সরাইলে ‘শ্রেষ্ঠত্ব’ বাগিয়ে চ্যাম্পিয়ান অরুয়াইল ক্লাস্টার !
আরিফুল ইসলাম সুমন, সরাইল : অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাথমিক শিক্ষা সেক্টরের অরুয়াইল ক্লাস্টার এলাকায় শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ সভাপতি ও শ্রেষ্ঠ বিদ্যালয় উপাধি বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, নিয়ম অনুযায়ী ওই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার সরেজমিন গিয়ে ক্লাস্টার এলাকার ২৪ প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের নিয়ে বসে নিয়মনীতি অনুসরণ করে দশটি স্তরে ‘শ্রেষ্ঠ’ উপাধি নির্বাচন করার কথা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার সেখানে না গিয়ে অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম ঘোষ ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত আলীকে এই উপাধি নির্বাচন করার দায়িত্ব দেন। এই সুযোগে প্রধান শিক্ষক উত্তম ঘোষ নিজেই ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ উপাধি বাগিয়ে নেন। অভিযোগ আছে, স্বজনপ্রীতির মাধ্যমে তাদের পছন্দের শিক্ষকদের এই উপাধি উপহার হিসেবে দেন। বিষয়টি জায়েজ করতে বাদে অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইঁয়াকে ‘শ্রেষ্ঠ সভাপতি’ হিসেবে তারা নির্বাচিত করেন। এছাড়াও অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক বোরহান উদ্দিনকে ‘শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী’ হিসেবে নির্বাচন করে উপজেলা শিক্ষা অফিসে তালিকা পাঠিয়েছেন তারা।
অরুয়াইল সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল খোকন অভিযোগ করে বলেন, নিয়মনীতি অনুসরণ করে এখানে ‘শ্রেষ্ঠ’ উপাধি নির্বাচন করা হয়নি। এক্ষেত্রে তারা স্বজনপ্রীতি করেছেন। আমরা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। আমরা এ তালিকা বাতিলের দাবি করছি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক উত্তম ঘোষ এই প্রতিবেদককে বলেন, নিয়ম অনুযায়ী এই ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার নিজে এসে এই উপাধি নির্বাচন করার কথা। তিনি না এসে আমাকে মুঠোফোনে দায়িত্ব দিয়েছিলেন। আমি ২৪ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭জন প্রধান শিক্ষককে নিয়ে আলোচনার মাধ্যমে দশ স্তরে ‘শ্রেষ্ঠ’ উপাধি নির্বাচন করি। এতে এই ক্লাস্টারে আমি ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হই।
এছাড়াও রাণীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াছমিন আরা খানম ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা’, রাণীদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বশির আহমেদ ‘শ্রেষ্ঠ শিক্ষক’, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শেফালী আক্তার ‘শ্রেষ্ঠ শিক্ষিকা’, পাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘শ্রেষ্ঠ বিদ্যালয়’, ধামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান ‘শ্রেষ্ঠ ক্লাশ শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠ শিশু ছাত্র ও শ্রেষ্ঠ ক্লাশ শিক্ষিকা এখনও নির্বাচন করা হয়নি। যেহেতেু আগামিকাল মঙ্গলবার (৫নভেম্বর) এই উপাধি উপজেলা পর্যায়ে বাছাই, তাই আজ সোমবার (৪নভেম্বর) রাতের মধ্যে এই দুই উপাধি প্রাপ্ত লোক নির্বাচন করা হবে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে, অরুয়াইল ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, নিয়মনীতি অনুসরণ করেই শ্রেষ্ঠ উপাধি নির্বাচন করা হয়েছে। আমি সেখানে যায়নি বলেই কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি নিস্পত্তির চেষ্টা করা হচ্ছে।
সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ এ প্রতিবেদককে বলেন, অরুয়াইল ক্লাস্টার থেকে এ বিষয়ে অভিযোগ এসেছে। হাতে সময়ও নেই। আগামিকাল (মঙ্গলবার) উপজেলা পর্যায়ের বাছাই। রাতের মধ্যে এর সমাধান দেওয়া কঠিন ব্যাপার। তারপরও সহকারি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা সাহেবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো।











