বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরম হাওয়া পিটার্সবার্গে – রাতে সেমিফাইনালে ফ্রান্স-বেলজিয়াম লড়াই

news-image

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মঙ্গলবার উত্তপ্ত থাকবে। সেখানে বসবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আসর। বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা লড়াইয়ে না থাকলেও উত্তেজনার কমতি নেই।

সময় যতই গড়াচ্ছে, উত্তেজনা ততোই তুঙ্গে। মঙ্গলবার প্রথম সেমিফাইনাল। ১৯৯৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও বেলজিয়াম পরস্পরের মোকাবিলা করবে। বেলজিয়ামের ভাগ্যে এখনও বিশ্বকাপ জোটেনি, তবে ১৯৮৬’র বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো। কিন্তু ফাইনালে ওঠা হল না। বেরসিক ম্যারাডোনার কাছে দুই গোল খেয়ে ঘরে ফিরে বেলজিয়াম। ৩২ বছর পর আবারও বেলজিয়ামের সামনে ফাইনালের হাতছানি। এবার তো ম্যারাডোনা নেই, প্রতিপক্ষ ফ্রান্সের পগবা, গ্রিজম্যান ও এমবাপ্পেকে সামলে ফাইনালে যেতে পারবে কী বেলজিয়াম? এই উত্তর খুঁজতে পৃথিবী জুড়ে ফুটবল প্রেমীরা তাকিয়ে থাকবে সেন্ট পিটার্সবার্গে দিকে।

বাংলাদেশ সময় রাত ১২টায় খেলা শুরু হবে। একই সময়ে বুধবার মস্কো স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। সেমিফাইনালকে সামনে রেখে সর্তক অবস্থানে রয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বেলজিয়ামকে শক্ত প্রতিপক্ষ ভেবেই সেমির ম্যাচের জন্য ছক কষছেন তিনি। তাই সেমিফাইনালে ম্যাচের আগে দলকে সতর্ক করছেন ফ্রান্স কোচ।
দেশম বলেন, বেলজিয়াম কতটা শক্তিশালী দল, তারা তা প্রমাণ করেছে। বড় বড় জনপ্রিয় দলগুলোকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে এসেছে তারা। আমাদের লক্ষ্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বেলজিয়াম। তবে আমরা সর্তক। এ বিষয়টিই ভালোভাবে দলের খেলোয়াড়দের বুঝাতে চেষ্টা করছি আমি।
গ্রুপ পর্বে সেরা হয়েই বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠে বেলজিয়াম। সেখানে বড় ধরনের চমক দেখায় তারা। এশিয়ার দেশ জাপানের বিপক্ষে ৫২ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বেলজিয়াম। কিন্তু ৬৯, ৭৪ ও ৯৪ মিনিটে তিনটি গোল করে অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য রেড ডেভিলসরা। পিছিয়ে পড়েও বিশ্বকাপের মত আসরের শেষ ষোলোর ম্যাচ কিভাবে জিততে হয় বিশ্বকে তা দেখিয়েছে বেলজিয়াম।

কোয়ার্টারফাইনালে আরও চমক দেখায় বেলজিয়াম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিধ্বস্ত করে তারা। ৫৫ বছর পর ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ নেয় বেলজিয়াম। ২-১ গোলের জয়ে বিশ্বকাপের মত আসরে ব্রাজিলকে প্রথমবারের মত হারায় তারা। তবে ফ্রান্সকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ। প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই দল সাজাবেন তিনি। এ ধরণের ম্যাচে গোলের সুযোগ যাযরা কাজে লগাতে পারবে, তারাই ফাইনালে খেলবে বলে মনে করেন বেলজিয়াম কোচ।