মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে কিশোর গ্যাংয়ের উৎপাত, র‌্যাবের নজরদারি

news-image

নিউজ ডেস্ক : কুরবানীর ঈদকে সামনে রেখে রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাং-এর উৎপাত আবারও বেড়েছে। রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, বংশাল, তাঁতীবাজার, আগারগাঁও ও উত্তরায় বিভিন্ন নামে গ্যাং গ্রুপ দাপিয়ে বেড়াচ্ছে। এলাকায় সিনিয়র জুনিয়রের মধ্যে আধিপত্য নিয়ে খুন-খারাবি চলছেই। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিজস্ব কোন্দলের জেরে গ্রুপগুলো নিজেদের মধ্যে যেমন দ্বন্দ্বে লিপ্ত, তেমনি তাদের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের দাখিলকৃত প্রতিবেদন থেকে জানা যায়, কিশোর গ্যাং গ্রুপের পাঁচটি শাখা সক্রিয় রয়েছে। বিচিত্র নামের এসব গ্যাং গ্রুপের মধ্যে রয়েছে- ডিসকো বয়েজ, নাইন স্টার ক্লাব, নাইন এমএম, সেভেন এমএম এবং বিগ বস। পুরান ঢাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ডিসকো বয়েজ ও নাইন স্টার। গ্যাং গ্রুপগুলোর অধিকাংশ সদস্যই স্কুল পড়ুয়া কিশোর। তারা ফেসবুকে হত্যা, খুনসহ নৃশংস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেই সঙ্গে দল বেঁধে মাঠে চাঁদাবাজি, ছিনতাই, নিরীহদের মারধর করে বেড়ায়। কিশোরদেও এসকল অনাচার, নৈরাজ্য এবং খুন খারাবি ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব এবং গোয়েন্দা টীম।

ইতোমধ্যে রাজধানীতে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাধিক কিশোরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদেরকে আদালতের মাধ্যমে বিচারক টঙ্গী কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠিয়েছেন। সংশোধিত হওয়ার পরই এদের মুক্তির ব্যবস্থা নিবেন বলে জানান আটক কিশোরদের অভিভাবকরা।

জানা গেছে, রাজধানী তেজগাঁও ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্যাং কালচারে জড়িত ৪৬ কিশোরকে আটক করেছে র‌্যাব-২। পরে তাদের প্রত্যেককে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, পুরান ঢাকার বংশাল, তাঁতীবাজার, শাখারী বাজার, লালবাগ, হাজারী বাগ এবং সূত্রাপুরে অভিযান চালিয়ে র‌্যাব ও গোয়েন্দারা পৃথক ভাবে ৫৮ জনকে আটকের পর আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে টঙ্গী সংশোধন কেন্দ্রে পাঠায়।

এ ছাড়া উত্তরায় হাউজ বিল্ডিং এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক করেছে র‌্যাব। অস্ত্র ও মাদকসহ ফার্স্ট হিটার বস (এফএইচবি) নামে একটি কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল। বিচারক সংশ্লিষ্ট কিশোরদের টঙ্গী কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া রাজধানীর জিগাতলা, সাতমসজিদ রোড, আদাবর এবং মিরপুরে অভিযান চালিয়ে আরও ৩৩ জন কিশোরকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদেরকে সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে।

সম্প্রতি কিশোর গ্যাংয়ের মাধ্যমে খুনের ঘটনার পর গত বুধবার রাত ১০ টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ৮ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটককৃতদের তারা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা সবাই মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। তারা আসন্ন ঈদ-উল-আযাহাকে সামানে রেখে সাধারণ জনগণের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ৪৬ সদস্যর প্রত্যেককে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

সম্প্রতি কিশোর গ্যাংয়ের অন্তকোন্দল ও আধিপত্য বিস্তার ঘিরে রাজধানীতে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় ১৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- বিশু চন্দ্র শীল, নাঈম মিয়া, ইয়াসিন আরাফাত, আসিফ মাহমুদ, ফরহাদ হোসেন, আলামিন হোসেন, বিজয়, সিফাত, মুন্না, তানভীর, আকাশ, মেরাজুল, হযরত আলী ও রাজিব।

এ বিষয়ে র‌্যাব-১-এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি এসবিবিএল অস্ত্র ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তাদেরকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৬ জানুয়ারি উত্তরা ১৩ নম্বর সেক্টরে উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনানকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মধ্য দিয়ে কিশোর গ্যাং গ্রুপ অস্তিত্ব জানান দেয়। আদনান তার সমবয়সী ও দু-এক ক্লাস ওপরে পড়া ছাত্রদের হাতে খুন হয়েছিল। এরা নাইন স্টার গ্রুপের সদস্য।

হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃত ২২ আসামির মধ্যে ১৫ জন জামিনে বেরিয়ে আসে। জামিনে বেরিয়ে এসে আদনানের বাবা কবীর হোসেনকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিতে থাকে। তাদের হুমকিতে তিনি এখন উদ্বাস্তু হয়ে পড়েছেন। শুধু আদনানের পরিবার নয়, এমন পরিস্থিতির শিকার হচ্ছে অন্যরাও। আদনান খুন হওয়ার পর উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এক ডজন কিশোর গ্যাং-এর অস্তিত্ব খুঁজে পেয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই শুরু হয় ধরপাকড় হওয়ায় কিছুদিনের জন্য গ্রুপগুলো আড়ালে চলে গেলেও চলতি বছরের প্রথম দিকে ফেসবুকে পুনরায় ফিরে আসার ঘোষণা দেয় কিশোর গ্যাংয়ের লিডাররা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক