বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের হাতে ‘মহাভারত’

news-image

নভেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’। ওই ছবিটির মুক্তির আগেই কি আরো বড় প্রজেক্টের কথা ঘোষণা করতে চলছেন আমির? সম্প্রতি বলিউডে এই জল্পনা তুঙ্গে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে জি নিউজ।বলিউডে ‘মহাভারত’ বানানোর স্বপ্ন অনেকেরই রয়েছে। একবার কিং খান মহাভারত বানানোর স্বপ্নের কথা জানিয়েছিলেন। যদিও পরক্ষণেই শাহরুখ স্বীকার করে নেন স্বপ্নের প্রজেক্ট হলেও এটা বানানো মোটেও সহজ কাজ নয়।

পাশাপাশি ইচ্ছার কথা জানিয়েছিলেন ‘বাহুবলি’ পরিচালক রাজামৌলি। ‘বাহুবলি ২’ মুক্তির ঠিক পরপরই তিনি এ কথা জানান। এমনকি শোনা যায়, মহাভারতে অভিনয় করার জন্য আমিরের সঙ্গে কথাও বলে ফেলেছেন এবং আমিরও নাকি উৎসাহ প্রকাশ করেন।‘বাহুবলি ২’ মুক্তির পর আমির বলেন, ‘আমি রাজামৌলির কাজের ভীষণ ভক্ত। যদি তিনি মহাভারত বানাতে চান, তাহলে আমি কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক। কৃষ্ণ বা কর্ণের চরিত্র দুটিই আমার পছন্দের। তবে এই দুটোর মধ্যে বাছতে বললে আমি কৃষ্ণ চরিত্রটিই বেছে নেব।’

এদিকে শনিবারই মুম্বাই বিমানবন্দরে ‘মহাভারত’ হাতে ধরা পড়েন আমির। আমিরের হাতে যে বইটি দেখা যায় সেটি হল ‘দ্য মহাভারত অফ ভীষ্ম’। আর এরপরই বলিউডের সব থেকে কাঙ্খিত প্রজেক্ট মহাভারত তৈরির বিষয়ে জল্পনা শুরু হয়েছে।একসঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। যেমন, আমির কি ইতোমধ্যেই ‘মহাভারত’ বানানোর তোরজোড় শুরু করে দিয়েছেন? তিনি কি নিজেই ‘মহাভারত’ বানাচ্ছেন, নাকি অন্য কেউ, আমির শুধুই অভিনয় করবেন। আমির যদি ছবিতে অভিনয় করেন তাহলে কি তাকে পিতামহ ভীষ্মের চরিত্রে দেখা যাবে নাকি অন্য কোনো চরিত্র?

প্রসঙ্গত, গত মার্চে শোনা গিয়েছিল বিজনেস টাইকুন মুকেশ আম্বানি নাকি আমিরকে ‘মহাভারত’ বানানোর জন্য ১০০০ কোটি রুপি দিতে রাজি হয়েছেন। যদিও মুকেশ আম্বানি সিনেমা নির্মাণের জন্য নতুন প্রযোজনা সংস্থা খুলছেন নাকি তার দুই মিডিয়া সংস্থা জিও বা ভায়াকম ১৮-এর ব্র্যান্ডেই এই ছবিটি বানাতে তিনি উৎসাহী, সেকথা অবশ্য স্পষ্ট হয়নি।