সরাইলে দুলা ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে শ্যালকের মৃত্যু
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ এর লাইন টানার সময়ে দুলা ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে শ্যালক ইয়াছিন মিয়ার (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুলা ভাই মো. মন মিয়া। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ পিষ্টে নিহত ইয়াছিন শাহজাদাপুর পশ্চিম সড়কপাড়ার আলী হোসেনের ছেলে।
বিদ্যুৎ এর খুঁটি থেকে লাইন টানতে গিয়ে অসাবধানতাবশত মন মিয়া বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়েন। এসময় দুলা ভাইকে বাঁচাতে গিয়ে শ্যালক ইয়াছিন বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ ৪৭ বছর পর কয়েকমাস আগে তাদের গ্রামে বিদ্যুৎ আসে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের লোকদের গাফিলতি ও বাণিজ্যের কারণে ইতোমধ্যে বিদ্যুৎ পিষ্ট হয়ে গ্রামের সুজন মিয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এরকিছু দিন পর এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়। পিডিবি’র বিদ্যুৎ কর্মকর্তা হেলাল মিয়ার ঘুষ বাণিজ্যে শাহজাদাপুর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছেন।
এ ব্যাপারে সরাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নোয়াজ আহমেদ খান ডলার এ প্রতিবেদককে বলেন, শাহজাদাপুর গ্রামে নিজে নিজে লাইন টানতে গিয়ে ইয়াছিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় মন মিয়া আহত হন। বিষয়টি আমরা জেনেছি। তারা নিজেরাই লাইন টেনে এ বিপদ ডেকে আনেন।











