মেয়র আতিকুল কলকাতা মেয়রের পরামর্শ নিলেন ডেঙ্গু বিষয়ে
নিউজ ডেস্ক।। ডেঙ্গু প্রতিরোধে কলকাতার ডেপুটি মেয়রের পরামর্শ নিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ডিএনসিসি মেয়রকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে গণসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধ ব্যবস্থার প্রতি সব থেকে বেশি গুরুত্বারোপ করেন। কলকাতা শহরের জন্য ডেঙ্গু মোকাবিলায় তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেন তাও জানান, ডিএনসিসি মেয়রকে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা সিটি করপোরেশন ওয়ার্ড লেভেল, জোন লেভেল এবং কেন্দ্রীয় লেভেল তিন স্তরের মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এর সঙ্গে সঙ্গে নতুন ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ এবং ডেঙ্গুর প্রজননস্থল খোঁজ করে তা ধ্বংস করে দেন। তিনি কলকতার এসব ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেন ঢাকা উত্তরের মেয়রকে। গতকাল দুপুরে ডিএনসিসির নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ঢাকা শহরের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এসব পরামর্শ দেন অতীন ঘোষ।
কনফারেন্সে কলকাতার মেয়র উত্তর সিটি করপোরেশনের প্রতি পরামর্শ দিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার প্রিভেনটিভ ও কিউরেটিভ তথা প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা বলেন। তবে সবচেয়ে বেশি কার্যকর এবং গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া।
তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়ার সম্ভবনা কম থাকে। এসময় অতীন ঘোষ কলকাতার প্রতিরোধমূলক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, কলকাতা সিটি করপোরেশন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এডিস মশার প্রজননস্থল আমরা খুঁজে বের করে ধ্বংস করে দেই। যার জন্য তৃণমূল পর্যায়ে ওয়ার্ড লেভেল, জোন লেভেল ও সিটি করপোরেশনের কেন্দ্রীয় স্তরে সবসময় মনিটরিং করা হয়। এর বাইরে ডেঙ্গু বিষয়ক তথ্য সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। অতীন ঘোষ বলেন, ডেঙ্গু পরিস্থিতি কি, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা দরকার, এটা নিতে হলে অবশ্যই তথ্য দরকার। কলকাতার প্রতিটি ওয়ার্ডে একজন করে ডেঙ্গুর তথ্য নেয়ার কর্মী থাকার জানিয়ে তিনি বলেন, আমাদের ১৪৪টি ওয়ার্ডে একজন করে মোট ১৪৪ জন কর্মী রয়েছেন, তাদের কাজ হচ্ছে প্রতিদিনের তথ্য নেয়া। প্রতিদিন হাসপাতাল থেকে তারা নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য নেন এবং বাসায় গিয়ে তারা এডিস মশার প্রজননস্থল খোঁজেন। যদি কোনো স্থানে ডেঙ্গুর প্রজনস্থল পান সেটি ধ্বংস করেন। এভাবে কোথাও ডেঙ্গুর প্রজননস্থল থাকলে তার একটা চিত্র আমরা পাই। আর এভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় গুরুত্ব দিয়ে কাজ করা হয়।
ভিডিও কনফারেন্সে ডিএনসিসি মেয়র ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলকাতা সিটি করপোরেশন ডেপুটি মেয়রের সঙ্গে কনফারেন্সে উপস্থিত ছিলেন, প্রধান ভেক্টর কন্ট্রোল কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক মুখ্য পরামর্শক তপন মুখার্জি প্রমুখ। উৎস: মানবজমিন।










