সংঘর্ষ ও দাঙ্গা’য় সরাইলের বদনাম হচ্ছে, বললেন উপজেলা চেয়ারম্যান
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বলেছেন, একের পর এক সংঘর্ষ ও দাঙ্গার ফলে ঐতিহ্যবাহী সরাইলের বদনাম হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সরাইলে অন্য এলাকার কোন ভদ্র পরিবারের ছেলে-মেয়েকে বিয়ে-সাদি দিতে রাজি হবেনা কেউ। তাই এখনই এসবের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
গত রোববার সরাইল থানা কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এসব কথা বলেন। সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র সভাপতিত্বে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
সমাবেশে চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর আরও বলেন, সমাজকে দাঙ্গামুক্ত করতে হলে এখানকার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। বিগত একবছরেরও বেশি সময় যাবত এখানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম একেবারে বন্ধ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুনভাবে সক্রিয় লোকজনকে অন্তর্ভুক্ত করে কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন করা প্রয়োজন। কমিটির লোকজন সমাজে দাঙ্গা রোধে কাজ করবেন। পাশাপাশি তারা সংঘর্ষ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পুলিশকে এ কাজে সহযোগিতা করবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সরাইলে তুচ্ছ ঘটনায় দাঙ্গা সংঘর্ষ বেড়েছে। দাঙ্গা দমন করতে গিয়ে থানার ওসি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার পর এই দাঙ্গা রোধে জোরালো ভূমিকা রাখছেন সংশ্লিষ্টরা।











