তিনি ভুলেই যাবেন ‘কে তাকে ভিসি বানিয়েছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান কোটা আন্দোলন নিয়ে দুই রকম কথা বলায় ক্ষুব্ধ বিশিষ্টজনেরা। তিনি প্রথমে বলেছেন, কোটা পদ্ধতি সংস্কারের দাবি ‘যৌক্তিক’ এবং পরবর্তীতে বলেছেন আন্দোলনকারীদের সবকিছুতেই জঙ্গিবাদের বহিঃপ্রকাশ।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।
তিনি তার ফেসবুকে লিখেছেন, সরকার বদলাইলে তিনিই আজকের শাসনকে নিকৃষ্ট ফ্যাসিবাদ বলবেন। সেদিন তিনি ভুলেই যাবেন আগে তিনি কী বলেছিলেন বা কে তাকে ভিসি বানিয়েছিল। এমন ক্যারেক্টার আমরা আগেও দেখেছি।
সম্প্রতি, গত ১১ই এপ্রিল উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবি ‘যৌক্তিক’। শিক্ষার্থীদের আন্দোলন গণতান্ত্রিক। এই আন্দোলনের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই।
এরপর চলতি মাসের ৮ই জুলাই তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওসহ কোটা সংস্কার আন্দোলনকারীদের সব পদক্ষেপের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডের মিল আছে। কোটা আন্দোলনকারীদের সব কাজই জঙ্গিবাদের বহিঃপ্রকাশ।’
ড. মো. আখতারুজ্জামানের কথায়, ‘অনেক সুস্পষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে প্রতীয়মান হয় যে একটি বড় অপশক্তি ক্রিয়াশীল আছে। উদাহরণ হিসেবে বলবো ফেসবুক লাইভে তাদের ভিডিও বার্তার কথা। আমার কয়েকজন সহকর্মী একটি লাইভ ভিডিও দেখিয়েছেন। সেটি দেখলাম। দেখার পর মনে হলো—জঙ্গিগোষ্ঠী তালেবান ও বোকোহারাম যেমন ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন উসকানি ও নাশকতার অপপ্রয়াস নেয়, কোটা আন্দোলনকারীদের ভিডিওতে ঠিক তেমন একটি প্রতিচ্ছবি দেখতে পেয়েছি।’ (ভিডিওটি কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ লাইভে এসেছিলেন)।











