করোনায় সহকর্মীদের সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বাহাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক : করোনার ছোবলে মানুষ যখন দিশেহারা, রক্ষা পেতে স্বজনরাও যখন একজন আরেকজনের সঙ্গে চলছেন দূরত্ব মেনে, ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলেন পুলিশ সদস্য মো. বাহাউদ্দিন। নিজের জীবনের মায়া তুচ্ছ করে সহকর্মীদের সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে হলেন ‘মহানায়ক’।
মঙ্গলবার রাতে এক ক্ষুদে বার্তায় বাহাউদ্দিনের আত্মনিয়োগের প্রশংসা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২০১৫ সালে কনস্টেবল পদে যোগদান করেন মো. বাহাউদ্দিন। তিনি বর্তমানে ডিএমপি’র পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-উত্তর) বিভাগের মেডিকেল সহকারী।
মানবপ্রেমী বাহাউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের হাসপাতালে আনা-নেয়াসহ তাদের সার্বিক দেখভালের দায়িত্ব রাত-দিন ২৪ ঘণ্টা পালন করে যাচ্ছেন হাসিমুখে। তিনি এ পর্যন্ত প্রায় ৮০ জন করোনা রোগীকে নিজের হাতে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করেছেন। ভাইরাস জনিত কারণে বেশি দুর্বল হয়ে পড়া পুলিশ সদস্যদের তিনি নিজের কাঁধে তুলে নামিয়েছেন বহুতল ভবন থেকে। এরপর অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেছেন।
আলাপকালে বাহাউদ্দিন ডেইলি বাংলাদেশকে বলেন, প্রথম দিকে খুব ভয় পেতাম করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের কাছে যেতে। কিন্তু দেশের এই চরম সংকটে আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হয়নি।
‘আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পুলিশ সদস্যরা যখন ব্যাপক হারে ভাইরাসে আক্রান্ত হচ্ছিলেন, তখন আমার মন থেকে সব ভয় দূর হয়ে যায়। আমি হাত গুটিয়ে বসে থাকতে পারিনি।’
করোনা আক্রান্ত পুলিশের সেবায় নিজের আত্মনিয়োগের কারণ ব্যখ্যা করলেন মো. বাহাউদ্দিন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আমিও দেশের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি।
যথারীতি স্বাস্থ্যবিধি মেনে, পিপিই ও মাস্ক পরিধান করেই আক্রান্তদের সেবা করে যাচ্ছেন বলে জানান তিনি।
করোনা রোগীর সংস্পর্শে যাওয়াই তার নিজের শারীরিক পরিস্থিতি জানতে চাইলে স্বস্তি ফুটে ওঠে তার চোখেমুখে। তিনি বলেন, টেস্ট করেছেন। কিন্তু নেগেটিভ এসেছে।
বাহাউদ্দিন আরো বলেন, মানবসেবা শ্রেষ্ঠতম কাজ। পুলিশ সদস্যদের সেবায় মারা গেলে আমি শহীদের মর্যাদা পাবো।
পিওএম (উত্তর) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহিমা আখতার লাকি বাহাউদ্দিনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাহাউদ্দিনের সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে শেষ করা যাবে না। একটা বাচ্চা-ছেলে হয়েও সে যে মাপের সাহসিকতা প্রদর্শন করে করোনা আক্রান্ত পুলিশের সেবায় আত্মনিয়োগ করেছেন, তা বর্ণনাতীত।
তিনি জানান, হোটেলে করোনা উপসর্গ নিয়ে যারা রয়েছেন সেসব পুলিশ সদস্যদেরও হাসপাতালে আনা নেয়া, ওষুধপথ্য দিয়ে সেবা করা, নিয়মিত খোঁজ-খবর রাখাসহ সার্বিক দায়িত্ব পালন করে যাচ্ছেন নীরবে। সযত্নে। ডেইলি বাংলাদেশ











