,

ডেঙ্গু রোধে লম্বা জামাকাপড়-মোজা পরার পরামর্শ মেয়র খোকনের

news-image

দেশ জুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা, পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ রোববার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

আসন্ন কোরবানির পশুর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময় সভা ও অ্যারোসল স্প্রে বিতরণের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘আপনারা লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। ইমাম সাহেবেরা এমন পরেন। একটু সচেতন হলে আমরা এ (ডেঙ্গু) থেকে মুক্তি পেতে পারি। মসজিদে নামাজের আগে অ্যারোসল স্প্রে করতে পারেন। সামান্য সচেতনতা আমাদের সবাইকে নিরাপদে রাখতে পারে।’

সাঈদ খোকন বলেন, ‘আল্লাহ তায়ালা মাফ করলে দ্রুত ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করতে পারব। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করতে পারব, ইনশাল্লাহ। এ কাজে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা নিজ এলাকায় প্রতিটি মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পাঠ করবেন। যেন এ শহর দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। কারণ আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। আমরা ধৈর্য ধরব ও নামাজের সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমাদের মাফ করবেন।’

মেয়র বলেন, ‘চারদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি জনগণও যথেষ্ট সচেতন হয়েছে। এক মাস আগেও আমাদের জনগণের অনেকে ডেঙ্গু নিয়ে তেমন সচেতন ছিলেন না। এখন জনগণ যথেষ্ট সচেতন হয়েছেন। তাই এর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। এটা সম্ভব হয়েছে আমাদের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার ফলে।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘ডেঙ্গু থেকে শহরকে রক্ষা করতে আমাদের জনবল বাড়ানো হবে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনতা বাড়াতে কাজ করছি। ডেঙ্গু রোগীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।’

কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘পশু নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হবে। কোরবানির পর বর্জ্য যথাযথ স্থানে ফেলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এর জন্য প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার যথাসময়ে পৌঁছে যাবে।’ কোরবানির বর্জ্যে ডেঙ্গু যেন আবার জেঁকে বসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মেয়র।

বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে সচেতন করতে ইমামদের মসজিদে-মসজিদে খুতবার পর এক মিনিট বর্জ্য নিয়ে সচেতনতামূলক বয়ান দেওয়ার আহ্বান জানান মেয়র। যেকোনো প্রয়োজনে দক্ষিণ সিটি করপোরেশনের হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করার পরামর্শও দেন তিনি।

মতবিনিময় সভায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরিফ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও করপোরেশনভুক্ত প্রতিটি ওয়ার্ডের ইমামরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা