করোনাকালেও বিশ্বজুড়ে থেমে নেই দুর্নীতি
অনলাইন ডেস্ক : ছোট-বড় সব দেশই করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে। খাদ্য সামগ্রী থেকে মাস্ক, দ্রুত এসব প্রয়োজনীয় জিনিষ সংগ্রহ করতে স্বচ্ছতার বিষয়টি একেবারেই আমলে নিচ্ছে না অনেক দেশের সরকার। প্রতিযোগিতামূলক দরপত্র বাদ দিয়ে অনেক সময় নির্দিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা।
মহামারি মোকাবিলার এই সময়ে বাংলাদেশসহ কয়েকটি দেশের দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। তাতে বলা হয়েছে, সংকট মোকাবিলা করতে গিয়ে জনগণের কষ্টার্জিত করের টাকা আসলে যাচ্ছে দুর্নীতিবাজদের পকেটে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও চলছে লকডাউন। এতে নিম্নআয়ের মানুষেরা ক্ষতির মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তা বন্টনও করা হচ্ছে। তবে এর মধ্যেই দুই লাখ ৭২ হাজার কেজি (৬ লাখ পাউন্ড) চালের কোনো হিসাব মিলছে না।
সরকারি বরাদ্দের চাল বেশি দামে বাজারে বিক্রির অভিযোগে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে বাংলাদেশে।
এমন পরিস্থিতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার (টিআইবি) প্রধান ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় এই সংকটের সময় অনেক ভালো কাজের নজির দেখছি চারপাশে। তবে লজ্জার বিষয় হলো, এই মানবিক সংকটের সময় অনেক খারাপ ঘটনাও ঘটতে দেখছি।’
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় করোনাভাইরাস সংশ্লিষ্ট ১৪টি অপরাধের তদন্ত হচ্ছে। এই দেশটিতে এমনিতেই দুর্নীতির নানা ঘটনা ঘটে বিভিন্ন সময়। তবে করোনা সংকটের মধ্যে দেশটিতে যেভাবে দুর্নীত বেড়ে গেছে তা নিয়ে জনগণের ক্ষোভ প্রচণ্ড।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আইনজীবী দলের প্রধান ম্যাক্স হেইউড বলেন, সংকটের সময়ে এভাবে দুর্নীতি বেড়ে যাওয়াটা চিন্তার বিষয়। জনগণের জন্য যে অর্থ ব্যয় করার কথা বলা হচ্ছে, সেই পদ্ধতিতে আসলে একটা ফাঁক থেকে গেছে।
ইউরোপের দেশ রোমানিয়ায় করোনাভাইরাসের সংকট মোকাবিলার নাম করে প্রতিযোগিতামূলক দরপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আদতে পেছনের দরজা দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকেরা।
রোমওয়াইন অ্যান্ড কফি এসআরএল নামে রোমানিয়ার একটি ছোট কোম্পানি সাধারণত তামাক আর মদের ব্যবসা করে। সংকটের মুহূর্তে সরকার এই প্রতিষ্ঠানটিকে মেডিকেল মাস্ক আমাদানির সুযোগ দিয়েছে। দেখা গেছে, প্রতিষ্ঠানটি বাজারমূল্যের দ্বিগুণেরও বেশি দামে সেসব মাস্ক সরকারকে সরবরাহ করেছে।
দেশটিতে সংকটের সুযোগে আরও কিছু দুর্নীতির ঘটনা ঘটেছে। এরপরই রোমানিয়ার মানুষ সংকট মোকাবিলার নাম করে প্রতিযোগিতামূলক দরপত্র বন্ধ করে দেওয়ার তীব্র বিরোধিতা করেছে।
করোনাকালে দুর্নীতি থেকে মুক্ত নয় যুক্তরাষ্ট্রও। প্যানথেরা ওয়ার্ল্ডওয়াইড নামের একটি প্রতিষ্ঠানকে মেডিকেল মাস্ক সরবরাহের দায়িত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। প্রতিষ্ঠানটির সঙ্গে সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের চুক্তি হয়। কোনো ধরনের প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই কাজটি পায় প্যানথেরা ওয়ার্ল্ডওয়াইড। পরে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে দেখা যায়, ওই প্রতিষ্ঠানটি আগে কখনোই চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেনি। এমনকি প্যানথেরা ওয়ার্ল্ডওয়াইডের মূল প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে গেছে।
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি পোষাতে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেইল আউট প্যাকেজে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এই বেইল আউট কোন খাতে যাবে এবং সরকার সংশ্লিষ্ট কেউ যাতে ওই তহবিল থেকে অর্থ না পান, তা নজরদারি করতে একজন ইন্সপেক্টর জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সরিয়ে দিয়েছেন। ফলে বেইল আউটের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রে সরকারি তহবিলের অর্থ নয়-ছয়ের বহু ইতিহাস রয়েছে।
শুধু বাংলাদেশ, কলম্বিয়া, রোমানিয়া বা যুক্তরাষ্ট্র নয়, মহামারির এই সময়ে আরও অনেক দেশে দুর্নীতি ও মানবিক বিপর্যয়ের নানা ঘটনা ঘটে চলেছে।











