটাই হওয়া উচিত আগামী বাজেটের মূল উদ্দেশ্য।
বর্তমানে ধনী করদাতাদের জন্য সর্বোচ্চ করহার ২৫ নির্ধারিত আছে। সিপিডি মনে করে, করোনাপরবর্তী দেশের অর্থনৈতিক অবস্থা বদলেছে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে বড় করদাতাদের জন্য করহার আগের মতো অর্থাৎ ৩০ নির্ধারণ করা উচিত। করপোরেট করে বিভিন্ন স্তরের পরিবর্তে একটি স্তর নির্ধারণের প্রস্তাব করেছে সংস্থাটি এবং এটি হবে ৩০ শতাংশ। সেই সঙ্গে ঋণ ও কর-খেলাপির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে নতুন বাজেটে একটি পথ নকশাও দেখতে চায় সিপিডি। ফাহমিদা খাতুন বলেন, কৃষি খাতে ভর্তুকির হারে কৃষিঋণের সুপারিশ করছি। এ ছাড়া সারে ভর্তুকি দেওয়া প্রয়োজন, যাতে কৃষকদের চাপ কিছুটা কমে। অর্থনৈতিক উন্নয়ন হলে একটা সময় এ ভর্তুকি তুলে দিতে হবে। কিন্তু সংকটকালীন সময়ে কিছু কিছু খাতে ভর্তুকি দেওয়া প্রয়োজন। এ ধরনের ভর্তুকি কৃষকরা সঠিকভাবে পাচ্ছেন কিনা, সেটা সঠিকভাবে মনিটরিং করা প্রয়োজন। পাশাপাশি আগামী বাজেটে খাদ্যে, রপ্তানি শিল্পে প্রণোদনা দেওয়া এবং শ্রমিকদের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনা, প্রাকৃতিক গ্যাসের আমদানিপর্যায়ে শুল্ক তুলে দেওয়া দরকার।
মূল্যস্ফীতির প্রসঙ্গে ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতির যে তথ্য দেওয়া হয়, বাস্তবের সঙ্গে তা মিলছে না। বাস্তবে জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি অনেক বেশি। বলা হচ্ছে, মূল্যস্ফীতির হার ৬ শতাংশ। বেতন-ভাতা, মজুরি এসব তো মূল্যস্ফীতির সাপেক্ষে বাড়ানো হয়। এখন বাজারে যদি জিনিসপত্রের দাম ২০ শতাংশ বাড়ে, তা হলে বর্ধিত মজুরি দিয়ে প্রয়োজন মেটানো যাবে না। তাই মূল্যস্ফীতির যথাযথ তথ্য থাকা উচিত। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির সুপারিশ করেন তিনি। এ ছাড়া বাজেটে সার, কৃষি উৎপাদন, উপকরণ ও প্রবাসী আয়ে ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব দেওয়া হয়।
এদিকে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ, ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকায় উন্নীত করা, সিগারেট ও তামাকজাতীয় পণ্যের শুল্ক-কর বৃদ্ধি ও করপোরেট কর সমন্বয়েরও সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটি জানায়, প্রতিবছরের বাজেটের মাধ্যমে স্বল্পমেয়াদি কিছু উদ্যোগ নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি উদ্যোগও থাকা উচিত। কারণ আগামী কয়েক বছরে বাংলাদেশের চারটি বড় উত্তরণ হচ্ছে। সেগুলো হলো- ২০২৬ সালে এলডিসি উত্তরণ, ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, ২০৩১ সালে উচ্চমধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়া। ফলে ওই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে।











