রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন!

news-image

অনলাইন ডেস্ক : সেপ্টেম্বরে উন্মুক্ত করতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষক দল।

ডেইলি মেইল এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গবেষণার সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক সারাহ গিলবার্ট জানান, শরতে এই টিকা আসা নিয়ে তিনি ৮০ ভাগ আত্মবিশ্বাসী।

অবশ্য মার্চে তিনি বলেছিলেন, ভ্যাকসিনটি বছরের শেষ দিকে আসবে। কিন্তু দুই সপ্তাহের মধ্যে মানব দেহে পরীক্ষায় সিদ্ধান্ত হওয়ায় সেপ্টেম্বর নিয়ে আশাবাদ জানালেন।

এর আগে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক মিলিয়ন ভ্যাকসিন তৈরির ইঙ্গিত দেওয়া হয়। যাতে জনসাধারণের জন্য এটি সহজপ্রাপ্য হয়।

এর আগে সতর্ক করে বলা হয়, একটি ভ্যাকসিন তৈরির জন্য ১৮ মাস সময় লাগতে পারে। তবে অবস্থার পরিবর্তনের উল্লেখ করে গিলবার্ট জানান, ‘সব ঠিকঠাক মতো চললে’ সেপ্টেম্বরেই আসবে এই ভ্যাকসিন।

বর্তমানে বিশ্বের এক ডজনের মতো প্রতিষ্ঠান করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে উচ্চ সংক্রমণের দেশ যুক্তরাজ্য থেকে এলো দ্রুত উৎপাদনের যাওয়ার ঘোষণা।

এ দিকে শুক্রবার যুক্তরাজ্যে করোনায় একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ৭৪ হাজার ৬০৫ জন।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জনে। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ২০০ জন।