সব স্বপ্নই অধরা থেকে গেল দিপা’র
আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্স পড়ুয়া ছাত্রী দীপা দেবনাথ মম্পীর আত্মার শান্তির লক্ষ্যে শনিবার (৯ নভেম্বর) তার গ্রামের বাড়িতে পরিবারের লোকজন সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী শ্রাদ্ধ পালন করার কথা রয়েছে। এরআগে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউপির উছমানপুর গ্রামে শ্মশানে দিপার মরদেহ সমাহিত করা হয়। এসময় পিতার কাঁধে সন্তানের লাশ, এ যেন বইবার শক্তি বার বার হারিয়ে ফেলছিলেন দিপার চিকিৎসক বাবা পরিতোষ দেবনাথ। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে শোকে পাথর ছিলেন দিপার স্কুলশিক্ষিকা মাতা জয়ন্তী রাণী দেবী। স্বজন ও প্রতিবেশীদের মাঝে বইছিল শোকের মাতম।
জানা যায়, টানা প্রায় পাঁচবছর প্রেমের সম্পর্কের পর গত নয়মাস আগে দিপা ও অপূর্ব রায়ের বিয়ে হয় পারিবারিকভাবে। অপূর্ব মাস্টার্স শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সিমেন্ট কোম্পানির বিক্রয় ম্যানেজার হিসেবে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় দিপা ও অপূর্ব রায়ের মাঝে প্রেমের সম্পর্ক হয়েছিল।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্ত্রী দিপার লাশ রেখে পালিয়ে যান স্বামী অপূর্ব। বৃহস্পতিবার সকালে দিপার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় সদর হাসপাতাল মর্গে। এসময় পাশেই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সহপাঠী দিপা হত্যার বিচার চেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
দিপার মাতা স্কুল শিক্ষিকা জয়ন্তী রাণী দেবী বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী, শ্বাশুড়ি ও ননদ প্রতিনিয়ত দিপাকে মানসিকভাবে নির্যাতন শুরু করে। বিয়েতে তাদের দাবি অনুযায়ী নগদ তিন লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার প্রদান করি। সম্প্রতি দিপা প্রাইমারি শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। গত ২৫ অক্টোবর ভাইভা পরীক্ষাও দিয়েছিল।
জয়ন্তী দেবী বলেন, গত দুইমাস আগে দিপার গর্ভে সন্তান আসে। এতে তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ ক্ষিপ্ত হন। ক্লিনিকে নিয়ে গিয়ে গর্ভপাত করাতে তারা দিপাকে চাপ সৃষ্টি করে। এতে রাজী না হওয়ায় দিপার ওপর শুরু হয় নির্যাতন। কয়েকদিন আগে দিপা ফোন করে বলে “মা ওদের কারণে আমি গর্ভের সন্তানের মা হতে পারছিনা। ওরা ক্লিনিকে নিয়ে আমার গর্ভপাত করাতে চায়। এভাবে গর্ভপাত করালে ভবিষ্যতে আমি আর সন্তানের মা না-ও হতে পারি। ক্লিনিকে যেতে আমি রাজি না হওয়ায় ওরা আমার গলা টিপে ধরতে চায়। ওদের অত্যাচার আর সহ্য করতে পারছিনা।”
দিপার বাবা ডা. পরিতোষ দেবনাথ বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) মাস্টার্স পরীক্ষার রেজাল্ট জেনে দিপা ফোনে বলে “বাবা আমি পাশ করেছি। তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো।” মেয়ের সঙ্গে মুঠোফোনে এই আমার শেষ কথা হয়। বুধবার দুপুরে অপূর্ব আমাকে ফোন করে জানায়, “দিপা খুবই অসুস্থ। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে আসেন।” বিকেলে সদর হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ডে খোঁজ করেও দিপার সন্ধান পাইনি। এদিকে অপূর্ব’র মোবাইল বন্ধ। শহরেই তাদের ভাড়া বাসায় গিয়ে দেখি দরজায় তালা ঝুলানো। সন্ধ্যার পর লোকজনের কথায় হাসপাতাল মর্গে উঁকি দিতেই দেখি মেয়ে আমার লাশ হয়ে মেঝেতে পড়ে আছে।
দিপার মামা সুভাষ দেবনাথ বলেন, দিপাকে তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে তারা পালিয়ে যায়। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
এদিকে হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুরের দিকে দিপা দেবনাথ নামে এই গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসে এক যুবক ও মধ্যবয়সী মহিলা। তারা জরুরি বিভাগের চিকিৎসকের কাছে এই গৃহবধূর নাম ও পরিচয় বিকৃতভাবে প্রকাশ করে। দিপাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গে তারা কৌশলে পালিয়ে যায়। পরে কাউকে না পেয়ে চিকিৎসকেরা পুলিশ ডেকে দিপার লাশ মর্গে পাঠিয়ে দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











