সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দরিদ্রদের সহায়তার কাজ দুই মাসেও গুছিয়ে ওঠেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটিতে সারাদেশে দরিদ্র মানুষদের সহায়তা জোগানোর কাজটি গত দুই মাসেও গুছিয়ে ওঠেনি। অনেক দরিদ্র মানুষ কিছুই পাচ্ছেন না। আবার কেউ কেউ একাধিকবার পাচ্ছেন। এ কারণে ত্রাণের জন্য দেশের কোথাও কোথাও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করতে দেখা গেছে।

অন্যদিকে গত দুই মাসে ২৫ জেলায় প্রায় ৩৪১ মেট্রিক টন চাল চুরির অভিযোগ রয়েছে। এসব চাল চুরি বা আত্মসাতে জড়িত থাকার ঘটনায় ১০২ জনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ৯১টি।

এবিষয়ে যশোর প্রতিনিধি জানান, যশোরে করোনায় মানুষ টানা দুই মাস ঘরবন্দী। পরিবার-পরিজন নিয়ে মহাদুর্যোগের মধ্যে মহাদুর্গতিতে পড়েছেন কর্মহীন মানুষ। সরকারি ত্রাণ সাহায্য যা পাচ্ছেন তাতে চাহিদা মিটছে না। সেজন্য বিভিন্নস্থানে বিক্ষোভ হতে শুরু করেছে। যশোরে ত্রাণের দাবিতে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কর্মহীন দরিদ্র্য নারী-পুরুষ। তবে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, জেলায় খাদ্য ঘাটতি নেই।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে ঘরবন্দি কয়েক লাখ পরিবার। এরমধ্যে তিন লাখ পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রয়োজন। জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা প্রদান করা না হলে চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। জানা গেছে, নোয়াখালীর প্রতিটি ইউনিয়নে দুই দফায় দুই টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে সরকারি ত্রাণ বিতরণে নানা অনিয়মে সুবিধাবঞ্চিতদের ভাগ্য বিড়ম্বনা ঘটছে। ভোলায় এক আওয়ামী লীগ নেতার ঘর থেকে কয়েক বস্তা চাল ও গৌরনদীর খাঞ্জাপুরের বাকাই বাজারের ব্যবসায়ী পংকজ সাহার দোকান থেকে ২ টন চাল উদ্ধার করা হয়। কালোবাজারে চাল বিক্রির অভিযোগে ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ব্যবসায়ী প্রদীপ কুমার ও পংকজ সাহাসহ তিনজনকে ৬ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী প্রতিনিধি জানান, শুরুতে ত্রাণ বিতরণ নিয়ে তৎপরতা দেখা গেলেও এখন তা কমে এসেছে। তবে দুস্থদের ত্রাণ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। অনেক ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করা হয়েছে। অনেকের অভিযোগ তারা লাইনে গিয়ে পাননি। ইতোমধ্যে পবার মুসরইল এলাকার দুস্থ মানুষরা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে।

তবে ত্রাণ চুরির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই আমরা কর্মহীন মানুষের জন্য ত্রাণ সহায়তা দিয়ে আসছি। সেই সহায়তায় যারা অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে তাদের শাস্তি দেয়া হবে। তাদের ক্ষমা নেই।

এদিকে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়নে সরকারি ত্রাণ সহায়তার দাবিতে কুড়িগ্রাম ও রংপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। গত ৯ মে খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম ঘটনাস্থলে গেলে বিক্ষুদ্ধ লোকজন ইউএনওর গাড়িতে হামলা করে। তবে ইউএনও অক্ষত রয়েছেন। এবিষয়ে স্থানীয়রা জানান, করোনা সংকট মোকাবিলায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর শ্রেণির মানুষ। সরকারি সহায়তা পৌঁছালেও তা চাহিদার তুলনায় নগণ্য। ফলে ইউনিয়নের মাদ্রাসাপাড়া, ফোলার পাড়, নেপাপর দরগা ও শিবরামসহ কয়েকটি এলাকার নারী-পুরুষ ও শিশুরা খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করেন।

এবিষয়ে চাঁদমিয়া, বাদশা ও শহিদুল নামে কয়েকজন অবরোধকারী জানান, তারা কয়েক সপ্তাহ থেকে কর্মহীন হয়ে খাদ্যাভাবে থাকলেও সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। এ অবস্থায় তারা পরিবার নিয়ে খাদ্য কষ্টে ভুগছেন। ফলে একরকম বাধ্য হয়েই তারা ত্রাণের দাবিতে সড়কে নেমেছেন।

জানতে চাইলে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল বলেন, ইউনিয়নে তালিকা করে সরকারি খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এখানে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ করার মতো কোনও পরিস্থিতি ছিল না। একটি পক্ষের ইন্ধনে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিষয়টি যাচাই করতে ইউএনও মহোদয় এলে তার গাড়িতেও পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, সড়ক অবরোধ তুলে নেয়া হয়েছে। ইউএনও মহোদয়ের গাড়িতে হামলার ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গত দুই মে ২ মে সরকারি এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতে লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ থাকায় বিপাকে পড়া মানুষদের ত্রাণ দিচ্ছে সরকার। এ পর্যন্ত ৪ কোটি মানুষকে ত্রাণ দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১ মে পর্যন্ত এক লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে ৯২ হাজার ৩৪১ মেট্রিক টন। বিতরণকৃত চালের উপকারভোগী পরিবার সংখ্যা ৯৩ লাখ ৩৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ।

এছাড়া দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ প্রায় ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৫২ কোটি ১৭ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৪১ কোটি ৬৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫১ লাখ ৭৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা প্রায় দুই কোটি ৪২ লাখ। আর শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার এবং লোক সংখ্যা প্রায় পাঁচ লাখ ২৬ হাজার। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী