শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীদের চুল কে’টে দেওয়া সেই প্রধান শিক্ষক বরখাস্ত

news-image

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দপ্তরিকে দিয়ে ছাত্রীদের চুল কে’টে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক কাবেরী গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপপরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত কাবেরী উপজেলার ২৯ নম্বর ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, প্রধান শিক্ষক কাবেরী গোপ দপ্তরিকে দিয়ে পঞ্চম শ্রেণির ১১ ছাত্রীর চুল কে’টে দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হিরক ও মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেওয়া হয়। গত সোমবার সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর মঙ্গলবার জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তারা প্রতিবেদন দাখিল করেন।

ওই দিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বুধবার দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’