বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আসছেন জাতিসংঘ ও কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

news-image
ঢাকা আসছেন মিয়ানমারে নব নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার। গত ২৬ এপ্রিল নিয়োগ পাওয়ার পরে মিয়ানমার সফর শেষে ১২জুলাই প্রথম বারের মতো বাংলাদেশে আসছেন তিনি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে আসছেন কাল। রোহিঙ্গাদের তথ্য-উপাত্ত সংগ্রহে তাদের এই সফর বলে জানিয়েছে জাতিসংঘের সদর দফতরের একটি কূটনৈতিক সূত্র এবং ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জানার এমন এক সময় মিয়ানমার-বাংলাদেশ সফর করছেন যখন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ এনে তদন্ত শুরু করার প্রাথমিক প্রক্রিয়া সমাপ্ত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি তদন্ত মিশনকে দেশটিতে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলো মিয়ানমার। সে সময় জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ইয়ংহি লি’র কাজেও বাধা প্রধান করেছিলো দেশটির সরকার।
যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি ১০দিনের সফরে এখন ঢাকা রয়েছেন। গত ২৯ জুন ঢাকায় আসেন তিনি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে নিযুক্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে তাদের মতবিনিময় ছাড়াও সরকারের নীতি নীর্ধারকদের সাথে বৈঠক করছেন ইয়াং হি লি। রোহিঙ্গা প্রত্যাবাসনে জানুয়ারিতে সম্পন্ন হওয়া বাংলাদেশ-মিয়ানমার চুক্তির আওতায় এখনও একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। তবে সেই চুক্তির পর বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও ধোঁয়াশা কাটছিল না।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, এখন রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক চাপ জোরালো হওয়ায় দেশটি জাতিসংঘের সাথে প্রত্যাবাসন চুক্তিতে বাধ্য হয়েছে। নিরাপত্তা পরিষদ সদস্যদের রাখাইন সফর ছিলো প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য শুভকর। সে সময় নিরাপত্তা পরিষদ জানায়, দেশটির সরকার এমন অভিযোগ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এ ক্ষেত্রে মানবাধিকার দফতরের মতো জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিযুক্ত করতে হবে। আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় এসব নৃশংসতার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
মিয়ানমারে নব নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রাখাইন সংকটের পর গত বছরের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান বব রে।