বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা ‘মাহরাম’ ব্যতিত একাকি হজ্জে যেতে পারবেন কী?

news-image

হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। সামর্থ্যবান প্রত্যেক নারী-পুরুষের ওপর হজ্জ ফরজ। ইসলামী শরীয়তের বিধান হলো, মহিলাদের জন্য মাহরাম ব্যতীত একাকী সফরে যাওয়া জায়েজ নয়। এ ব্যাপারে সকল ইমাম একমত। (ইলাউস সুনান) তবে কারও যদি মাহরাম পুরুষ না থাকে সে ক্ষেত্রে নারীদের হজ্জে যাওয়ার ব্যাপারে ইমামদের মাঝে বিভিন্ন মতভেদ রয়েছে।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সা. এর বিভিন্ন রকম হাদীস পাওয়া যায়। তবে অধিকাংশ হাদীসেই নারীদের একাকী হজ্জে যাওয়ার বিষয়টি নিষিদ্ধ করেছেন। ইমাম আবু হানিফার অনুসারীদের মতে নারীদের একাকি হজ্জে যাওয়া সম্পূর্ণ নিষেধ। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘মাহরাম ছাড়া কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করবে না এবং কোনো নারী মাহরাম ব্যতীত সফর করবে না। এক সাহবী বলল, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী হজ্জ করতে যাচ্ছে আর আমি অমুক যুদ্ধে নাম লিখিয়েছি। রাসূল (সা.) বললেন, তোমার স্ত্রীর সাথে হজে যাও।’ (বুখারী ও মুসলিম)

রায় থেকে এক মহিলা ইবরাহিম নাখয়ির নিকট চিঠি লিখল যে, ‘আমি এখনো হজ্জ ব্রত পালন করিনি। আমার পর্যাপ্ত সম্পদ আছে কিন্তু কোনো মাহরাম নেই।’ তিনি তাকে জবাব দিলেন, ‘আপনি তাদের একজন, যাদের জন্য আল্লাহ হজ্জ আবশ্যক করেননি।’ (ফিকহুসুন্নাহ)

নারীদেরও ওপর হজ্জ ফরজ হওয়ার জন্য তার স্বামী বা মাহরাম শর্ত। মাহরাম ছাড়া হজ্জ সফর মহিলাদের জন্য জায়েজ নয়। (মাআরেফুল কুরআন) তবে সফরের দূরত্ব যদি ৪৮ মাইল বা তার কম হয় তবে ইমাম আবু হানিফাসহ কতিপয় হানাফী ইমামদের মতে মাহরাম প্রয়োজন নেই। (মাযহারী, শরহে বেকায়া ও হেদায়া) কিন্তু ইমাম মালিকসহ একদল হানাফীদের মত হলো, পথ অল্প-বিস্তর যাই হোক, মাহরাম ছাড়া সাধারণ কিংবা হজ্জ; কোনো সফরই জায়েজ নয়। কারণ রাসূল (সা.) বলেছেন, মাহরাম ছাড়া কোনো মহিলা যেন সফর না করে। (বুখারী) অন্য বর্ণনায় তিনি (সা.) বলেছেন, মাহরাম ছাড়া কোনো মহিলা যেন হজ্জ না করে। (দারা কুতনী) হানাফী মাযহাবে যুবতী ও বৃদ্ধা উভয়ের ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য হলেও অন্য ইমামদের মতে হজ্জ সফরে বৃদ্ধাদের জন্য মাহরাম শর্ত নয়। (বাহরুল মুহীত ও ফতোয়ায়ে ইবনে তাইমিয়া) ইমাম মালেক ও দাকীকুল ঈদও একই কথা বলেছেন। (ফিকহুন্নিসা)

রিয়াদ থেকে প্রকাশিত ফতোয়ায়ে লাজনায় বলা হয়েছে, ‘যে মহিলার মাহরাম নেই সে মহিলার ওপর হজ্জ ফরজ নয়। এটা সুফিয়ান সাওরী, হাসান বসরী, ইবরাহীম নাখয়ী, ইমাম আহমদ, ইসহাক, ইবনে মুনযির ও ইমাম আজম আবু হানীফার মত। আর এটাই সঠিক।’ (ফতোয়ায়ে লাজনা) সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ আব্দুল্লাহ বিন বাযসহ কয়েকজন বিশ্ববরেণ্য মুফতী এ ফতোয়ায় স্বাক্ষর প্রদানের মাধ্যমে তাদের সমর্থন জানিয়েছেন। (লাজনা)

তবে কারও যদি মাহরাম পুরুষ না থাকে আর সে হজ্জে যেতে চায় তাহলে তার ক্ষেত্রেও ইমামদের মাঝে মতপার্থক্য রয়েছে ও আলাদা বিধান দেওয়া হয়েছে। যারা বৈধ মনে করেন তারা রাসুল সা. এর এ হাদীসটি উল্লেখ করেন। রাসুল সা. বলেছেন, ‘কোনো মহিলার জন্য মাহরাম না পাওয়ার কারণে হজ্জ সফর থেকে বিরত থাকা জায়েজ নয়। তার উচিত কোনো মহিলা দলের সাথে হজ্জ সম্পন্ন করা।’ (সুনানে আবু দাউদ, মুয়াত্তা ইমাম মালিক) এ হাদীসে মাহরাম না থাকা অবস্থায় কোনো মহিলা দলের সঙ্গে যেয়ে হজ্জ করতে পারার অনুমতি দেওয়া হয়েছে। তবে ইমামদের মতে তার ওপর হজ্জ ফরজ নয়।

বিশ্বস্ত মহিলা দলের ব্যাখ্যায় ইমাম শাফেয়ী এভাবে করেছেন, ‘দলের কিছু সংখ্যক মহিলা নির্ভরযোগ্য হতে হবে এবং তাদের সাথে মাহরাম থাকতে হবে। তবেই এ দলের সাথে একজন মাহরামহীন মহিলা হজ্জ সফরে যেতে পারবে।’ (আসান ফেকাহ)
আদী ইবনে হাতেম (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘হে আদী! তোমার জীবনকাল যদি দীর্ঘ হয়, তুমি অবশ্যই দেখতে পাবে, ইরাকের হীরা অঞ্চল থেকে একজন মহিলা একাকী উটের হাওদায় বসে কাবা তাওয়াফ করবে এবং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না।’ (বুখারী ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে, ‘সে মহিলা আল্লাহর ঘর তাওয়াফের নিয়তে/উদ্দেশে একাকী আসবে তার সাথে অন্য কেউ থাকবে না।’ (ফিকহুন্নিসা।) এ হাদীসে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, ইসলামের কল্যাণে মানুষের জান মালের নিরাপত্তা এমন পর্যায়ে পৌঁছবে, মহিলারা একাকী হজের নিয়তে সফর করবে তাদের কোনো অসুবিধা হবে না।। আর এর বৈধতাও এই হাদীস দ্বারাই প্রমাণীত হয়েছে। কারণ রাসূল (সা.) সতর্কতামূলক নয় বরং প্রশংসামূলকভাবেই এ ভবিষ্যদ্বাণী করেছেন। (ফতোয়ায়ে কারযাভী) এ হাদীস থেকে আলেমগণ এ যুক্তিও গ্রহণ করেছেন যে, নিরাপত্তার বিঘœ না হলে মহিলারা একাকী হজ্জ সফরে যাত্রা করতে পারবে। (ফিকহুন্নিসা) তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আলেম উলামা ও ইমামরা এখনো মনে করেন না যে নারীদের একাকি হজ্জে যাওয়ার বৈধতা রয়েছে।

তবে সর্বসাকুল্যে ইমাম আবু হানীফার মাজহাবের অনুসারী আলেমদের মতে মাহরাম বা নারী হজ্জ্ব কাফেলা ব্যতিত নারীদের একাকি হজ্জে যাওয়ার বৈধ নয়। নিচে প্রমাণ স্বরূপ বাংলাদেশের বিখ্যাত দুই আলেমের আলোচনার ভিডিও তুলে ধরা হলো..