বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক সম্পর্কে আপত্তি, স্বামীর হাতে স্ত্রী খুন

news-image

শারীরিক সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় খুন হয়েছেন এক নারী। খুন করে পালিয়ে যাওয়ার পর গত রোববার ওই নারীর ক্যান্সারে আক্রান্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের উত্তরপ্রদেশের নয়ডার ছিজারসিতে গত ১১ জুলাই ঘটনাটি ঘটে। পরে গত রোববার মহেষ (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ছয় মাস আগে মহেষের মুখে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তাকে এড়িয়ে চলতেন তার স্ত্রী মমতা (৩১)। গত ১১ জুলাই স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান করেন মহেষ। কিন্তু মমতা তাকে সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যান মহেষ।
নয়ডা ফেজ থ্রি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে তারা জানতে পেরেছেন মহেষের মুখে ক্যান্সার ধরা পড়ার পর তাদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। মহেষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অসন্তোষও প্রকাশ করতেন মমতা। ঘটনার দিন রাতে মহেষ তার স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বললে তিনি না করেন। এরপরই রান্নাঘর থেকে ছুরি এনে তাকে কুপিয়ে হত্যা করেন মহেষ।
এনডিটিভিকে অমিত কুমার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহেষ স্বীকার করেছেন, তার মুখের ক্যান্সারের কারণে তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তার স্ত্রী। রোগের মাত্রা বেশি হওয়ায় তাকে সহ্যও করতে পারতেন না মমতা। গত দুই মাস আগে চিকিৎসার উদ্দেশে তারা নয়ডায় বসবাস শুরু করেন। শরীরের মরণব্যাধী ও পারিবারিক সমস্যার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।
মমতার বিরুদ্ধে মহেষের অভিযোগ, নয়ডায় আসার পর এলাকার অপরিচিত কিছু যুবকের সঙ্গে খাতির হয় মমতার। পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় স্ত্রীকে চোখে চোখে রাখতেন মহেষ।
ওসি বলেন, মহেষের দুটি সন্তান রয়েছে। তাদেরকে মমতার মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মহেষকে আদালতে পাঠানোর পর বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, মহেষকে নয়ডার লাকসা জেলে রাখা হয়েছে। সেখানে ক্যান্সারের চিকিৎসা নেই। তাই চিকিৎসার জন্য জামিনে ছাড়া পেতে পারেন মহেষ।