বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবের আগেই খুলতে পারে শান্তি নিকেতনের বাংলাদেশ ভবন

news-image

অনলাইন ডেস্ক : শান্তি নিকেতনে বাংলাদেশ উৎসব হতে চলেছে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বিশ্ব ভারতীকে অনুরোধ করা হয়েছে যেন ওই উৎসবের আগে বাংলাদেশ ভবন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

সর্বসাধারণের জন্য বাংলাদেশ ভবন খুলে দেওয়ার কথা ছিল ২২ শ্রাবণ (৮ই আগস্ট)। তবে কিছু সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। ভবন কীভাবে দ্রুত উদ্বোধন করা যায় তা নিয়ে কথা বলতে সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান ইলিয়াসের নেতৃত্বে একটি দল সম্প্রতি শান্তিনিকেতন আসে। বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা হয় দলটির।

আবদুল মান্নান ইলিয়াস বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসের শেষ দিকে তিন দিন বা পাঁচ দিনের বাংলাদেশ উৎসব করার কথা ভাবছি এই ভবনে। আমরা চাই, তার আগে এই ভবন সর্বসাধারণের জন্য খুলে যাক।’

গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভবন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিশ্বভারতী কর্তৃপক্ষ আরও কিছু সময় চেয়ে নিয়েছিল জনসাধারণের জন্য এই ভবনের দ্বার উন্মুক্ত করার জন্য।

গত মাসে বিশ্বভারতীর কার্যনির্বাহী উপাচার্য সবুজকলি সেন বলেছিলেন, ‘২২ শ্রাবণ এই ভবন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু ২২ শ্রাবণের নির্ধারিত দিন আমরা রাখতে পারছি না। কিছু কাজ বাকি আছে।’

যদিও সবুজকলির নতুন কোনও তারিখ দিতে চাননি। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ উৎসবের আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। ইতিমধ্যে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা বিশ্বভারতী কর্তৃপক্ষকে ভবন উদ্বোধনের দেরি হওয়া নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

এক কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাকি কাজ শেষ করতে।’

বাকি কাজের তালিকায় রয়েছে পুরো ভবনজুড়ে সিসিটিভি লাগানো, সর্বসময়ের জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ, ভবনের যে স্থানগুলি থেকে পানি বেয়ে পড়ছে সেগুলি মেরামত এবং শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।

আবদুল মান্নান ইলিয়াস জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্ব ভারতীকে অনুরোধ করা হয়েছে যেন ভবনে একটি আর্ট গ্যালারিও নির্মাণ করা হয়।

প্রায় ৪৪ হাজার ২৬১ বর্গফুটের ওপর নির্মিত দ্বিতল ভবনটিতে রয়েছে একটি জাদুঘর, লাইব্রেরি, একটি অডিটোরিয়াম এবং ক্যাফেটেরিয়া। ইলিয়াস বলেন, ‘এত ছবি আছে, তাই এখানে আমরা একটি আলাদা আর্ট গ্যালারির কথা বলেছি।’

শেখ হাসিনা সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেন বাংলাদেশ ভবনের জন্য কোনও প্রবেশ মূল্য ধার্য করা না হয়।

বাংলাদেশ ভবনে প্রবেশ করতে টিকেট ব্যবস্থার পরিকল্পনা করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ব ভারতীর একটি সূত্র জানায়, বাংলাদেশ ভবন রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৮০ লাখ ভারতীয় রুপি খরচ হবে। এ কারণে টিকেটের কথা ভাবা হচ্ছিল।

সবুজকলি বলেন, ‘রক্ষণাবেকেক্ষণের জন্য বাংলাদেশ সরকার আমাদের ১০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওই অর্থ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আমরা প্রধানমন্ত্রী মোদিকেও চিঠি দিয়েছি সমপরিমাণ অনুদান চেয়ে।’