বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ৮ লাখ ব্লকড অ্যাকাউন্ট আনব্লকড হয়েছে

news-image

নিরাপত্তা ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীদের ব্লকড লিস্টে থাকা আইডি কয়েক দিনের জন্য আনব্লকড হয়ে পড়েছিল। একই সঙ্গে যিনি ব্লকড করেছিলেন, তার সব পোস্ট দেখতে পেরেছেন আনব্লকড আইডির ব্যক্তি। সম্প্রতি সোস্যাল মিডিয়া জায়ান্টটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি, ম্যাশেবল ও সিনেট।

ফেসবুকের তথ্য অনুযায়ী, নতুন নিরাপত্তা ত্রুটির কারণে তাদের ৮ লাখ ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন। ২৯ মে থেকে ৫ জুনের মধ্যে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে এ সমস্যা দেখা গিয়েছিল। নিরাপত্তা ত্রুটির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে পপ-অ্যাপ মেসেজের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

প্রতিষ্ঠানটির চিফ প্রাইভেসি অফিসার এরিন এগান এক ব্লগ পোস্টে জানান, সাধারণত ফেসবুক ব্লকড লিস্টে থাকা ব্যক্তিরা তার বন্ধু তালিকার ব্যক্তিদের কনটেন্ট দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। তবে নিরাপত্তা ত্রুটির কারণে তারা বন্ধুদের পোস্ট করা ছবি বা ভিডিও দেখতে পেরেছিলেন। এ জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।সোস্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ফেসবুকের ব্যবহারকারী সবচেয়ে বেশি। বর্তমানে এর সক্রিয় ব্যবহারকারী ২৪০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্যে ক্ষুদ্র অংশ নতুন নিরাপত্তা ত্রুটির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর থেকেই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে আবার নতুন ত্রুটির তথ্য প্রকাশ পেয়েছে।

ফেসবুকের ভাষ্যমতে, এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যে ৮৩ শতাংশ ব্যবহারকারীর অ্যাকাউন্ট একজন করে ব্যক্তির আইডি আনব্লকড হয়েছে। অন্যদিকে বাকি ১৭ শতাংশ ব্যবহারকারীর অ্যাকাউন্ট একাধিক আইডি আনব্লকড হয়েছে। তবে ফেসবুক ব্যবহারকারী তার বন্ধু তালিকা থেকে যাকে বাদ দিয়েছেন, তাকে আবার ফিরিয়ে আনেনি।
ব্লকড করা ব্যক্তিকে আনব্লকড করা হলে আনব্লকড ব্যক্তি আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আনব্লকড ব্যক্তি মেসেঞ্জোরের মাধ্যমে মেসেজও পাঠাতে পারেন।

এরিন এগান বলেন, নিরাপত্তা ত্রুটি শনাক্তের পরে তা সারিয়ে ফেলা হয়েছে। আনব্লকড ব্যক্তিদের আবার ব্লকড করা হয়েছে।
নিরাপত্তা ত্রুটির বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় কোনো নির্দিষ্ট অঞ্চলের ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হননি। সারা বিশ্বের ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গ্রাহক তথ্যের অপব্যবহার ও ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এ নিয়ে বিভিন্ন দেশে সোস্যাল মিডিয়া জায়ান্টটির বিরুদ্ধে তদন্তও চলছে। এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।