পরিচয় জানার পরই ইন্সপেক্টর মামুনকে হত্যা করে প্রতারকচক্র
পুলিশ পরিচয়ই কাল হলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খানের। ব্ল্যাকমেইলিং চক্রের সদস্য কথিত মডেল ও ভুয়া পুলিশ সদস্যরা মামুনের পরিচয় জেনে যাওয়ার পরই তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এর পর বনানী মডেল টাউনের একটি অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করে। পরে লাশ বস্তাবন্দি করে নিয়ে যায় গাজীপুরের গহিন বনে। নিস্তার পায়নি মামুনের মরদেহও। তার পরিচয় কেউ যেন শনাক্ত করতে না পারে সে জন্য পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় নিথর দেহ।
মামুন নিখোঁজ হওয়ার পরই তার বন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে খুনের ঘটনায় সরাসরি জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মিজান শেখ, মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন, সুরাইয়া আক্তার কেয়া ও ফারিয়া বিনতে মীম। গত বুধবার রাতে বাড্ডা ও হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির পূর্ব বিভাগের একটি টিম।
এদিকে এসবি পরিদর্শক মামুন খুনের দায় স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দেন কথিত তিন মডেল সুরাইয়া, ফারিয়া ও আফরিন। জানান, ঘটনার আদ্যপান্ত। তাদের ভাষ্য, তারা নিজ হাতে মামুনকে খুন করেননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান স্বীকারোক্তি গ্রহণের আবেদন করেন আদালতে। গতকাল দুপুরে ঢাকার তিনজন মহানগর ম্যাজিস্ট্রেট ওই তিনজনের জবানবন্দি গ্রহণ করেন। এর আগে গত ১৭ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি রহমত উল্লাহ।
এ ছাড়া আসামি সুরাইয়া আক্তার কেয়ার (২২) সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে ওই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের এসবি স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ঢাকায় কর্মরত ছিলেন। গত ৮ জুলাই রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। হত্যাকাণ্ডের দুই দিন পর গাজীপুরের এক জঙ্গল থেকে মামুনের পোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ১০ জুলাই নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। পরিদর্শক মামুনের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার কলাকুপা এলাকায়।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, আফরিন বনানীর ২/৩ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় তার বান্ধবীর জন্মদিনের দাওয়াত দেন পূর্বপরিচিত রহমত উল্লাহকে। রহমতের ডাকে গত ৮ জুলাই রাতে মামুন ওই বাসায় যান। রহমত উল্লাহ যান নিজের প্রাইভেটকারে, মামুন যান তার মোটরসাইকেল নিয়ে। ফ্ল্যাটে যাওয়ার পর গ্রেপ্তার মিজান শেখসহ চার-পাঁচ যুবক রহমত ও মামুনের ওপর চড়াও হয়। ওই দলে দিদার, আতিক ও স্বপন নামে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত তিন সদস্য ছিল।
পূর্বপরিকল্পনা অনুযায়ী ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে তারা বলতে থাকেন- আফরিন খারাপ মেয়ে, তোরাও খারাপ। আমরা প্রশাসনের লোক। এ সময় মামুন তাদের কাছে জানতে চান, তারা কোন প্রশাসনের লোক এবং নিজের (পুলিশের পরিদর্শক) পরিচয় দেয়। পরিচয় পেয়েই চক্রটি মামুনকে কিলঘুষি মারতে থাকে। পরে তারা মামুন ও রহমত উল্লাহর মুখে স্কচটেপ পেঁচিয়ে একটি কক্ষে আটকে রাখে। রাত ১২টার দিকে মামুন মারা যান। পরদিন সকালে মামুনের লাশ বস্তায় ভরে রহমত উল্লাহর গাড়িতে করে উলুখোলার জঙ্গলে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়।
অতিরিক্ত কমিশনার আরও বলেন, রহমত উল্লাহর আমন্ত্রণেই মামুন ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। ওই চক্রের টার্গেট ছিল রহমত উল্লাহকে ওই বাসায় নিয়ে আটকে কথিত মডেলদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া। কিন্তু মামুন সেখানে যাওয়ায় এবং নিজেকে পুলিশ পরিচয় দেওয়ায় তাদের পরিকল্পনা এলোমেলো হয়ে যায়।
পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, এই চক্রটি সাধারণত কয়েক মাস এক বাসা ব্যবহারের পর অন্য কোনো এলাকায় বাসা ভাড়া নিয়ে একই অপরাধ করে আসছিল। শেখ হৃদয় হলো এ গ্রুপের প্রধান। হৃদয় তার স্ত্রী কথিত মডেল ও অভিনেত্রী কেয়া, আন্নাফি আফরিন ও আফরিনের বোন মাইশাকে ব্যবহার করত টোপ হিসেবে। বাসায় সার্বক্ষণিক দেখভাল করার জন্য নিয়োজিত ছিল দিদার। আর একটি শৃঙ্খলা বাহিনীর সাবেক তিন সদস্য আতিক, মিজান ও স্বপন নিয়মিত ওই বাসায় যাতায়াত করত এবং বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের কাজটি করত।
প্রতারণার অর্থ দুই ভাগ করে এক ভাগ শেখ হৃদয়কে আর অপর অংশ এই তিনজন নিত। হৃদয়ের ভাগের অংশ থেকে দেওয়া হতো কথিত তিন নারী মডেল ও অভিনেত্রীকে। এর আগে ওই বাসাতে আরও কয়েক ব্যক্তিকে ডেকে নিয়ে অশ্লীল ছবি তুলে অর্থ আদায় করেছিল বলেও আটকরা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে।











