ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কেউ গালি দিলে ছাড়া হবে না : এমপি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কেউ গালি দিলে তাকে ছাড়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ বিষয়ে তার অভিমত তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়। এর আগে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজনের পা কেটে নিয়ে উল্লাস করার ঘটনাও ঘটে।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশজুড়ে চলা লকডাউনের সময় ব্রাহ্মণবাড়িয়ার এসব ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়ায় এ জেলা নিয়ে বিভিন্নজন বিরূপ ট্রল ও মন্তব্যও করেন অনেকে।
ফেইসবুকে করা এসব ট্রল এর ব্যাপারে সভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এই সংসদ সদস্য বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কিছু হলেই ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়। কী যে অপরাধ করলাম, এটা আমরা বুঝলাম না। ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেওয়া ব্যাপারটা খুবই সহজ। আমরা এই গালিটা পাই। যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আমরা যতটা পারি আইনগত ব্যবস্থা নেব এবং আমরা কাউকে ছাড় দেব না। কারও রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।
তিনি আরও বলেন, আমার সহকর্মীদের বলেছি, কারও কারও বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার চেষ্টা করছি। যদি নিয়মিত মামলা না হয়, তাহলে আমরা হয়তো উকিল নোটিশ দিয়ে আদালতে তাদেরকে দাঁড় করাব।
এছাড়া চাল ও ত্রাণ চুরির ঘটনায় সতর্ক করে সাংসদ মোকতাদির বলেন, যাদেরকে ত্রাণ দেওয়া হবে, তারা যেন সঠিক লোক হয়- সেটা নিশ্চিত করতে হবে। চুরির জন্য যদি জনপ্রতিনিধি কিংবা আমাদের দলীয় লোক অভিযুক্ত হন, আমরা কাউকে ছাড় দেব না।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।











