খালেদার জালে লর্ড কার্লাইলকে দিয়ে বিএনপির অাত্মঘাতী গোল
দিল্লী বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইটে লন্ডনে ফেরৎ পাঠানো হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডসের প্রভাবশালী সদস্য লর্ড কার্লাইলকে। এই ফেরৎ পাঠাবার মধ্য দিয়ে বিএনপির প্রতি ভারতের বর্তমান সরকারের কতটা অবিশ্বাস যে এখনও অটুট, তা প্রমান হলো। না হলে, খালেদা জিয়ার মুক্তির দাবীতে একটা সংবাদ সন্মেলন ভারতে লর্ড কার্লাইল করলে তো ভারতের কোন ক্ষতি হবার বিষয় ছিল না। এতে করে, তারা চাপ বাড়ানোর পুরনো খেলাটাও খেলতে পারত বাংলাদেশের বর্তমান সরকারের উপর। যেটা নেপাল বা ভূটানের অভ্যন্তরীন ইস্যুতে বারবার ভারত করেছে, এমন নজীরের বাস্তবতা ইতিহাস। অন্তত যেখানে বিএনপিও ভারতকে নিজেরা বাংলাদেশের ক্ষমতায় বসলে, বর্তমান সরকারের মতো সম্পর্ক গড়বার (!!!) রীতিমত ঘোষনা দিয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের এমন বার্তা সপ্তাহ কয়েক অাগে পৌছেঁও কেন কাজ হলো না ? অবশ্য ভারতে লেখাপড়া, সুনামের সাথে ছাত্ররাজনীতি করা নেতারাও যে দলে অপাংক্তেয়, সেখানে এমন হটকারীতা লন্ডনে সাংবাদিকতার সুত্রে কাছ থেকে দেখবার সুত্রে অভ্যস্ত বহু বছর ধরেই।
একই সঙ্গে ভারতের বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের অন্তরঙ্গ সম্পর্ক কতটা তীব্র, তাও ভারত অানুষ্টানিক একটি স্পষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দেশবাসী, বিশ্ববাসীকে দেখাল। খালেদা জিয়ার বর্তমান জামিন বিহীন কারাবাস যে ন্যায়হীন, সেটা অন্তত বাংলাদেশের দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন। সেরকম একটি ইস্যুতেও বিএনপি দেশে অান্দোলন গড়ে তুলতে সম্পুর্ন ব্যার্থ হয়েছে। অথচ নেতারা বেগম জিয়া জেলে যাবার অাগে কত কথা, সেচ্ছায় কারাবাস, সরকার ফেলে দেয়া… কত কথা বলেছিলেন।
তেমনি লর্ড কার্লাইলকে ভারতে নেবার অাগে লন্ডনের নেতৃত্বের উদ্যোগে বিএনপির শীর্ষ নেতাদের ভারত সফর, এর পরও কার্লাইলের মতো যুক্তরাজ্যের উচ্চকক্ষের প্রভাবশালী একজন সদস্যকে ভারতের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া, বিএনপির নেতৃত্বের সীমাহীন হটকারীতা, জোড়াতালির কূটনৈতিক দেউলিয়াত্বের প্রমান।
ভারত বলছে, লর্ড কার্লাইলের ভারতীয় ভিসা ছিল কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার সেই ভিসা প্রত্যাহার করে নিয়েছে।
তার এ সফরকে ঘিরে বুধবার ঘুমের সময় বাচিঁয়ে লেখাটি যখন লিখছিলাম তখন ভারতের প্রধান গনমাধ্যমগুলোর এ ঘটনায় প্রতিক্রিয়া খুজঁছিলাম। না, কোন প্রতিক্রিয়া খুজঁছিলাম চোখে পড়েনি। বুধবারের টাইমস অব ইন্ডিয়া লিখেছে, লর্ড কার্লাইলের ভিসাটি ভারতের অাসার ক্ষেত্রে ‘ইন-এপ্রোপ্রিয়েট’ ছিল। ফলে সফর বাতিল করে তাকে ফিরে যেতে হয়। যে উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন, ভিসার অাবেদনে তার কারন উল্লেখ না করার উল্লেখ করেছে ভারতের মিডিয়াগুলো, তাদের গুরুত্বহীন কাভারেজে প্রকাশিত খবরে। কলকাতার অানন্দবাজার বা অাজকাল বৃহস্পতিবার ভারতের সময় সকাল অবধি এ সংক্রান্ত কোন খবরই প্রকাশ করেনি। এ হলো ভারতের গনমাধ্যমে বিএনপির অবস্থানের চিত্র।
দেশে বিএনপি না হয় প্রশাসনের কঠোরতা, গ্রেফতার নির্যাতনের ভয়ে অান্দোলন করতে পারছে না। কিন্তু, কার্লাইলের সফরের অাগে ভারতের বিএনপির একটি শীর্ষ পর্যায়ের টীম গেল। সেখানে লন্ডন থেকে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন উপদেষ্টাও উড়ে গেলেন। ফলাফল কি দাড়াল। প্রভাবশালী লর্ড কার্লাইলকে ভারত অাগে দেয়া ভিসা বাতিল করে পত্রপাঠ যুক্তরাজ্যে ফেরত পাঠাল। ভারতের কাছে বাংলাদেশ প্রশ্নে কার্লাইলের দৌরাত্বের এতটা সীমাবদ্ধতা বা বিএনপির প্রতি ভারতের প্রকট অাস্থাহীনতাটা শুধু স্পষ্ট হলো। ভারতের বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন চোখে অাঙ্গুল দিয়ে জনগন ও বিশ্ববাসীকে অাবার দেখাল বিএনপির শীর্ষ নেতৃত্ব।
ভারতের এ এয়ারপোর্ট থেকে লর্ড সভার একজন সদস্যকে পত্রপাঠ বিদায়ের পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশ বিষয়ে প্রভাব বিস্তার করতে সক্ষম অন্য প্রভাবশালীদের প্রতি একধরনের সতর্ক বার্তা। ভারতকে ডিঙ্গিয়ে বাংলাদেশ বিষয়ে এখনকার বিশ্ব রাজনীতির হিসেব নিকেষে চীনের হস্তক্ষেপের গুজবের অংকের অসারতা নিয়ে নাই বলা বললাম।
জোট সরকারের অামলে দশ ট্রাক অস্ত্র যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাচ্ছিল, কারা তার পেছনে ভারত যে সে ব্যাপারে তাদের নিজেদের ধারনা তা ভুলে যায়নি, তাই কি অাবার কার্লাইলকে ফিরিয়ে ভারত প্রমান দিল ? গত প্রায় দেড়যুগেও বিএনপি সে দায় বা সম্পর্কের অবিশ্বাসের ক্ষত একটুও সারাতে পারেনি। সেটা তাদের নেতৃত্ব না পারতেই পারে। কিন্তু, তাই বলে বেগম খালেদা জিয়ার দলটি তাকেঁ কারামুক্ত করার নামে একটা কূটনৈতিক বা রাজনৈতিক দেউলিয়াত্বের সম্পর্কের উপর দিয়ে কার্লাইলকে ভারতে নিয়ে সংবাদ সন্মেলনের নামে পুরোপুরি ষ্টার্ন্টবাজির একটা প্ল্যান করবে ? খালেদা জিয়ার জেলে যাবার পর বিএনপির ইউটার্নে পরিবর্তিত ভারত নীতি শুধু যে তামাশায় পরিনত হলো, শুধু সেটি নয়। বরং, এতে করে দলটি তাদের ভারতের শত্রুর শত্রু বন্ধুদের কাছেও অাস্থাহীন হল কূটনৈতিকভাবে। ষ্টান্টবাজি অার কূটনীতি যে এক জিনিস নয়, রাজনৈতিক নেতৃত্বের কর্মকান্ডে অতটা অপরিপক্কতা কি মানায়?
বেগম জিয়াকে জেলে রেখে বিএনপি অান্দোলনে, লবিংগে কৌশল নির্ধারনে ব্যার্থ হলেও অামি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খালেদা জিয়ার প্রতি দেশটির সর্বচ্চো অাদালতের অন্তত ন্যায়সঙ্গত অাচরন কামনা করি। বিএনপি না হয় দলটির চেয়ারপারসনের মুক্তির দাবীতে গলিতে ঢুকে মিছিলের ফটোসেশন করুক, ফেসবুকে অান্দোলন করুক। লর্ড কার্লাইলের মত অন্য কেউ হয়ত অন্য কোন দেশে সংবাদ সন্মেলন করেই খালেদা জিয়াকে মুক্ত করার বিপুল বিক্রমে চেষ্টা চালাবেন!
অারেক কাছের প্রতিবেশী ভূটানের সাথেও ভারতের সম্পর্কের ইতিহাস বলে, ভারত নিজেদের দেশের স্বার্থে সব করতে পারে। অার বাংলাদেশের মূল রাজনৈতিক দলদুটি সেটি পারে কেবল ক্ষমতায় অাকড়েঁ থাকা বা যেনতেন ভাবে ক্ষমতায় পৌছুঁবার জন্য।











