সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ ধর্মঘটে যাত্রী দুর্ভোগ

news-image

নিউজ ডেস্ক : নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘটে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের ৪৩টি নৌপথে নৌযান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন লঞ্চসহ নৌপথের যাত্রীরা।

নিয়োগপত্র, খোরাকিসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

ধর্মঘটের প্রথম দিন শনিবার সকালের দিকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কম দূরত্বে যাতায়াতকারী কিছু লঞ্চ ছেড়ে যায়। তবে দূরপাল্লার কোনো লঞ্চ টার্মিনাল ছেড়ে যায়নি। দেশের অন্য জায়গা থেকে টার্মিনালে লঞ্চ এসে পৌঁছায়নি। দুপুরের পর থেকে সব ধরনের নৌযান চলাচলই বন্ধ হয়ে যায়।

ধর্মঘটে দক্ষিণ জনপদের সব জেলা থেকে লঞ্চ চলাচল শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ ছিল বলে সমকালের প্রতিনিধিরা জানিয়েছেন। মোংলাসহ কয়েকটি নৌবন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজও ব্যাহত হয়েছে।

শনিবার সদরঘাটে গিয়ে দেখা গেছে, টার্মিনালের পন্টুনে কোনো লঞ্চ নেই। দূরপাল্লার ও স্বল্প দূরত্বের লঞ্চগুলোর বেশিরভাগ বুড়িগঙ্গা নদীর অপর প্রান্তে ভিড়িয়ে রাখা হয়েছে। বেশিরভাগ লঞ্চের প্রধান ফটক বন্ধ রয়েছে। ঢাকার বাইরে থেকে এসে যাত্রী নামিয়ে দেওয়ার পর পরই সেগুলো নদীর মধ্যে নিয়ে ভিড়িয়ে রাখা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কয়েকজন যাত্রী জানান, ধর্মঘটের কথা তাদের আগে থেকে জানা ছিল না। টার্মিনালে এসে লঞ্চ চলাচল বন্ধের কথা জানতে পারেন তারা। এতে তারা খুবই কষ্টের মধ্যে পড়েছেন। সাভার থেকে আসা রুহুল আমিন ও কেরানীগঞ্জ থেকে আসা সোবহান জানান, তারা পিরোজপুর জেলার তুষখালী যাবেন। কিন্তু ঘাটে আসার পর জানতে পারেন লঞ্চ ছাড়বে না।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম সমকালকে বলেছেন, তারা দীর্ঘদিন ধরে ১১ দফা দাবিতে আন্দোলন করছেন। লঞ্চ মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও দাবি-দাওয়া বাস্তবায়ন করেনি। গত বুধবারের বৈঠক থেকেও তারা সুস্পষ্ট আশ্বাস পাননি। তাই শ্রমিকদের মতামতের ভিত্তিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু হয়েছে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, লঞ্চের মালিকপক্ষ তাদের অনুগত কিছু লোক দিয়ে কিছু লঞ্চ চালানোর চেষ্টা করলেও সফল হননি। লঞ্চের শ্রমিকরা অনেকেই লঞ্চ থেকে নেমে অন্যত্র চলে গেছেন।

সদরঘাট নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আলমগীর কবীর জানান, এ টার্মিনাল থেকে প্রতিদিন ৮০-৮৫টি লঞ্চ বিভিন্ন নৌপথে চলাচল করে। শনিবার সকালে চাঁদপুর, নড়িয়াসহ কয়েকটি গন্তব্যে ১৩টি লঞ্চ ছেড়ে গেলেও পরে চলাচল বন্ধ হয়ে যায়। মালিকদের সঙ্গে নৌযান শ্রমিকদের আলোচনায় এ সমস্যা মিটে যাবে বলে মনে করেন তিনি।

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন নৌযান মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

বৈঠকে ২৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাহাজ মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বরাত দিয়ে নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, খাদ্যভাতা প্রদানসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করার জন্য মালিকপক্ষকে বলা হয়। তবে মালিকপক্ষ ওই বৈঠকের বিষয়ে অবহিত নয় বলে শ্রম মহাপরিচালককে জানায়। অভ্যন্তরীণ নৌপরিবহন আইনে খাদ্যভাতা প্রদানের বিধান নেই বলেও দাবি করেন মালিক নেতারা।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে বৈঠকে লঞ্চ মালিকদের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল ও ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান রুমি কিসুল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া ও কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হক উপস্থিত ছিলেন।

এরপর একই স্থানে শ্রম মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। তাদের মধ্যে ছিলেন সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল মালেক প্রমুখ। রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময়ও বৈঠক চলছিল।

চাঁদপুর প্রতিনিধি জানান, নৌধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুর লঞ্চঘাট। চাঁদপুর থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, শরীয়তপুরসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালে এবং দুপুরে চাঁদপুর ঘাট থেকে যেসব লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেসবের একটাও যায়নি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। লঞ্চ না পেয়ে অনেক যাত্রী বাড়ি ফিরে যান। আবার কেউ কেউ বাসে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

লক্ষ্মীপুর থেকে আসা রোগী সাইফুল বলেন, তিনি ঢাকায় চিকিৎসার জন্য যাবেন। চাঁদপুর লঞ্চঘাটে এসে দেখেন লঞ্চ চলাচল বন্ধ। এখন কীভাবে যাবেন বুঝতে পারছেন না। ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, লঞ্চের স্টাফ নেই। এ কারণে লঞ্চ ছেড়ে যায়নি।

ধর্মঘটি শ্রমিকনেতা রফ রফ লঞ্চের মাস্টার হারুন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, ধর্মঘটের ফলে মোংলা বন্দর থেকে ভারত-বাংলাদেশে নৌ প্রটোকল রুটসহ সারাদেশের নৌপথে পণ্য পরিবহনের কাজ বন্ধ হয়ে পড়েছে। বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের সঙ্গে যেসব নৌযান অবস্থান করছিল, সেগুলোতে স্বল্প পরিসরে পণ্য খালাসের কাজ চলেছে।

বরিশাল ব্যুরো জানায়, দুপুরে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, পন্টুনে একটি লঞ্চও নেই। অভ্যন্তরীণসহ ঢাকা রুটের লঞ্চগুলো কীর্তনখোলা নদীর মাঝে নিয়ে রাখা হয়েছে। যাত্রীরা এসে লঞ্চ না পেয়ে ফিরে যাচ্ছেন। বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হাশেম মাস্টার জানান, কেন্দ্র থেকে ধর্মঘট প্রত্যাহার হলে বরিশালে নৌযান চলাচল শুরু হবে।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, বন্দরে শতাধিক নৌযান ভিড় করছে। সব ধরনের পণ্য খালাস ও ভরা বন্ধ রয়েছে। এতে বন্দরের কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। আজহার, তাজুল, লিয়াকত নামে কয়েক শ্রমিক জানান, প্রতিদিন এখানে কাজ করে গড়ে প্রায় ৫০০-৭০০ টাকা আয় করতে পারেন। এ দিয়ে তাদের সংসার চলে। নৌযান শ্রমিকদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে তারা পরিবার-পরিজন নিয়ে ভীষণ কষ্টে পড়বেন।

খুলনা ব্যুরো জানায়, শ্রমিকরা কাজ না করায় শিল্পনগরী খুলনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ধর্মঘটের ফলে মাদার ভেসেল থেকে পণ্য বন্দরের জেটিতে আনা-নেওয়া এবং বন্দর থেকে নদীপথে বিভিন্ন গন্তব্যে পরিবহন বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ভোর থেকেই বন্দরের পাঁচ শতাধিক শ্রমিক অলস সময় পার করছেন। কোনো কর্মচাঞ্চল্য নেই বাঘাবাড়ী বন্দরে। উত্তরাঞ্চল ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে বাঘাবাড়ী নৌবন্দরে জ্বালানি তেল, কয়লাসহ অন্য পণ্য খালাস ও ভরা বন্ধ থাকায় ভরা বোরো মৌসুমে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় সার ও ডিজেলের সংকট দেখা দিতে পারে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে শনিবার সকালে ১১ দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী