ঘাতক ধর্ষকের লোমহর্ষক বর্ণনা : ‘রক্তক্ষরণের কথা বলে দিবো বললে ঝুমুরকে হত্যার পর মাথা পুঁতে ফেলি’
নিউজ ডেস্ক।। কোম্পানীগঞ্জের স্কুলছাত্রী ঝুমুর হত্যার গ্রেপ্তারকৃত আসামি বাহার গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বেচ্ছায় বিজ্ঞ বিচারককে বলেছে, মা-বাবাকে রক্তক্ষরণের কথা বলে দিব বললে ধর্ষণের পর ঝুমুরকে শ্বাসরোধ করে হত্যার পর খালে মাথা পুঁতে ফেলি। যে খাল থেকে মাথা পুঁতানো অবস্থায় স্থানীয় সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নাজমুন নাহার ঝুমুর (১৩) এর লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিন সকালে সেই খালের ভেষালজালের মধ্যে মাছ ধরছিলো বাহার উদ্দিন (৪৫)। ঘটনাচক্রে ঝুমুর আম কুড়ানো শেষে খালের পাশ দিয়ে একা যাচ্ছিল। এসময় ঝুমুরকে একা পেয়ে বাহার তার গতিরোধ করে বাগানে নিয়ে ধর্ষণ করে।
রক্তাক্ত অবস্থায় ঝুমুর চিৎকার করে মা-বাবাকে ঘটনার কথা বলে দিবে বললে সে তার মুখ চেপে ধরে খালের মধ্যে মাথা পুঁতে শ্বাসরোধে হত্যা করে। গতকাল সোমবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এমনই ঘটনার বিবরণ দিয়েছে বাহার।
দুপুরে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দির জন্য বাহারকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত বাহার চরকঁকাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবুতরের বাড়ীর আজিজুল হকের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাতে অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে সে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শনিবার সকাল ৮টার দিকে মামাতো ভাই রাফি ও মামাতো বোন প্রমির সঙ্গে বাগানে আম কুড়াতে যায় নাজমুন নাহার ঝুমুর।
আম কুড়ানো শেষে তার সঙ্গে যাওয়া ২ জন বাড়িতে ফিরলেও ঝুমুর ফিরেনি। পরে পার্শ্ববর্তী সোনিয়া আক্তার নামের এক মহিলা বাগানের পাশের খালে ঝুমুরকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। এরপর পরিবারের লোকজন এসে অর্ধনগ্ন অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঝুমুরের পিতা মো. হানিফ বাদী হয়ে স্থানীয় থানায় ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেন। উল্লেখ্য, এলাকার কিছু দুষ্টচক্র ঝুমুর মৃত্যুকে ঘিরে ফণীর রাতে ঝড়ে মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালায়। বিকালে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী লাশের গোপন অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের আলামত পাওয়া গেলে বিকেলে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ পায়।
কোম্পানীগঞ্জে গৃহবধূ ধর্ষণ, গ্রেপ্তার-১ : কোম্পানীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। জেনারেল হাসপাতালের আর.এম.ও ডা. সৈয়দ আজিম জানান গৃহবধূকে ধর্ষণের আলামত প্রাথমিক রিপোর্টে পাওয়া গেছে। স্থানীয় থানার এস.আই ইমরান ও এলাকাবাসী জানায়, গত শনিবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অন্যদিকে, অভিযোগ উঠেছে এ ঘটনা স্থানীয় এক জনপ্রতিনিধি মিমাংসার নামে এক দিন টালবাহনা করে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার ১দিন পর ৫ই মে রোববার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ধর্ষক শিপন মুছাপুর ইউপির ২নং ওয়ার্ডের আবদুল হালিমের ছেলে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গতকাল ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উৎস: মানবজমিন।










